সুন্দরবনের বাঘ ও টারজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: ষুভ
অাঁকা: ষুভ

ভোরের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল টারজানের। চোখের সামনে মেলে ধরল দৈনিক পত্রিকা। পত্রিকার মূল শিরোনাম—‘সুন্দরবনের বাঘ বেড়াতে গেছে পশ্চিমবঙ্গে’। টারজানের মাথায় গোলপাতার ডাল ভেঙে পড়ল। এত বড় ঘটনা ঘটে গেছে, অথচ সে কিছুই জানে না? এক্ষুনি মিটিং ডাকতে হবে। গাছের মগডালে উঠে টারজান ‘আআআআআ’ বলে দিল এক ‘চিক্কুর’। তখন ডাল থেকে খসে পড়ল বানর, ভয় পেয়ে লাফিয়ে উঠল হরিণ। হাতি শুঁড় তুলে বলল, ‘ওই যে, টারজান ব্যাটায় আবার খেপছে!’
সবাই দলে দলে ছুটে এল সভাতলায়। টারজান সেখানে সভাপতির আসনে দাঁড়িয়ে।
টারজান বনের সব পশুপাখির দিকে তাকিয়ে বলল, ‘সর্বনাশ হয়ে গেছে! পেপারে খবর এসেছে, আমাদের এই বনের কিছু বাঘ নাকি ওপারে বেড়াতে গেছে!’
সজারু হাই তুলে বলল, ‘ভুয়া খবর। লিংক দিছে কোনো? ভিডিও দিছে কোনো? লিংক, ভিডিও না থাকলে খবরের কোনো ভিত্তি নাই!’
শিয়াল বলল, ‘ফায়ারফক্স দিয়ে ঢুকে আমি এক্ষুনি গুগল করে দেখছি। গুগলে না থাকলে ও জিনিস দুনিয়াতে নাই!’
হরিণ বলল, ‘খবর সত্যি হতে পারে। লাস্ট কয়েকটা দিন বনের ভেতর কুল সময় গেছে। আরামসে এত্তগুলা সেলফি তুলছি! বাঘের ডিস্টার্ব ছাড়াই!’
বাঘ বলল, ‘আরে, ওইটা তো আমাদের পেট খারাপ যাচ্ছে বলে! তা ছাড়া ক্রিকেটেও আজকাল জম্পেস খাইদাই... তাই...’
বানর বলল, ‘এই ব্যাপারগুলা সিরিয়াসলি নিতে হবে! বনের মধ্যে এসব হতে দেওয়া চলবে না! এটা তদন্তের জন্য এক্ষুনি আট সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। আমি ওই কমিটির সভাপতি হতে রাজি আছি! আমাদের জানতে হবে কারা কারা গেছে, কেন গেছে!’
টারজান বলল, ‘এখন তো আইপিএল চলছে না, তাহলে এখন ওদের পশ্চিমবঙ্গে যাওয়ার মানে কী?’
কুমির বলল, ‘হতে পারে বাজরাঙ্গি ভাইজান দেখতে গেছে!’
টারজান বলল, ‘এইটা আবার কী জিনিস?’
বানর বলল, ‘আপনি বাজরাঙ্গি ভাইজান কী জানেন না? আপনার তো টারজান জনম বৃথা!’
হাতি বলল, ‘তিস্তাচুক্তির জন্য যায় নাই তো?’
মহিষ বলল, ‘বিয়েশাদির জন্যও যেতে পারে!’
বাঘ বলল, ‘শিং বাঁকিয়ে একটা কিছু বললেই হলো? বিয়ে করতে যাবে কেন! আমাদের এখানে পাত্রপাত্রীর অভাব আছে নাকি?’
মহিষ বলল, ‘নেই? তোমাদের তো এখন লেজে গোনা যায়।’
বাঘ হুঙ্কার দিয়ে উঠল। মহিষও হাম্বা বলে ধমকে দিল। শুরু হলো ঝগড়া। বনের পশুরা নিজেদের মতো করে সে ঝগড়ায় অংশ নিল। টারজান সঙ্গে সঙ্গে ‘আআআআআ’ বলে চিৎকার করে উঠে ওদের ঝগড়া থামাল। বাজপাখি বলল, ‘আমি অনেক ওপর থেকে খেয়াল রাখি, কিন্তু কোনো বাঘকে আমি ওদিকে যেতে দেখিনি।’
তখনই বনের সবার ফেসবুক অ্যাকাউন্টে নোটিফিকেশন এল বিড়ালের আইডি থেকে। নোটিফিকেশন ওপেন করে টারজান দেখল লেখা, ‘ফিলিং টাইগার অ্যাট পশ্চিমবঙ্গ!’ সঙ্গে বিড়ালদের গ্রুপ ছবি। তবে তাদের শরীরে লাল-হলুদ ডোরা কাটা পেইন্ট!
টারজান এবার ভালো করে খেয়াল করে দেখল, মিটিংয়ে শুধু বিড়ালেরাই নেই। সে সবার সঙ্গে গ্রুপ সেলফি তুলে ফেসবুকে আপ করে লিখল, ‘ফিলিং কনফিউজড!’