সুন্দরবনে স্মার্ট টহলদারদের সঙ্গে একদিন
>

সূর্যটা পশ্চিমে হেলে পড়েছে বেশ কিছুক্ষণ আগে। নদীতে শুরু হয়েছে ভাটার টান। এমন সময় ট্রলারের ওপর দাঁড়িয়ে দলের অন্য সদস্যদের গন্তব্য ও করণীয় সম্পর্কে সংক্ষেপে ধারণা দেন দলনেতা মো. মাসুদ রানা। তিনি সুন্দরবন পশ্চিম বন বিভাগের কালাবগী স্টেশন কর্মকর্তা।
স্মার্ট দলের সাত দিনের যাত্রা
সন্ধ্যা নামার মুহূর্তে ভট ভট শব্দে সচল হলো ট্রলারের ইঞ্জিন। দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে থাকা সুন্দরবনের খুলনা রেঞ্জ কার্যালয় থেকেই সাত দিনের জন্য যাত্রা শুরু হলো স্মার্ট (স্পেশাল মনিটরিং অ্যান্ড রিপোর্টিং টুলস) প্যাট্রল দলের। সঙ্গে ফাইবার বডির দুটি ট্রলার ও একটি স্পিডবোট। দুটি ট্রলারের জন্য আলাদা জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সমৃদ্ধ দুটি স্মার্টযন্ত্র। ট্রলার ছাড়ার আগে স্মার্টযন্ত্র দুটি সচল করা হয়। নদীতে জোয়ার না ভাটা, সেটিও টুকে রাখা হয় যন্ত্রে। স্মার্টযন্ত্র দুটি একবার সচল করার পর পরবর্তী সাত দিনের যাবতীয় কার্যক্রম এবং বনের মধ্যে যা দেখা যাবে, তা স্থান উল্লেখ করে অন্তর্ভুক্ত করা হবে।
এবার স্মার্ট প্যাট্রলিং দলে আছেন মোট একজন দলনেতাসহ সাতজন। সবার পরনে বন বিভাগের নিজস্ব খাকি পোশাক। এ ছাড়া আছেন দুজন ট্রলারচালক ও একজন রাঁধুনি। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সহায়তায় এক দিনের জন্য ওই দলের সঙ্গে আমাদের যাওয়ার সুযোগ হয়।
একসঙ্গে যাত্রা শুরু হলেও দুটি ট্রলারের একটি চলে যায় কয়রা উপজেলার দিকে। সেখানে থাকা কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের পুকুর থেকে সাত দিনের জন্য রান্নার পানি আর খাওয়ার জন্য টিউবওয়েল থেকে ড্রামে করে পানি ভরে নিয়ে আসবে ট্রলারটি। নেটওয়ার্কবিহীন সুন্দরবনে কোথায় দুই ট্রলার আবার এক জায়গায় মিলিত হবে, সেটা জানিয়ে দেওয়া হয় ওই ট্রলারে থাকা সহকারী দলনেতা জিয়াউর রহমানকে।
আমাদের ট্রলারটি শিবসা নদী ধরে সোজা দক্ষিণে গহিন সুন্দরবনের দিকে চলতে থাকে। সাত দিন ধরে সুন্দরবনের খুলনা রেঞ্জ এলাকায় অতন্দ্রপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে দলটি। মোবাইলের নেটওয়ার্ক ও জনমানববিহীন সুন্দরবনে অসুখ, হাসি-কান্না ভাগ করে নিতে হবে বন আর পানির সঙ্গে। খুব বেশি প্রয়োজন না হলে কোনো ফরেস্ট স্টেশন বা লোকালয়ে উঠতে পারবে না
দলটি।
কেন এই বিশেষ টহল
