সুনিদ্রার উপযোগী খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসেই পালন করা হয়েছে বিশ্ব নিদ্রা দিবস। সারা বিশ্বে কিশোর-কিশোরী থেকে শুরু করে বেশি বয়সী পর্যন্ত লাখো মানুষ প্রতিদিন অনিদ্রায় ভোগে। আর অনিয়মিত ঘুম স্বাস্থ্যের শত্রু—এ কথা কে না জানে। বিশ্ব নিদ্রা ফাউন্ডেশন তাই ভালো ঘুম নিশ্চিত করতে নানা পরামর্শ দিয়েছে। এসবের মধ্যে খাবার নিয়েও কিছু পরামর্শ রয়েছে।
খাবারের সঙ্গেও কি ঘুমের সম্পর্ক আছে? নিশ্চয়ই। প্রথম কথা হলো, একেবারে ভরপেট খেয়ে কখনোই ঘুমাতে যাওয়া চলবে না। নৈশভোজের জন্য সন্ধ্যাটা বেছে নিন, রাত নয়টার পর তো নয়ই। দ্বিতীয়ত সন্ধ্যার পর ক্যাফেইন ও অ্যালকোহলজাতীয় পানীয় বর্জন করতে হবে। ক্যাফেইন (চা, কফি, চকলেট) মস্তিষ্ককে উদ্দীপিত করে, আর অ্যালকোহল ঘুমকে এলোমেলো করে দিতে পারে। ভালো ঘুমের সহায়ক কিছু খাবার আছে। যেমন: ট্রিফটোফ্যানযুক্ত খাবার ঘুম আনতে সাহায্য করে। দুধ, দুগ্ধজাত খাবার ও বাদামে এই উপাদান রয়েছে। ঘুমের আগে এক গ্লাস গরম দুধ চমৎকার সুফল দিতে পারে। এ ছাড়া রাতের খাবারে ঘুমের জন্য মাংসের চেয়ে মাছ ভালো। এ ছাড়া ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার ঘুমে প্রশান্তি এনে দিতে পারে। সূত্র: অস্ট্রেলিয়ান স্লিপ অ্যাসোসিয়েশন।