সুন্দর আগামীর জন্য মিডওয়াইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিচ্ছেন l ছবি: ইউএনএফপিএর সৌজন্যে
ঢাকা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিচ্ছেন l ছবি: ইউএনএফপিএর সৌজন্যে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট গ্রামের রহিমা খাতুনের প্রসববেদনা ওঠে গত ১০ মার্চ রাতে। কিন্তু রাত পেরিয়ে ভোর হয়ে যায়। সন্তান প্রসব আর হয় না। একপর্যায়ে পানি ভাঙতে শুরু করে রহিমার। তার পরও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নেয়নি বা প্রশিক্ষিত কোনো ধাত্রীকেও খবর দেয়নি। খবর দেওয়া হয় গ্রামের এক অপ্রশিক্ষিত ধাইকে। তিনি এসে কিছুই করতে পারেন না। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রহিমা। সেই সঙ্গে মারা যায় তাঁর গর্ভের সন্তানও। একজন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফের (ধাত্রী) অভাবে মারা যান রহিমা।
বাংলাদেশ সরকারের মাতৃস্বাস্থ্যসেবা ও মাতৃমৃত্যু-সংক্রান্ত এক জরিপের ফলাফলে বলা হয়েছে, বাংলাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মৃত্যুর ২০ শতাংশই ঘটে সন্তান জন্ম দিতে গিয়ে। তাঁদের মধ্যে অনেকেই নিজ বাড়িতে মারা যান। কেননা, সেখানে দক্ষ প্রসব সহায়তাকারী থাকেন না। ফলে জটিলতা নিরূপণ করে নারীদের হাসপাতালে পাঠানো সম্ভব হয় না। এ জন্য প্রতিটি শিশুর জন্মের সময় ভালো প্রসব সহায়তাকারী বা মিডওয়াইফ খুবই প্রয়োজন। শিশু ও মাতৃমৃত্যু রোধে এবং নারীদের স্বাস্থ্য উন্নয়নে মিডওয়াইফরা কার্যকর অবদান রাখতে পারেন।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩২ লাখ শিশু জন্মগ্রহণ করে। এ ছাড়া হিসাব করে বের করা হয়েছে যে কিশোরী অবস্থা থেকে নারীদের প্রজনন বয়ঃসীমার শেষ প্রান্ত পর্যন্ত সব নারীকে সেবা দেওয়ার জন্য বাংলাদেশে আনুমানিক ২০ হাজার দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফের প্রয়োজন।
বাংলাদেশ সরকারও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। মিডওয়াইফারি বা ধাত্রীসেবা প্রসারের মাধ্যমে মাতৃমৃত্যু কমিয়ে আনার নির্ধারিত সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনসহ তা বাস্তবায়নের জন্য সরকার ইতিমধ্যে ৩১টি সরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করেছে। ২০১৩ সালের জানুয়ারি থেকে প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। এই শিক্ষা কর্মসূচির ৪০ শতাংশ তাত্ত্বিক এবং ৬০ শতাংশ ক্লিনিক্যাল প্রশিক্ষণ। প্রশিক্ষণটিকে একটি নার্সিং টার্ম এবং পাঁচটি মিডওয়াইফারি টার্মে বিভক্ত করা হয়েছে। প্রথম ব্যাচের ৫২৫ জন শিক্ষার্থী চলতি বছরের ডিসেম্বর মাসে পাস করে বের হবেন।

মুন্সিগঞ্জের নার্সিং ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন মৌসিনি আক্তার (১৮)। তিনি বলেন, ‘আমি মিডওয়াইফারি বিশেষজ্ঞ হতে চাই। আমার বয়স যখন ১৪ বছর, আমি তখন থেকেই একজন মানবাধিকারকর্মী হতে চেয়েছি। এ ক্ষেত্রে মাদার তেরেসা আমার আদর্শ।’
ঢাকা নার্সিং কলেজে মিডওয়াইফারি কোর্স করছেন নড়াইলের নুরজাহান (১৯)। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমি সব সময় চিন্তা করতাম কীভাবে অন্যদের সাহায্য করব। আমার শিক্ষক ও আমার চাচা আমাকে এই কোর্সে আবেদন করার জন্য উৎসাহ দিয়েছিলেন। সাধারণ ধারণা হলো, মিডওয়াইফ মানে সেসব স্বল্পশিক্ষিত নারী, যাঁরা বাচ্চা প্রসব করান। কিন্তু এখানে পড়তে এসে বুঝলাম, মিডওয়াইফদের দায়িত্ব অনেক বড় ও বিস্তৃত।’
সরকার নার্সিং পেশার পাশাপাশি মিডওয়াইফারি পেশাকেও স্বীকৃতি দিয়েছে। গত বছরের ২৫ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।
এর আগে ২০১০ সালের ১৮ আগস্ট ছয়জন পেশাদার মিডওয়াইফারি শিক্ষিকা বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) প্রতিষ্ঠা করেন। সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য নিয়ে নতুন একটি কার্যনির্বাহী দল দেশের ভবিষ্যৎ মিডওয়াইফদের নেতৃত্বের জন্য এগিয়ে আসেন।
বিএমএসের সম্পাদক জেসমিন আখতার বলেন, ‘সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মিডওয়াইফদের ওপর নির্ভর করছে। মাতৃমৃত্যু রোধে পেশাদার মিডওয়াইফারি সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। সে জন্য মিডওয়াইফদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা দান করা হচ্ছে।