সুন্দরবনের গহিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা ঘুরে এল সুন্দরবন। সেই ভ্রমণের সবটুকু সময়জুড়ে ছিল নদী আর সাগরের উত্তাল জল, ঢেউয়ের কোলাহল। ছিল গহিন সবুজ অরণ্য, ছিল হীরক-হিরণ্যের চেয়েও উজ্জ্বল তুলনাহীন তারুণ্য। তাদের ভ্রমণ নিয়ে এ আয়োজন।২১ ডিসেম্বর, ২০১০। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে কয়েকটি লঞ্চ। এ রকম একটি লঞ্চ জাহিদ-৩। গন্তব্য তার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য ও বার্ডস আইল্যান্ড। এর সঙ্গে মহানন্দে ভেসে সুন্দরবনে যাচ্ছে ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণীর তিন শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মচারী—সব মিলিয়ে চার শতাধিক যাত্রী। লম্বা লাইন ধরে শৃঙ্খলার সঙ্গে শিক্ষার্থীরা একে একে লঞ্চে উঠল। শঙ্কা ও শুভকামনাজাহিদ-৩ যাত্রা শুরু করল। ভয় আর শঙ্কা মেশানো আশীর্বাদ জানিয়ে অভিভাবকেরা হাত নেড়ে বিদায় জানাচ্ছিলেন সন্তানদের। আর শিক্ষার্থীদের চোখ বলছিল, ‘হো-হো। কী মজা, আজ আমরা মুক্ত।’তিনতলা জাহিদ-৩-এর সবচেয়ে জমজমাট আসর বসেছে তিনতলার ছাদে। বিকেলের মিষ্টি রোদের সঙ্গে মিতালি করে আনন্দে মেতে উঠেছে তরুণেরা। স্যার-ম্যাডামদের সঙ্গে গানের আসর বেশ জমিয়েছে রিয়া, শারমিন, হুমায়রা ও আরজিরা। বিশ্বাসই করা যায় না, ইমপিরিয়াল কলেজের সুন্দরবন ভ্রমণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একতিলও দূরত্ব ছিল না। সুন্দরবন ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান সাগর ভট্টাচার্যের ভাষায়, ‘ভ্রমণে আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই বন্ধু।’লঞ্চের ছাদে জুনায়েদ ও আকাশ ঘুড়ি ওড়াচ্ছে। আপনমনে মহাকাশের নক্ষত্র বই পড়ছিল ওমর ফারুক। গিটার বাজাচ্ছে দেওয়ান সামী। দাবা খেলছে আরিক ও হুরাইরা। নদীপাড়ের অপরূপ দৃশ্য দূরবীন দিয়ে কাছে টেনে দেখছে জামাল। তরুণদের সঙ্গে পুরো বিকেলটা কাটিয়ে সূর্যের আলো ধীরে ধীরে গোধূলির গায়ে গেল মিশে। রাতের খাবারের পর সবাই মিলে থ্রি ইডিয়টস দেখল। তৌকীর, পমি, রিফাত, জ্যোতি—সব তরুণ গেয়ে উঠল ‘অল ইজ ওয়েল...’। সবকিছু ঠিকঠাকভাবে চলছে কি না, সে বিষয়ে নজর রাখছেন ট্যুর ক্লাবের সভাপতি আরিফ স্যার। লঞ্চে খাবারের মান খুব ভালো। ‘এক কথায় জোস।’ বলল বিপ্লব। তবু ‘শরীর খারাপ হলে চিন্তা নেই। আমি আছি না?’ বললেন ডাক্তার মাহবুব। ইনি ইমপিরিয়াল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। প্রাক্তন শিক্ষার্থীর দলে আরও ছিলেন চঞ্চলপ্রাণ রাশিন।