সুন্দরবন টু ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনের মধ্যে ঘুরতে ঘুরতে মাথা ঘুরতে শুরু করেছিল ওদের। এটা কোনো জীবন হলো? কোনো চার্ম নেই, টেনশন নেই, সাসপেন্স তো দূরের কথা। সকালবেলা ঘুম থেকে ওঠো, মায়ের এনে দেওয়া কিছু খাবার খাও আর ঘুমাও, নয়তো আন্টিদের সঙ্গে ঘুরতে যাও। তবে চাচা, মামা বা বাবাদের থেকে সাবধান। নাহ, এভাবে আর টেকা যায় না। বিকল্প কিছু ভাবতেই হবে। সেদিন মস্ত বড় একটা সুন্দরীগাছের নিচে বসে যখন ওরা তিন ভাইবোন এই কথাগুলো নিজেদের মধ্যে বলাবলি করছিল ঠিক তখনই যেন ওরা চাঁদ হাতে পেয়ে গেল। আরে ঢাকায় যাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে? ভাড়া লাগবে না, হাঁটতে হবে না, মোট কথা কোনো কষ্টই করতে হবে না। তবে শর্ত একটা, কোনো কথা বলা যাবে না, হালুম-হুলুম তো নয়ই। বনের একঘেয়ে জীবন থেকে মুক্তির জন্য যদি সামান্য কয়েকটা দিন চুপ করে থাকতেও হয়, সে মন্দ কী। এসব ভেবেই ওরা তিন ভাইবোন একটা বস্তার ভেতর ঢুকে পড়েছিল। বনের বাইরে রাস্তায় রাস্তায় নাকি হায়েনা থাকে, তাই ওদের বস্তায় ভরে নেওয়া হচ্ছে, কেবল নিরাপত্তার কথা ভেবে, মানুষগুলো বলেছিল খুব নরম সুরে। যখন ওদের বাসে তোলা হবে বলাবলি হচ্ছিল তখন ছোট বোনটা বলল, ‘আচ্ছা, বাস কী জিনিস, দেখতে কেমন?’ বড় ভাইবোনেরাও তো জানে না, ফলে বলল, ‘চড়ে না বসলে বুঝতে পারছি না। তবে যেহেতু রাজধানীতে যাচ্ছি, নিশ্চয়ই ভালো কিছুতেই আমাদের চড়ানো হবে।’ এসব আলোচনার ফাঁকেই ওরা বুঝতে পারল, কোনো সিটে নয়, ওদের তোলা হয়েছে বাসের ছাদে। ছাদে উঠে দুলতে দুলতে ওরা হাঁপিয়ে উঠল। একবার ডানে তো একবার বাঁয়ে আর একবার দাও শূন্যে লাফ—এভাবে আর কতক্ষণ সহ্য করা যায়। পরে বুঝতে পেরেছিল, আসলে এই দুলুনির জন্য বাসের ছাদ নয়, দায়ী হচ্ছে রাস্তা। ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়িটি চলছে বলেই বিনা অর্থ ব্যয়েই তারা নিচ্ছে রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা। আরও পরে ওরা বুঝতে পারল, একই স্থানে ঠায় দাঁড়িয়ে আছে বাসটা। যেহেতু তারা বস্তার ভেতর বন্দী তাই বাইরের কিছুই দেখতেও পারছিল না। তবে নিজেরা আলোচনা করে বুঝে নিয়েছিল, তারা এখন দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় বসে আছে। একে তো বস্তার ভেতরে থাকা, তার ওপর রাস্তার দুলুনির পর এই ঘাটে বসে