বন বিভাগের জনবল আর নানা সংকটের বেড়াজালে সুন্দরবনে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে ওই বিশেষ টহল ব্যবস্থা চালু করেছে বন বিভাগ। অপরাধ দমনের পাশাপাশি বন বিভাগের অনুমতি নিয়ে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা ও বনসম্পদ রক্ষায় কাজ করে দলটি। ২০১৮ সাল থেকে সুন্দরবনে স্মার্ট প্যাট্রলিং চালু হয়। বন বিভাগের তথ্যানুযায়ী শুধু ২০১৯ সালেই ১০৪টি স্মার্ট প্যাট্রল হয়েছে। ওই প্যাট্রলিংয়ে ২৩ প্রজাতির ১৫ হাজার ৯২৮টি বন্য প্রাণী দেখা গেছে। বিভিন্ন অপরাধে ৪৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৩১১টি নৌকা ও ট্রলার, ৩৭২টি মাছ ও কাঁকড়া ধরার জাল, ১২১টি কাটিং টুলস জব্দ করা হয়েছে।
ট্রলার যাত্রা শুরু করার ২৫ মিনিটের মধ্যেই লোকালয় পেরিয়ে সুন্দরবনের দেখা মেলে। ট্রলারের ওপর দাঁড়িয়েই সার্বক্ষণিক দূরবীন নিয়ে দূরদূরান্তে কিছু দেখার চেষ্টা করছেন দলের এক সদস্য। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম আকাশে ডুবে যায় সূর্য, অন্যদিকে রুপালি আভা ফেলে মেঘহীন পূর্ব আকাশে উঠতে শুরু করে ভরা পূর্ণিমার চাঁদ। সুন্দরবন, নদী আর রুপালি চাঁদের আলো চারদিকে এক অপরূপ অবয়ব তৈরি করে, মনও মেতে উঠতে চায় সেই রূপের খেলায়। ট্রলারের ডেকের ওপর একটি চেয়ারে বসে ওই দৃশ্য দেখতে দেখতেই বেশ খানিকটা দূরে নদীর মধ্যে দেখা মেলে কৃত্রিম আলোর ছটা। সঙ্গে সঙ্গেই সারেংকে (ট্রলারচালক) নির্দেশ দেওয়া হয় ওই আলোর কাছে যেতে। প্রায় ১০ মিনিট ট্রলার চলার পর ওই আলোর উৎস ধরে গিয়ে দেখা যায়, সেটি একটি ছোট কাঁকড়া ধরা নৌকা। নৌকায় মাত্র দুজন রয়েছেন।
দলনেতা তাঁদের বন বিভাগের অনুমতিপত্র আছে কি না জানতে চাইলে রেজাউল নামের একজন নৌকার এক কোনায় পলিথিনের মধ্যে সংরক্ষণ করে রাখা অনুমতিপত্র নিয়ে আসেন। অনুমতিপত্রের সঙ্গে কাজের মিল থাকায় কোথায় কোথায় যাওয়া যাবে না (সংরক্ষিত এলাকা), সেটি জানিয়ে দেন দলনেতা মাসুদ রানা। পরে অনুমতিপত্রসহ রেজাউল ইসলামের ছবি তুলে স্মার্ট ডিভাইসে তা সংরক্ষণ করে রাখা হয়। কোথায় ওই নৌকার সঙ্গে দেখা হলো, সেটিও অন্তর্ভুক্ত করা হয় তাতে। আর এসব কাজ করেন ওই দলের স্মার্ট ডেটা সংগ্রহকারী কর্মকর্তা আব্দুর নূর।
ট্রলারের ডেকে বসে রাতের সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতেই কথা হয় মাসুদ রানা ও নওশাদের সঙ্গে। তাঁদের কাছ থেকেই জানা যায়, প্রতি মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময় (গোন) আগে-পরে সাত দিন করে বিশেষ টহল দেয় বন বিভাগ। ওই সময় বনে অপরাধপ্রবণতা বেশি থাকে, তাই ওই বিশেষ টহলের ব্যবস্থা। আধুনিক ডিভাইস ও টহল দেওয়ার সময় যা কিছু দেখা যাবে, তা ডিভাইসে অন্তর্ভুক্ত করার জন্যই নাম হয়েছে স্মার্ট প্যাট্রলিং। যতক্ষণ টহল চলবে ততক্ষণ দলের সবাইকে পোশাক পরে থাকতে হবে। পূর্ব ও পশ্চিম সুন্দরবন মিলে চারটি রেঞ্জ কার্যালয় রয়েছে। প্রতি মাসে ওই কার্যালয়গুলো থেকেও একইভাবে দুবার ওই বিশেষ টহল দেওয়া হয়।
