সুন্দরবনের বনবিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন লাগোয়া গ্রামে গ্রামে ​তৈরি হয়েছে বনবিবি পূজামণ্ডপ। ছবি: সাদ্দাম হোসেন
সুন্দরবন লাগোয়া গ্রামে গ্রামে ​তৈরি হয়েছে বনবিবি পূজামণ্ডপ। ছবি: সাদ্দাম হোসেন

বেলা ১১টা। সুন্দরবনের কোল ঘেঁষে বয়ে চলা ঢাংমারী নদীতে জোয়ারের পানি ভরতে শুরু করেছে। ছোট্ট এই নদী দিয়ে গ্রাম আর বনের সীমানা ভাগ করা। দলে দলে মানুষ কয়েকটি ছোট-বড় নৌকায় পার হয়ে যাচ্ছে বনের দিকে। নৌকার মাঝিরা জনস্রোত সামাল দিতে হিমশিম খাচ্ছেন। কিছু সময়ের মধ্যে জোয়ারের পানিতে নদী যেমন টইটম্বুর, তেমনি বনের পারে শত শত মানুষের উপচে পড়া ভিড়। তাদের উল্লাস আর ‌‘মা বনবিবির নামে আল্লাহ আল্লাহ বলো’, ‘দুঃখের নামে একবার আল্লাহ আল্লাহ বলো’ ধ্বনিতে বনের নীরবতা ভেঙে খান খান।

খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের সুন্দরবন লাগোয়া ঢাংমারী এলাকায় ‘বনবিবির পূজা’কে কেন্দ্র করে হাজার মানুষের মিলনমেলার একটি খণ্ডচিত্র এটি। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন যেসব জায়গায় বনবিবির পূজা হয়, সেসবের একটি এই গ্রাম। সুন্দরবনে দক্ষিণ বাংলার আবহমান লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি। ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের মতো এবারও ১ মাঘ (১৫ জানুয়ারি) সুন্দরবনের ভেতরে আর বনলাগোয়া লোকালয়ে ঘটা করে ‘মা বনবিবি’র পূজা হয়েছে।

ঢাংমারী গ্রামে ঘোরা হলো অন্তত দশটি মণ্ডপ। মূলত গোলপাতা ও বনের কাঠ দিয়ে ছোট আকারে বানানো হয় মণ্ডপগুলো। পুরোহিতদের কাছ থেকে জানা গেল, মণ্ডপে বনবিবির প্রতিমার সঙ্গে থাকে বনবিবির ভাই শাহ জঙ্গুলী, শিশু দুঃখে, ধোনাই আর মোনাই, দক্ষিণ রায় তথা বাঘসহ নানা মূর্তি। ‘বনবিবির পাঁচালি’ পাঠ, নৈবেদ্য ইত্যাদি আচারের পাশাপাশি প্রসাদ ও শিরনি বিতরণ করা হয়। শিশু দুঃখের হাতে থাকে রুমাল ও লাটিম। পূজার থানগুলো প্রচলিত পূজার থানের চেয়ে আলাদা। বনবিবির থানে প্রসাদ রাখতে ব্যবহার করা হয় সুন্দরবনের আমুরগাছের পাতা। বনবিবির উদ্দেশে শাড়ি ও অন্য পূজিতদের উদ্দেশে দেওয়া হয় লুঙ্গি। নারীরাও বনবিবি পূজার পৌরোহিত্য করে থাকেন। সুন্দরবনের ভেতরের পূজায় শিরনি রান্না হলেও তা এপারে লোকালয়ে এনে কলার পাতায় বিতরণ করা হয়। বনজীবীদের বিশ্বাস, জঙ্গল এঁটো করলে বনবিবি রুষ্ট হন। এলাকার সবাই মনস্কামনা পূর্ণ করতে মানত করেন। বনবিবির উদ্দেশে ডিম ও মুরগি মানত করা হয় বেশি। ইচ্ছা পূরণ হলে পরবর্তী বছর পূজার দিনে মানত পূরণ করা হয়।

সারা দিনই চলে মানুষের পারাপার
সারা দিনই চলে মানুষের পারাপার

পশ্চিম ঢাংমারীর ‘বছাড়বাড়ি বনবিবি মন্দিরে এবার সবচেয়ে জাঁকজমকপূর্ণ পূজা হয়েছে। সেখানে তিন দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানকার পুরোহিত শশীভূষণ মণ্ডল (৬৮) বলেন, ‘এই মন্দিরে ৩৭ বছর ধরে বনবিবির পূজা হচ্ছে। আমি বনবিবির মন্দিরে গুরুপরম্পরায় পৌরোহিত্য করছি। আগে এই মন্দিরের পৌরোহিত্য করতেন আমার গুরু মধুসূদন মণ্ডল। স্থানীয় কয়েকজন বনজীবী এবং ডুমুরিয়া এলাকার একজন বনজীবী প্রথম এই মন্দিরে পূজার চল করেন।’

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, সুন্দরবনের জেলে, বাওয়ালি আর মৌয়ালদের কাছে বনবিবি আত্মবিশ্বাস ও সুরক্ষার দেবী, বাদাবনের রক্ষক। বহু শত বছর আগে বনবিবিকে স্মরণ করে বাঘরূপী অপশক্তি দক্ষিণ রায়ের হাত থেকে বিপদমুক্ত হয়েছিল শিশু দুঃখে। সে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরার পর গলায় কুড়াল বেঁধে ভিক্ষা করে তা দিয়ে বনবিবির পূজা প্রচলন করে। এমনিতে স্থানীয় বনজীবীরা সারা বছরই বনবিবির পূজা বা মানত করেন। তবে পয়লা মাঘে ঢাংমারীসহ পশুর নদের পশ্চিম পারে ভদ্রা নদী পর্যন্ত এলাকায় বনবিবির শতাধিক পূজা হয়।

ঢাংমারী গ্রামের সরদারবাড়ি ও গাইনবাড়ি পূজায় নারীদের পৌরোহিত্য করতে দেখা যায়। গাইনবাড়ির পূজার অন্যতম আয়োজক গণেশ চন্দ্র গাইন বলেন, ‘১৯০২ সাল থেকে তাঁদের মন্দিরে বনবিবির পূজা হয়ে আসছে। বনে মাছ ধরি, মধু কাটি। বিশ্বাস নিয়ে বনবিবির নামে বাদায় যাই।’

সুন্দরবনের ভেতরেই রান্না করা হয় প্রসাদ
সুন্দরবনের ভেতরেই রান্না করা হয় প্রসাদ

সরদারবাড়ির পূজার আয়োজক পুলিন ও প্রভাষ সরদার বলেন, অনেক বছর আগে সুন্দরবনের পাশের গ্রামের এক দরিদ্র মায়ের শিশু ছেলে দুঃখেকে সুন্দরবনে মধু আহরণ করতে নিয়ে যান ধোনাই আর মোনাই নামে দুই বণিক। যাওয়ার সময় দুঃখেকে মা বলেন, ‘বনে আমার মতো তোর আরেক মা আছেন। কোনো বিপদে পড়লে তাঁকে ডাকবি।’

তখন বনে বাস করত গাজী। আর ছিল দক্ষিণ রায়, বাঘবেশী অপশক্তি। গাজীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল। এক রাতে দক্ষিণ রায় ধোনাই-মোনাইকে স্বপ্নে দেখা দেন। তিনি দুই ভাইকে প্রচুর মধু আর সম্পদ দেওয়ার লোভ দিয়ে দুঃখিনী বিধবার একমাত্র পুত্র দুঃখেকে বলি হিসেবে উৎসর্গ করতে বলেন। অন্যথায় তাঁদের নৌকা ডুবে যাওয়ার এবং মধু না পাওয়ার ভয় দেখান। ধোনাই-মোনাই ভয়ে দুঃখেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং তাঁকে পানি আনতে পাঠিয়ে নৌকা ছেড়ে চলে যান। দুঃখে মায়ের কথামতো সেই মাকে স্মরণ করে। বনবিবি দুঃখেকে বাঘরূপী দক্ষিণ রায়ের কবল থেকে উদ্ধার করেন এবং তাঁকে অনেক সম্পদ দিয়ে কুমিরের পিঠে ভাসিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেন। এ রকম বিশ্বাস থেকেই বনবিবির পূজা হয়ে আসছে সুন্দরবনে।

বনবিবির কাহিনি শুধুই গল্প না সত্য, তা নিয়ে প্রশ্ন আছে। তবে প্রখ্যাত ইতিহাসবিদ সতীশ চন্দ্র মিত্রের যশোহর-খুলনারইতিহাস প্রথম খণ্ড বইয়ের তথ্য অনুযায়ী, ১৫০০ সালের কাছাকাছি সময়ে সুন্দরবন এলাকায় দক্ষিণ রায়, বণিক ধোনাই ও মোনাই এবং গাজীর অস্তিত্ব পাওয়া যায়।

কল্পকাহিনি বা সত্যি যা-ই হোক না কেন, সুন্দরবনজীবীদের কাছে বিশ্বাসের আরেক নাম বনবিবি।