সুনীলের সঙ্গে জমাট আড্ডা
প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ছবির দেশে কবিতার দেশে—এসব বই সম্পর্কে বাংলাভাষী পাঠককে নতুন করে কিছু বলা নিরর্থক। এসবের রচয়িতা ‘কেউ কথা রাখেনি’র কবি সুনীল গঙ্গোপাধ্যায় এ দেশের পাঠকের কাছে জীবন্ত কিংবদন্তি। ২৪ মার্চ কবিকে কাছ থেকে দেখা ও তাঁর কথা শোনার সুযোগ পেল চট্টগ্রামবাসী। চট্টগ্রাম একাডেমির স্বাধীনতা উৎসব ও বইমেলায় সম্মাননা উপলক্ষে তাঁর চট্টগ্রামে আসা। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রেসক্লাবে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সুনীল। সুনীল মানেই যেন জমাট একটা ব্যাপার। আড্ডায় যোগ দেওয়া সাংবাদিকেরাও তাই গোমড়ামুখো হয়ে থাকেননি। আলোচনায় এসেছে হালকা থেকে জটিল বিষয়ও। ছিল ভারত-বাংলাদেশ সম্পর্ক, ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ, বানানরীতি, বাংলা সাহিত্যের অনুবাদ, কবিতা ইত্যাদি প্রসঙ্গ। সন্ধ্যা সাতটা নাগাদ প্রেসক্লাবে সাংবাদিকদের ছোটখাটো ভিড় জমে ওঠে। সুনীল আসছেন, তাই সবার উৎকণ্ঠিত দৃষ্টি মিলনায়তনের প্রবেশপথের দিকে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। এক দঙ্গল ভিড়ের মধ্যমণি হয়ে এসে পৌঁছালেন তিনি। মুহুর্মুহু ক্যামেরার আলো জ্বলছিল। ভিড় ঠেলে সুনীল এসে বসলেন সাংবাদিকদের মধ্যে। মুহূর্তেই যেন রচিত হলো আন্তরিক বৈঠকি পরিবেশ। প্রথম মনে হচ্ছিল সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। কিন্তু সেই আনুষ্ঠানিকতার খোলসটা সুনীলই ভেঙে দিলেন। যেন এখনো প্রাণবন্ত উচ্ছল এক তরুণই রয়ে গেছেন তিনি। এর আগে ডিসি হিলে বইমেলায় সম্মাননার জবাবে তিনি বলেছেন, ‘সীমানাপ্রাচীর উপেক্ষা করে আমরা দুদেশের মানুষ যদি একসঙ্গে কাজ করতে পারি তবে আমাদের রুখবে কে?’ তাঁর এ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সুনীল বললেন, রাজনৈতিকভাবে সীমানাপ্রাচীরের কথা তিনি বলেননি। বলেছেন সাংস্কৃতিক সীমানা তুলে দেওয়ার কথা। তাঁর অভিমত, দুদেশের মানুষের অবাধ যাতায়াতের অধিকার থাকা এবং ভিসাপদ্ধতি তুলে দেওয়া উচিত। দুদেশের সরকারের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে এসব বিধিনিষেধ থাকবে না বলে তিনি মনে করেন। সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, ‘চট্টগ্রামে এলে সময়টা বেশ ভালো কাটে। এখনকার প্রকৃতি ও মানুষ দুই-ই উদার। মানুষগুলো অতিথিপরায়ণ, সরল।’ তিনি জানালেন চট্টগ্রাম-কক্সবাজারের পটভূমিতে তিনি তাঁর বিখ্যাত কাকা বাবু সিরিজের একটি বই লিখেছেন। নিজের জীবন প্রসঙ্গে তিনি জানান, তাঁর সাহিত্যিক জীবনের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা। আমেরিকার আইওয়াতে বৃত্তি নিয়ে গিয়েছিলেন ১৯৬৩ সালে। সেখানে পাঠাগারের চাকরি হয়েছিল। ছিল মেমবান্ধবী। কিন্তু সবকিছু পায়ে ঠেলে চলে এলেন দেশে। কেবল লেখালেখি করবেন—এ তাগিদ আবার তাঁকে অনিশ্চয়তার জীবনে টেনে আনল। সুনীলের প্রথম চুম্বনের অভিজ্ঞতা দেবী প্রতিমার সঙ্গে। সরস্বতীপূজা চলছিল তখন। নারীসঙ্গের অভিজ্ঞতাহীন তরুণ মুগ্ধ হয়ে পড়লেন দেবীর রূপ দেখে। উপস্থিত আড্ডারুদের অনুরোধে এ গল্প আবারও শোনালেন তিনি। বললেন লেখালেখির শুরুর কাহিনিও।বাঙ্গাল বাবারা ভীষণ কড়া হন। সুনীলের বাঙ্গাল বাবাও তার ব্যতিক্রম ছিলেন না। ম্যাট্রিকের ছুটিতে বন্ধুরা যখন সিগারেট ফুঁকছে, বাইরে আলু কাবলি খাচ্ছে তখন সুনীলের বাইরে যাওয়া নিষেধ। অবসরে টেনিসনের কবিতা অনুবাদ করতে হতো তাঁকে। বিরক্ত সুনীল তখন ফাঁকির আশ্রয় নেন। বাবা কবিতা মিলিয়ে দেখেন না বলে অনুবাদ না করেই দিব্যি সেখানে নিজের কবিতা বসিয়ে দিতে থাকলেন। বাবার কাছে ফাঁকিটা ধরা পড়ল না। তারপর এক মেয়ের প্রতি তখন তাঁর ভীষণ দুর্বলতা। মেয়েটি দেশ পত্রিকা পড়ত। খুব কবিতা ভালোবাসত। তাকে মুগ্ধ করার জন্য দেশ-এ কবিতা পাঠালেন। আশ্চর্য হয়ে লক্ষ করলেন সেই কবিতা ছাপা হয়েছে, কিন্তু মেয়েটি বিশ্বাস করল না তা। বলল, ‘দেখ তোমার সঙ্গে এ কবির নাম হুবহু মিলে গেছে।’ আড্ডায় একসময় উঠে আসে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে নিহত বাংলাদেশি তরুণী ফেলানির কথা। সুনীল বললেন, ‘এ ধরনের বিষয় আমাকে খুব পীড়া দেয়। এসব আইন করে বন্ধ করার প্রয়োজন। কিন্তু আইনপ্রণেতাদের মধ্যে কবে সেই শুভবুদ্ধির উদ্ভব হবে?’ বাংলা ভাষা এ দেশের মানুষের হাত ধরেই বিকশিত হবে—এমন আশা সুনীলের। বললেন, ‘এ দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছেন। এখানে ভিন্ন ভাষার দাপট নেই। তাই এ দেশেই বাংলার ভবিষ্যৎ।’ বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের মানদণ্ডে পিছিয়ে নেই বলে তিনি মনে করেন। বিক্রম শেঠ, অমিতাভ ঘোষ, অরবিন্দ আদিগা, আনিতা দেশাইয়ের মতো শক্তিমান লেখকের সংখ্যা দুদেশেই প্রচুর। কিন্তু অনুবাদ না হওয়ায় বৈশ্বিক পাঠকদের কাছে তা পৌঁছাচ্ছে না। তবে এ নিয়ে কোনো ক্ষোভও নেই তাঁর।