থাকাটা ওদের কাছে অনেক বিরক্তিকর মনে হচ্ছিল। তবে ওরা এসব কষ্ট সহ্য করেছে কেবল রাজধানীতে যাওয়ার লোভেই। বনের ভেতর বাস করে করে দারুণ ক্লান্ত ওরা। যদিও ওদের বয়স খুবই কম কিন্তু বড়দের ক্লান্তি আর অসহায়বোধ দেখেই ওরা হতাশ হয়ে পড়েছিল। হতাশার আরও একটা কারণ ছিল, আর তা হলো বনে যে থাকবে তার কি আর জো আছে, বনই তো নাই হয়ে যাচ্ছে। রোজ গাছ কাটা হচ্ছে, আর শিকারিদের উৎপাত তো আছেই! এই বুঝি গুলিতে নয়তো ফাঁদে পড়ে মারা যাবে ওরা, এমন টেনশন নিয়ে বাঁচার চেয়ে ঢাকায় গিয়ে সার্কাস দেখানোও ভালো বলে বিশ্বাস করতে শুরু করেছিল এই তিন ভাইবোন। আর তাই তো বস্তায় ঢুকে পড়েছিল সরল বিশ্বাসে। ওরা জানত যারা গাছ কাটে কিংবা বন্দুক তাক করে থাকে তারা নাকি হায়েনার মতো প্রাণী। আর তাই মানুষগুলো যখন বলল, বনে থেকে কী করবে শহরে চলো, অনেক কিছু দেখার আছে, আমরা তোমাদের সঙ্গে খেলা করব, মিষ্টি খাওয়াব, মুরগি খাওয়াব, তখন কি আর ওই পিচ্চি তিনটা লোভ সামলাতে পারে?বাচ্চাগুলো এ সময় ভাবছিল তাদের মায়ের কথা। মা বলেছিল, ‘আর কটা দিন পরেই তোমাদের সাঁতার শেখানো হবে।’ যাক, বাঁচা গেল, আর নাক ডুবিয়ে সাঁতার শিখতে হবে না। একবার তো তাদের এক বোন সাঁতার শিখতে গিয়ে যেই পানিতে নেমেছে আর স্রোত দিয়েছে ধাক্কা, ঠিক তখনি বন্দুক হাতে এক হায়েনা তার বাবাকে গুলি করে দিল। তারপর বাবাটা আর বাঁচতেই পারল না। বোনটাকেও ওরা লাঠি দিয়ে পিটিয়ে মেরেছে বলে শুনেছে। ওরা বিশ্বাস করে সেদিন যদি সেখানে কয়েকজন মানুষ থাকত তাহলে আর রক্তারক্তি হতো না। এসব ভাবতে ভাবতেই ওরা নদী পার হয়ে বাসের ছাদে ছুটতে শুরু করল। আর প্রায় ঘণ্টা খানেক পরই নাকি ঢাকা শহর দেখা যাবে। আহা ঢাকা কত সুন্দর শহর, মানুষগুলো তো তা-ই বলেছে।ওরা যখন আমিনবাজার নাকি গাবতলীতে পৌঁছেছে তখনই বুঝতে পারল বনের অন্ধকার ওদের কত কিছু থেকে বঞ্চিত করে রেখেছিল। দেখতে পেল হাজার হাজার গাড়ি আর লাখ লাখ মানুষ ছুটে চলছে। গাড়িগুলোর মতো মানুষেরাও দারুণ ভালো, এই যে এত ভিড় কিন্তু কারও গায়ে গা লাগছে না। সবাই কী সুন্দর সুশৃঙ্খলভাবেই চলছে। রাস্তার সিগন্যাল মেনেই চলছে সবাই। শিশু-বুড়োদের দেখলেই গাড়িগুলো থামছে আর ট্রাফিক নিজে হাতে ধরে তাদের পার করে দিচ্ছে রাস্তা। এসব দেখে ওদের শিশুমন খুশিতে নেচে উঠল। আহা রে, ওদের বনেও যদি সরকার, বিরোধী দল আর পুলিশ থাকত তাহলে ওদের