টরন্টো যাওয়ার আয়োজনটা হঠা ৎ করেই হলো। ছেলেমেয়েদের রেখে যাব না, যাব না করতে করতে শেষতক রাজি হয়ে গেলাম। চার বছর আগে টরন্টো থেকে দেড় ঘণ্টার গাড়িপথের দূরত্বে একজনের সঙ্গে দেখা হয়েছিল, যার দুর্বার রূপ আর রসের টানে না গিয়ে পারিনি। সে এই পৃথিবীর সবচেয়ে মোহময় সুন্দর জলপ্রপাত নায়াগ্রা, যেন কারও অনাবিল আনন্দধারা অথবা কারও অফুরন্ত অশ্রুধারা।টরন্টো গোছানো ছিমছাম সুন্দর শহর। মেলবোর্নের ছয় ডিগ্রি থেকে টরন্টোর ২৭ ডিগ্রিতে নেমেই ঘুরে বেড়ানোর সুন্দর সম্ভাবনা দেখতে পেলাম। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে এই রৌদ্রোজ্জ্বল সুন্দর শহরটি শীতকালে মাইনাস ২৫ ডিগ্রির শুভ্র বরফে ঢেকে যায়। অন্ধকার নেমে আসে বিকেল পাঁচটায় আর জনজীবনের চলাচল হয়ে ওঠে সমূহ বিপত্তিপূর্ণ। তবে জুলাই মাসের টরন্টো সবুজের সমারোহ নিয়ে জানাল অভিবাদন। লোকগুলোও তেমনি আন্তরিক, পথেঘাটে অচেনাজন আপনজনের আন্তরিকতায় যেচে এসে প্রশ্ন শুধায়, ‘তুমি কি কোনো পথ খুঁজছ? আমি কি একটু সাহায্য করতে পারি?’ সৌজন্য প্রতীয়মান সর্বত্র।ভিক্টোরিয়া পার্ক, ড্যানফোর্থ এলাকাজুড়ে বাংলা টাউন দেখেই মনে একটা দোলা লাগে। সেখানে পথে পথে হাঁটলে মনে হয় দেশেই আছি। চারদিকে বাঙালিরা তাদের সহজাত ভঙ্গিতেই চলছে—পোশাকে, ভাষায়, আচারে। পথের দুই পাশে দোকানগুলোর নামও বাংলায় লেখা। ভেতরে ঢুকে সতেজ কাঁকরোল আর পটোল, বিভিন্ন বাংলা অনুষ্ঠানের পোস্টার, বাংলা গান—এসব দেখেশুনে অজান্তে মনের কোণে দেশমাতৃকার খানিকটা আবেশ ভালো লাগায় ভরে যায়।পৃথিবীর তৃতীয় উচ্চতম সিএন টাওয়ারে উঠতেই হয়। পুরো টরন্টোর প্যানারোমিক দৃশ্য দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। তো, এর কাছে গিয়ে দাঁড়ালেই উচ্চতার বিচারে নিজেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে হয়। সুতরাং ৫৮ সেকেন্ডে লিফটে চড়ে ৮৮তম তলায় যেতে বুকের ভেতরে একটা দুরু দুরু ধ্বনি অনুভূত হয়। আর সেদিন সিএন টাওয়ারের নিচে এত ভিড় দেখে ওপরে না ওঠার কথা ভাবতে নিজেকে কিছুটা কূপমণ্ডূকের মতো মনে হলো। সুতরাং বুকের ভেতরের অনুভূতিটা মুখের হাসি দিয়ে ঢেকে লাইনে দাঁড়িয়ে গেলাম সিকিউরিটির চূড়ান্ত পরীক্ষা দিতে। একটু পরেই বুঝলাম, ভিড়টা আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে পাশের রজারস সেন্টারে বিখ্যাত ব্যান্ড ইউ-টু-এর কনসার্টে। টিকিটের দাম ৫৪০ কানাডিয়ান ডলার, কিন্তু তাতে কী? ভক্ত বলে কথা! এমনকি প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগায় কালো টিকিট দিব্যি কেনাবেচা চলছে। দুর্নীতি পৃথিবীর সব জায়গাতেই কিছু না কিছু আছে, দেখতে খুব একটা খারাপ লাগে না। আমাদের গরিব দেশ, আমাদের আর দোষ কী—ইত্যাদি খুচরা সান্ত্বনা খুঁজে ফিরি।