সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদককে না বলতে হবে
যে ছাত্র মাদককে না বলতে পারবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদককে না বলতে হবে। ১৫ জুন রাঙামাটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) ছাত্রছাত্রীদের মাদকবিরোধী সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন। ২৩ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে রাঙামাটি জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মো. সানাউদ্দিন শেখ।
প্রশিক্ষণকেন্দ্রের মিলনায়তনে আয়োজিত সভায় রাঙামাটির নির্বাহী হাকিম মো. আখতারুজ্জামান বলেন, ‘মাদক আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ছাত্রছাত্রীরা সমাজ ও দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে সমাজ দ্রুত এগিয়ে যাবে।’ কোনো বন্ধু মাদক সেবনে উৎসাহ দিলে তাতে না জড়িয়ে সেই পথ থেকে বন্ধুকে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শোয়েব আহম্মদ চৌধুরী বলেন, ‘একটু স্বাদ দেখার মাধ্যমে মাদক সেবন শুরু হয়। আর সেই স্বাদ গ্রহণ একজন প্রতিভাবান মানুষের মৃত্যুর কারণ হতে পারে।’
সভায় তিন শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে মাদকবিরোধী একটি টেলফিল্ম² দেখানো হয়।—নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি