চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘সুন্দরবনে তেল নিসঃরণ বিপর্যয় ও প্রতিকার’ শীর্ষক মুক্ত আলোচনা গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন রোব মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে।
এতে বক্তারা সুন্দরবনের এ পরিণতির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করেন। তাঁরা সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথ বন্ধের দাবি জানান।
সুন্দরবনে তেল নিঃসরণ বিপর্যয়–সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। তেল নিঃসরণের ফলে প্রকৃতি, প্রাকৃতিক খাদ্যচক্র এবং মানুষের ওপর যে ধরনের ক্ষতিকারক প্রভাব আসতে পারে, তা তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে একটি প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের শিক্ষক মো. সোহেল রানা।
আরও বক্তব্য দেন তড়িৎ কৌশল বিভাগে শিক্ষক মেহেদী হাসান, খনিজ ও খনন প্রকৌশল (পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষক জায়েদ বিন সুলতান, মো. মোস্তাফিজুল করিম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এ টি এম শাহজাহান প্রমুখ।
তড়িৎ কৌশল বিভাগে শিক্ষক মেহেদী হাসান বলেন, ‘ফার্নেস তেল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। দেশে বিকল্প শক্তি উৎপাদনের ব্যবস্থা নিলে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার কমে যাবে।
সংগঠনের সভাপতি অর্ণব পাল একটি সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সুন্দরবনের নদীর সঙ্গে সম্পৃক্ত লোকালয়ের সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।