বনও এমন সুশৃঙ্খল হতো, বড় বাঘ ছোট বাঘদের ধরে ধরে খেত না। ওদের নাকি শ্যামলীর একটা বাসায় রাখা হবে আজ। তারপর কাল বা পরশু বেড়াতে নিয়ে যাওয়া হবে, বলছিল মানুষগুলো। দুই দিন জার্নির পর বিশ্রাম নিয়ে বেড়াতে যাওয়াই ভালো। মানুষগুলো আসলেই খুব ভালো। শ্যামলীর বাসায় আসার পর ওদের বস্তা থেকে বের করে একটা খাঁচার মতো জায়গায় রাখা হয়। মানুষগুলো বলছিল, ঘরের মধ্যে ছেড়ে দিলে নাকি বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট হতে পারে, তাই খাঁচায় থাকাই ভালো। খাঁচার শিক ভেদ করে বিষাক্ত বাতাস আসতেই পারবে না, যাক বাঁচা গেল। ইস, মাকে যদি নিয়ে আসা যেত, কী যে মজা হতো! মায়ের জন্য ওদের মন কাঁদতে শুরু করল।কয়েকদিন পর সকালে ওরা দেখতে পেল, কালো পোশাক পরা কিছু মানুষ এসেছে। তাদের সঙ্গে কিছু ক্যামেরাওয়ালা মানুষজন। ওদের ছবি তোলা হচ্ছে। জীবনে প্রথম ছবি তুলতে পেরে কী যে ভালো লাগছিল ওদের! তিন ভাইবোন একবার জড়াজড়ি করেও ছবি তুলতে ভুল করল না। এ সময় সাংবাদিকেরা কালো পোশাক পরা মানুষদের কাছে জানতে চাইল, ‘এই পশুগুলোকে কোথা থেকে, কেন আনা হয়েছে?’ প্রশ্নের ছিরি দেখেছ? আমরা কি আকাশ থেকে নেমে আসা কোনো কিছু নাকি! আমাদের আনা হয়েছে বন থেকে, আমরা যেখানে থাকতাম! নাহ সাংবাদিক ভাইদের বুদ্ধি নেই। কালো পোশাক পরা মানুষগুলো বলল, ‘এই বাঘের বাচ্চাগুলো পাচারের উদ্দেশ্যে সুন্দরবন থেকে ধরে আনা হয়েছে।’ এবার কিন্তু ওদের মধ্যে বড় বাচ্চাটা বুঝতে পারল, যারা ওদের ধরে এনেছে তারা আসলে মানুষ নয়, বনের হায়েনাই মানুষ সেজে ধোঁকা দিয়েছে। তিন ভাইবোন এবার শুরু করল কান্না। কালো পোশাক পরা মানুষগুলো বলল, ‘আমরা ওদের আবার বনেই ফিরিয়ে দেব, আর যারা ধরে এনেছে তাদের পাঠাব কারাগারে।’ কথাগুলো শুনে ওরা ভাবল, তাহলে এই মানুষগুলো কেন বনে গিয়ে যারা গাছ কাটে আর বন্দুক দিয়ে গুলি করে সেসব হায়েনাকে কারাগারে পাঠায় না?দুদিন পর তারা আবার ফিরে যায় বনে। মায়ের কাছে। মা ওদের বলে, ‘হায়েনারা যখন-তখন মানুষের রূপ ধরতে পারে, সাবধান, আর দুষ্টুমি কোরো না, বনই আমাদের আপন নিবাস।’ এরপর তারা লক্ষ্মী ছানা-পোনা হয়েই থাকল। আর ওদের চোখে ভাসতে থাকল ঢাকায় দেখে যাওয়া সিএনজি অটোরিকশাগুলোর কথা। যার মধ্যে মানুষের ভয়েই মানুষ বন্দী হয়ে চলাচল করে। যে শহরে মানুষ নিজেদেরই এত ভয় পায়, সেখানে না থাকাই ভালো।