সুন্দরের মৃত্যু হলে ফুল গন্ধ হারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে ২০ এপ্রিল মানববন্ধন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে ২০ এপ্রিল মানববন্ধন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা

পৃথিবী প্রতিনিয়ত উত্সবের রঙে রঙিন হয় নতুনকে বরণ করার জন্য। একটি নতুন দিনের জন্য মানুষের আকাঙ্ক্ষা যাপিত জীবনের ভেতর দিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হয় ত্যাগ ও প্রতীক্ষায়। বর্ষবরণের আনন্দ তাই কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। তা ছাড়া সুন্দরকে আহ্বান করতে হয়, সুন্দরের এই আহ্বান পয়লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন।
কিন্তু কী দৃশ্যের অবতারণা ঘটল এই বৈশাখে; এবং স্মরণ করিয়ে দিল মানুষ সহ্য করতে পারে না সুন্দরের মৃত্যু। সাদা ও লাল পাড়ের শাড়িতে মেয়েরা যখন নতুন বছরকে হাসিমুখে বরণ করছিলেন, ঠিক তখন পাথর-আত্মার একদল মানুষের সহিংস আক্রমণ মুহূর্তেই থামিয়ে দিল সব আয়োজন। কিন্তু কারা এই মানুষ, যারা প্রতিনিয়ত অক্সিজেনের পরিবর্তে ফুসফুসে ধারণ করছে হিংসার দানা। আর বরাবরের মতো তাদের আক্রমণের শিকার নারী এবং হাতিয়ার যৌনতা। যৌনতাকে পুঁজি করেই পুরুষকে দেখা যায় সহিংসতার শীর্ষে। তাদের মাংসের ভেতর যে দহন, তা তারা শক্তিতে নয়, ধ্বংসের মাধ্যমে প্রকাশ করছে। এখন প্রশ্ন হলো নারীই কেন যৌনতার ক্যানভাসে ছবি হয়ে গেলেন। এই একবিংশ শতক যদি তাঁকে শক্তির রূপ ধরে হাঁটতে না দিতে পারে, তবে আমরা কোনো নতুনকে বরণ করছি! একদল পুরুষ কি মূলত নারীকে অসম্মানের ভেতর দিয়ে নিজেদের বিবেক ও শক্তিকে ধর্ষণ করে চলছে না! মানুষের বিবেক যদি গুঁড়ো হয়ে যায়, আইন সেখানে ভীষণ অসহায়।
এবারের বর্ষবরণ একদিকে যেমন চোখের জলে ভেজা, অন্যদিকে অন্যায়কে প্রত্যক্ষণের ভেতর দিয়ে হয়ে উঠতে পারে অনন্য ১৪২২। তা ছাড়া অপশক্তির সঙ্গে যুদ্ধ করেই শক্তি নিজেকে শাণিত করে তোলে। এই যুদ্ধ হোক শক্তি ও সাহসের, যুক্তি ও মননের। কেননা, অসুন্দরের মৃত্যু না হলে যে ফুল ফুটবে, তাতে গন্ধ থাকবে না।