‘সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে জেতাতে হলে সবাই মিলে ভোটদানের বিকল্প নেই। প্রচারেই প্রসার—এ কথা আমরা সবাই জানি। তাই তো আমরাও এগিয়ে এসেছি ভোটদানের প্রচারণায়। শুধু প্রচারের অভাবেই আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার হাতছাড়া হয়ে গেছে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকা থেকে। আমাদের শেষ ভরসা এখন সুন্দরবন। তাই সুন্দরবনকে জেতাতেই হবে। এ আমাদের গৌরব রক্ষার গণলড়াই।’ এভাবেই সুন্দরবনের জন্য ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরলেন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী।সম্প্রতি শেষ হলো বন অধিদপ্তরের উদ্যোগে ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগিতায় আয়োজিত ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান প্রকল্পে জনগণকে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ইডেন কলেজের বিভিন্ন বিভাগের কয়েক হাজার ছাত্রী।ইডেনের হিসাববিজ্ঞান বিভাগ থেকে দল বেঁধে ভোট দিতে এসেছিলেন শারমিন, নিপা, নিলু ও রোমানা। তাঁরা বলেন, দেশ নিয়ে গর্ব করতে সবাই তো ভালোবাসে। তাই তাঁরা সুন্দরবনকে নিয়েও গর্বিত। তাঁরা চান, সুন্দরবন বিশ্বের গর্ব হয়ে উঠুক।পদার্থবিজ্ঞানের দীপ্তি ও আঁখিকে দেখা গেল একাধিক মেইল আইডি থেকে ভোট দিতে। আঁখি বললেন, সুন্দরবনকে ভোট দেওয়া এখন জাতীয় ইস্যু হয়ে গেছে। আর ভোট দেওয়া ও দেওয়ানো এখন প্রত্যেক বাংলাদেশির নৈতিক দায়িত্ব।রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রীরাও পিছিয়ে ছিলেন না। লিজা, জান্নাত ও চৈতীও বেশ উত্তেজিত। তাঁরা বলেন, ‘বাসায় কম্পিউটার থাকুক বা না থাকুক, বন্ধুদের সঙ্গে ভালো কিছু করার মজাই আলাদা। আর সে সুযোগটা কলেজে বসেই পাচ্ছি, এতে আরও বেশি ভালো লাগছে।’সাতক্ষীরার মেয়ে ফাতেমার আবেগটা একটু অন্য রকম। বললেন, ‘আমার বাড়ির খুব কাছেই সুন্দরবন, অথচ ঘর থেকে বের হয়ে যাওয়া হয়ে ওঠেনি। এবার ঈদের ছুটিতে বাড়ি গেলে অবশ্যই দেখতে যাব সুন্দরবনকে।’অর্থনীতি, অর্থায়ন আর উদ্ভিদবিজ্ঞানের তিন বান্ধবী দল বেঁধে এসেছিলেন ভোট দিতে। সুন্দরবনকে প্রথম ভোট দিচ্ছেন তাঁরা। তাই তিনজনকেই বেশ খুশি দেখাচ্ছিল। তাই বুঝি বললেন, ‘মনে হচ্ছে, এত দিনে দেশের জন্য কিছু করতে পারলাম।’দেশের জন্য কিছু করার আনন্দে বিভোর ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের সোনিয়াও। বললেন, ‘মেইল-আইডি খুলেছি মাত্র কিছু দিন আগে। খুব ভালো লাগছে এত ভালো একটা কাজ দিয়ে আমার মেইল ব্যবহার শুরু করছি বলে।’ প্রতিদিন মেইল চেক করেন যাঁরা, তাঁরা সুন্দরবনকে একটা ভোট দিয়ে নেট ব্রাউজিং শুরু করলেই অনেক ভোট হয়ে যায়।শিক্ষক-শিক্ষিকাদের আগ্রহও কম ছিল না। দর্শনের শিক্ষক কামরুন নাহার বলেন, ‘নিজে তো ভোট দিচ্ছি, ছাত্রীদেরও বলছি ভোট দিতে। ক্লাস ছুটি দিয়েছি ওদের, আমার সময়টায় ওরা প্রাণভরে ভোট দেবে বলে।’ মার্কেটিংয়ের আনিস স্যার, কি ইংরেজি বিভাগের প্রধান আকবর হোসেন স্যার—সবারই উৎসাহ ছিল দেখার মতো।বন বিভাগের কাউন্সিলর সুরাইয়া আক্তার, ফারিয়া তাবাসসুম আর অশোক চন্দ্র হাজরার কথা না বললেই নয়। চার দিন ধরে ইডেনের কয়েক হাজার ছাত্রীর চাপ তাঁরা সামলেছেন হাসিমুখে। তাঁরা বলেন, ইডেনে আগ্রহ তাঁদের প্রতিমুহূর্ত অনুপ্রাণিত করেছে। তবে শুধু ই-মেইল নয়, মুঠোফোনের মাধ্যমেও ভোট দিতে তাঁরা উৎসাহিত করছেন। এটি সহজলভ্য এবং দ্রুত ভোট দেওয়া যায়। মুঠোফোনে ভোট দিতে আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SB এবং পাঠাতে হবে ১৬৩৩৩ নম্বরে। যেকোনো নম্বর থেকে যতবার খুশি ততবার।ই-মেইলের মাধ্যমেই হোক আর মেসেজেই, সুন্দরবনকে ভোট দেওয়ার কথা প্রতিদিন মনে করতেই উৎসাহ দিলেন বন ভবনের উপবন সংরক্ষক অবনী ভূষণ ঠাকুর। তিনি বলেন, ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিশ্বে বাংলাদেশের আইকনে পরিণত হয়েছে। ইডেনের ছাত্রীরা যে উৎসাহে সুন্দরবনকে ভোট দিয়েছেন, এখন সময় সেই উৎসাহ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার।’সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য এই উদ্যোগের সমাপ্তি টানলেন উপাধ্যক্ষ স্বপ্না রানী সাহা। তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের গর্ব। একাত্তরের পর আবার সুযোগ এসেছে সবাই মিলে ভালো কিছু করার। তাই বিশ্বের সামনে আরেকবার মাথা উঁচু করে দাঁড়ানোর এ লড়াইয়ে অংশ নিতে হবে সবাইকে। ইডেন গর্বিত, এ যুদ্ধের সঙ্গী হতে পেরে।’