৩৪২ মিটার উচ্চতায় টাওয়ারের স্কাইডেক, আরও ওপরে আছে স্পেসডেক। স্কাইডেকের ব্যালকনিতে দাঁড়িয়ে উচ্চতাভীতির কারণে সরাসরি নিচে না তাকিয়ে একটু আড়ে আড়ে দেখছি টরন্টো শহর। পাশেই ছোট্ট টরন্টো দ্বীপ, বিশাল ওন্টারিও লেকের ওপর। যে লেকের অন্য পাড় দেখা যায় না, তাকে লেক কেন বলা হয়, সেটাই প্রশ্ন। এই দ্বীপে একটা বিমানবন্দর রয়েছে, যেখানে লোকেরা কেবল ফেরিতেই যাতায়াত করতে পারে। ওপর থেকে উড়োজাহাজের ওঠাটা সহনীয় হলেও নামাটা ছিলনা। ঝপ করে লেকে পড়ল ভেবে বারবার কেঁপে উঠছিলাম। কিন্তু সুদক্ষ চালকেরা ঠিকঠাক মাটিতেই অবতরণ করেন, কয়েকবার দেখার পরে ভয়টা উবে যায়। গোলাকার ব্যালকনিতে ঘুরে আসতেই দেখলাম, রজারস সেন্টারের গ্যালারি একেবারে ঠাসা। সংগীতের মূর্ছনা কিছুটা ওই অত ওপরেও শ্রবণে মাধুরী ঢালে, উদাস মনে উচ্চতাভীতি কাটিয়ে উঠতে না উঠতেই চোখে পড়ল খানিকটা জায়গাজুড়ে স্বচ্ছ কাচের প্যানেল, যেখান থেকে সরাসরি নিচের মাটি অথবা নিজের সমাধি দেখা যায়। লোকেরা সেখানে গিয়ে বুকের সাহসের পরিমাণটা মেপে নিচ্ছে হেঁটে, দাঁড়িয়ে, শুয়ে, বসে। এই ক্ষুদ্র মানুষটির ওখানে দাঁড়ানো তো দূরে থাক, তাকাতেও ভার্টিগো অবস্থা, পয়সা দিয়ে ভয় খেতে এতটুকু ইচ্ছা করল না। তবে লোকেদের বীরত্ব কম যায় না—গত এপ্রিল মাসেই একদল অসীম সাহসী ঝুঁকিপ্রিয় মানুষ নাকি প্রথমবারের মতো ওই উচ্চতায় টাওয়ারের বাইরে দিয়ে হেঁটেছে! জগতে কিছু কিছু ইচ্ছার অভিনবত্ব দুর্বোধ্যই থেকে যায়।কিন্তু কিশোরী মেয়ের নূপুরের ধ্বনির মতো মনের গহিনে বেজে চলেছে নায়াগ্রার অবিরাম জলের ধারা। ওয়েবসাইট স্পর্শ করলেই জানা যায় এর সম্পর্কে সব তথ্য, কিন্তু পাশে গিয়ে দাঁড়ালে কথারা সব হারিয়ে যায়। প্রত্যেক মানুষের মনের অবস্থা কেমন করে যেন তুলে নেয় নায়াগ্রা তার জলের সুরে। দেখতে দেখতে ভালো লাগা, মন্দ লাগা, কিছু না লাগা—সব ভাবনাতেই তাল মিলিয়ে ঝরতে থাকে অঝোর ধারায়। ১৭২ ফুট উচ্চতা থেকে শুভ্রতায় ঝরতে থাকে পানি এইরি থেকে ওন্টারিওতে, নায়াগ্রার এই অংশটুকুর নাম হর্স-শু, ভৌগোলিকভাবে কানাডার ভেতরে আর অন্য অংশটি ব্রাইডাল ভেইল, যেটি পড়েছে আমেরিকার প্রান্তে। চোখ জুড়ানো আর মন ভরানো এই জলপ্রপাত দেখতে আসে প্রায় ২৫ মিলিয়ন লোক প্রতিবছর, বেশি লোক আসে ওই অঞ্চলের গ্রীষ্মকালে। আমরা যেদিন গেছি, সেদিন ছিল ২৫ ডিগ্রি তাপমাত্রার চম ৎকার একটি দিন, সুতরাং এই চলমান সুন্দর জলের ধারা দেখতে এসেছে অগণিত দর্শক। চারদিকে লোকারণ্য, ব্যালকনি ধরে দাঁড়িয়ে থাকা লোকজন অপলকে চেয়ে থাকে তার দিকে। একটি নৌবহর আছে, মেড অব দ্য মিস্ট নামের, সেটায় চড়ে চলে যাওয়া যায় খুব কাছাকাছি, যেখানে ১০০ হাজার কিউবিক ফুট পানি পড়ে প্রতি সেকেন্ডে। সৌভাগ্যবশত দিনটি ছিল রোববার অর্থা ৎ রাতের বেলা ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা আছে। অন্ধকারে অন্য রকম ভালো লাগল, নানা রঙের আলোর প্রতিফলন চলছিল পড়ন্ত জলরাশির ওপর, যেন রঙধনু গলে গলে পড়ছে। শুধু চাঁদের আলোয় তাকে কেমন দেখায়, মনের কোণে সে ইচ্ছাটা জেগেই রইল ব্যর্থতায়, নিরাপত্তার জন্য পর্যাপ্ত আলো সেখানে থাকতেই হবে। অজানা কারণে তাকে এবার আরও ভালো লাগল, চার বছরে আমি একটু বুড়িয়ে গেছি কিন্তু অনন্তযৌবনা নায়াগ্রা আরও সুন্দর হয়ে উঠেছে। মন কেমন করা এই সুন্দর ফেলে ফিরে যেতে মন চাইছিল না, এই সৌন্দর্যে অবগাহন শেষ হওয়ার নয়। তাই নায়াগ্রাকে বিদায় বলা যায় না, তাকে দেখার কোনো শেষ নেই। আবার আসার ইচ্ছাটা মনের কোণে থেকেই যায়। তাকে শুধু বলা যায় প্রকৃতির সুন্দরীতমা কন্যা নায়াগ্রা, তোমাকে অভিবাদন, আবার দেখা হবে কখনো জীবনপথের অন্য কোনো বাঁকে।