আরও জানানো হয়, সাত দিন টহল দেওয়ার সময় ওই রেঞ্জের অন্তত ৭৫ শতাংশ এলাকা ঘুরতে হবে। এর মধ্যে অন্তত ৫ শতাংশ টহল দিতে হবে পায়ে হেঁটে। আর টহল দেওয়ার পুরো প্রক্রিয়াটাই সংরক্ষিত থাকবে স্মার্ট ডিভাইসে। সুন্দরবনের মধ্যে অনেক ছোট ছোট খাল আছে। ওই সব খালে ট্রলার প্রবেশ করতে পারে না, কিন্তু জেলেরা ছোট নৌকা নিয়ে অনায়াসে সেখানে যেতে পারে, এ কারণে ব্যবহার করা হয় স্পিডবোট। ওই টহলে বাদ পড়া বাকি ২৫ শতাংশ এলাকা পরবর্তী টহলের আওতায় আনা হবে।
সতর্ক সর্বদা
প্রতিদিন ৭-৮ ঘণ্টা করে নিরবচ্ছিন্নভাবে টহল করার কথা থাকলেও কার্যত প্রায় ২৪ ঘণ্টাই সতর্ক থাকতে হয় দলকে। টহলকালীন সব কর্মকাণ্ড রেকর্ড করতে হয় ডিভাইসে। অপরাধের প্রমাণ, আলামত সংগ্রহ, সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি ও মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিদিন টহল শেষে টহলের জিপিএস ডিভাইস হতে ডেটা ল্যাপটপে আপলোড করে ডেটা ম্যানেজারের মাধ্যমে তথ্যগুলো সমন্বয়কারীর কাছে পাঠানো হয়।
কথার ফাঁকে শক্তিশালী টর্চের আলোতে দেখা যায় নদীর থেকে বনের গভীরে চলে যাওয়া সরু নালা আকৃতির একটি খালের মুখে জেলে নৌকা। দলের সদস্য জসিম উদ্দিন হাতমাইকে নৌকাটিকে কাছে আসার নির্দেশ দেন। জেলেদের মাছ ধরার অনুমতিপত্র যাচাই করে সঠিক পাওয়ায় তাঁদের ধন্যবাদ জানানো হয়। এভাবেই সারা রাত ধরে স্পিডবোট আর ট্রলারে করে অন্তত ১০টি জেলে নৌকা যাচাই করা হয়। সংরক্ষিত বন ও খালের মধ্যে কোনো নৌকা আছে কি না, তা–ও ঘুরে দেখা হয়। রাত তিনটার দিকে লোকালয় থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরে বিশাল বড় মরজ্জাত নদের মোহনায় নোঙর ফেলে দলটি। এরপর স্পিডবোট নিয়ে সংরক্ষিত ভোমরখালী খালে টহল দেওয়া হয়। ওই টহল দল যখন ট্রলারের কাছে ফিরে আসে, ততক্ষণে পূর্ব দিগন্ত লাল করে সূর্য উঁকি দিতে শুরু করেছে। এরপর কয়েক ঘণ্টা পালাক্রমে ঘুমিয়ে নেন তাঁরা।
পুরো দিনটিতেও একইভাবে চলে টহল। আর কোথায় কী দেখা গেল, তা অন্তর্ভুক্ত হতে থাকে ডিভাইসে। সন্ধ্যার পর বিশেষ নৌযানে বিদায় নেওয়ার সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এক দিনেই যেন সবাই কেমন আপন হয়ে উঠেছেন। আবার দেখা হবে—এমন প্রত্যাশা জানিয়ে উত্তরে লোকালয়ের দিকে চলতে থাকে আমাদের ট্রলার।