সুন্দরবনের পক্ষে চট্টগ্রাম ও ফেনীতে ভোটগ্রহণ, রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের হালিশহর গীতামন্দির কমপ্লেক্সে আগামীকাল শুক্রবার সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের আয়োজন করেছে সাড়া দাও বাংলাদেশ ও গীতা মন্দির কমপ্লেক্স কমিটি। সহযোগিতায় বাংলাদেশ পর্যটন বোর্ড ও মিডিয়া গ্রাফি। বিকেল তিনটায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। ভোট গ্রহণ চলবে রাত আটটা পর্যন্ত। এ প্রসঙ্গে সাড়া দাও বাংলাদেশের প্রতিনিধি সুমন কান্তি নাথ বলেন, ‘আমরা আশা করি এ অনুষ্ঠান থেকে তিন হাজার ভোট সংগ্রহ করতে পারব।’ফেনীতে ভোট সংগ্রহ ও রোড শো: আজ বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত ফেনী-চট্টগ্রাম-কক্সবাজার রোড শো এবং ভোট সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্ধুর বন্ধন ফেনী জেলা-এর আয়োজন করেছে। আজ সকাল ১০টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণজমায়েত, আলোচনা সভা ও ভোট সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার মো. ইমাম হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অর্থ ও প্রশাসন) আবদুল নাসের উপস্থিত থাকবেন। রাত ১২টায় রোড শো চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকালে ও বিকেলে কক্সবাজারের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা, শোভাযাত্রা ও ভোট সংগ্রহ ও প্রচারণা চলবে। ২৭ ফেব্রুয়ারি রোড শো ফেনী ফিরে আসবে। রোড শো উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে বন্ধুর বন্ধন ফেনী জেলার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমপোর্ট হোমস লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক আহমেদ রেজা, প্রধান সমন্বয়ক এনায়েত উল্লা মো. ফয়েজ, বন্ধুর বন্ধন ফেনী জেলার সভাপতি শেখ মো. ফেরদৌস আনোয়ার, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ পাটোয়ারী, রোড শোর আহ্বায়ক কামরুল হাসান, বন্ধুর বন্ধনের পৃষ্ঠপোষক জালাল উদ্দিন, আবু যোবায়ের প্রমুখ।  নিজাম সিদ্দিকী ও আবু তাহের, ফেনী