শরণখোলায় সুখের দোলা২২ ডিসেম্বর। ঘুম থেকে উঠেই কুয়াশার সঙ্গে দেখা। কুয়াশা কাটিয়ে সূর্যের আলো ঠিকরে পড়ছে সাগরের জলে। ১০টায় শরণখোলায় নোঙর ফেলল লঞ্চ। পশুর, গেওয়া ও গরানগাছ আর প্রজাপতির সঙ্গে তরুণেরা পুরো দুপুরটা কাটাল সেখানেই। এক ফুল থেকে আরেক ফুলে প্রজাপতির পরাগায়ণ পর্যবেক্ষণ করছিল সাদিয়া। সে বলল, ‘চাই না হতে কোটিপতি, না হোক পতি রাজকুমার, চাই শুধু প্রজাপতি হতে। প্রজাপতি হয়ে জনে জনে সুমধুর সুরে স্বপ্নের জাল বুনব।’শিক্ষার্থীদের একটা দল এই ভ্রমণের ফাঁকে ব্যস্ত ছিল টেলিফিল্ম বানাতে। টেলিফিল্মের নাম জল ও অরণ্যের গল্প। এই টেলিফিল্মের বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নরেন বিশ্বাস ও খায়রুল আলম সবুজ। সবাইকে নিয়ে জাহিদ-৩ আবার যাত্রা শুরু করল কচিখালীর দিকে।কচিখালীতে কাটল রাতকচিখুালী অভয়ারণ্যে পৌঁছানোর অনেক আগেই কখন যে বিকেলটা বিদায় নিয়েছে, টের পায়নি কেউই। কারণ এতক্ষণ সবাই নাচ আর গানে মত্ত ছিল। লঞ্চ যখন কচিখালীর সাগরে নোঙর করা হলো, ততক্ষণে গভীর রাত নেমেছে চারপাশজুড়ে। কিন্তু তাই বলে হরিণ আর বাঘ দেখার আগ্রহটা দমল না কারোরই। সবাই ট্রলারে করে বেরিয়ে পড়ল দলে দলে। সবশেষ দলে ছিলেন ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক ও অন্য শিক্ষকেরা। ছিল তন্বী, অন্নী, সারিকা, সাবিহাসহ কয়েকজন তরুণীও। তাই আগে একবার ঘুরে এলেও এই দলটার সঙ্গে ঘুরতে যাওয়ার লোভটা সংবরণ করতে পারলাম না। কয়েক মিনিট পরই অধ্যক্ষ স্যার ট্রলারের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দিয়ে বললেন, ‘অথই জলের ওপর ভাসতে ভাসতে এসো আমরা প্রকৃতির এই বিশালতাকে উপলব্ধি করি।’ নীরব নিস্তব্ধ সেই সাগরে আপনমনে ভেসে চলল ট্রলারটা। সেই নীরবতা আরও মধুর করে তুলল চাঁদ নিয়ে সুমনা বিশ্বাস ও খাইরুল আলম সবুজের সুরেলা কণ্ঠ। দূর দিগন্তে জল আর আকাশ যেন মিতালি করে গেছে মিশে। সে এক অন্য রকম অনুভূতি। হঠাৎ কানে ভেসে এল কুলকুল ধ্বনি। কিন্তু সাগরের দুই ধার তো অনেক দূরে। তাহলে? ঢেউয়ে ঢেউয়ে মিতালী! তাই বিপদ এড়াতে ট্রলার ধরল ফিরতি পথ। আবার গানে গানে চাঁদ ও তার জোছনার কীর্তন শুরু হলো। কিন্তু খালি চাঁদের আলোয় হরিণ দেখা যাচ্ছে না বলে ধরতে হলো টর্চলাইট! তখন মনে হলো ট্রলারের তরুণদের কণ্ঠ বলছে, ‘আমরা চাঁদ হব না। সূর্য হব।’বার্ডস আইল্যান্ডের বিহঙ্গরা২৩ ডিসেম্বর। গন্তব্য বার্ডস আইল্যান্ড। কিন্তু সেখানে গিয়ে পাখি দেখা গেল না! শাকিল ব্যঙ্গ করে বলল, ‘পাখি নেই যে দ্বীপে, তার নামই বার্ডস আইল্যান্ড।’ প্রতিবাদের সুর প্রিয়ার কণ্ঠে, ‘কে বলল পাখি নেই? আমরাই তো পাখি, মুক্ত বিহঙ্গ।’ আনন্দে আত্মহারা সেসব পাখি হারিয়ে গেল সীমাহীন তারুণ্যের সাগরে। ঢেউয়ের ধ্বনিকে ছাপিয়ে গেল তরুণদের উল্লাসধ্বনি। সমুদ্রস্নানে নেমে পড়ল সবাই। মুহূর্তগুলো স্মৃতির ক্যামেরায় বন্দী করছিলেন শিক্ষক জিল্লুর রহমান।সুন্দরবনকে ভোটইমপিরিয়াল কলেজের এই ভ্রমণের একটি বড় উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়া। কচিখালী অভয়ারণ্যে ইন্টারনেটের মাধ্যমে সবাই সুন্দরবনকে ভোট দিল। এরপর অনিরুদ্ধ স্যারের রসাল উপস্থাপনায় জমে উঠল সাংস্কৃতিক সন্ধ্যা। সবশেষে হলো ক্যাম্প ফায়ার। ওড়ানো হলো ফানুস। আবার লঞ্চে প্রত্যাবর্তন। সাগরবক্ষে কেটে গেল আরেকটি রাত।কটকার টাটকা স্মৃতি২৪ ডিসেম্বর। কটকার ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন দর্শন করল সবাই। এরপর কাছ থেকে হরিণ দেখার পালা। দল বেঁধে সবাই ঢুকে পড়ল বাঘ-হরিণের বনে। দলে দলে হরিণেরা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাঘ দেখার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তবে কেউ কেউ বাঘের পদচিহ্ন দেখেই দুধের স্বাদ যেন ঘোলে মেটাল। কিন্তু এই স্মৃতিটা কেউ ভুলতেই পারবে না, দৃশ্যটা যারা নিজ চোখে দেখেছে। এক বন কর্মকর্তা ‘মন্টু এসো’ বলে ডাক দিতেই একটা হরিণ চলে এল একেবারে হাতের কাছে! অদ্ভুত, অবিশ্বাস্য। ‘আসলে প্রাণীদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক পুরোনো ও নিবিড়।’ বলছিল পিংকি। সিডরের আঘাত সামলে বেড়ে উঠেছে সুন্দরী গাছগুলো। চারপাশে শোভা পাচ্ছে শাঁসমূল ও ঠেসমূলেরা। মায়ার অভিমত, ‘এরা উদ্যম ও অদম্য ইচ্ছাশক্তির প্রতীকী প্রকাশ।’ কটকার সৈকতে স্নান সেরে নিল কেউ কেউ। তাদের আনন্দের যেন কোনো সীমা নেই।সদরঘাটের পানেশীতল জলে গা ভাসিয়ে ফিরতি যাত্রা শুরু করল জাহিদ-৩। এর আগে শেষ রাতে র‌্যাফেল ড্র হলো। প্রথম পুরস্কার পেল বিজ্ঞান বিভাগের মাহফুজ। এই কদিনে কার কী অনুভূতি, তা নিয়ে আলোচনা বসল। সঙ্গে চলল গানও। শিক্ষার্থীদের সাথে কোমর দুলিয়ে নাচলেন ফয়সাল স্যার। আর তবলায় আঙুলের পরশে তাল তুলে সবাইকে নাচালেন তবলাবাদক আব্দুল গফুর মনা।সন্ধ্যায় সূর্য ডোবে, ওঠে চাঁদ; সকালে চাঁদ ডোবে, ওঠে সূর্য। কিন্তু পৃথিবীর বাইরে থেকে দেখলে সহজেই বোঝা যেত, আসলে চাঁদ-সূর্য ওঠেও না, ডোবেও না। তারা সব সময় মহাকাশেই থাকে। তেমনি সুন্দরবন ভ্রমণে ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের চোখে তারুণ্য নামের তারাটি জ্বলজ্বল করছিল প্রতিটি মুহূর্তে।