সুপার হিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতবারই বাবার সঙ্গে দেখা করার কথা ভাবছি, ততবারই আমার দেবতাদর্শনের কথা মনে হচ্ছে। আর বাবার মতো মানুষকেও বন্দী করে রাখা হয়! বেলা ১১টায় জেলগেটে পৌঁছালাম। পাঁচ টাকার একটি টিকিট কিনলাম। এরপর অপেক্ষা। দুপুর সাড়ে ১২টায় পিতৃদেবের সঙ্গে সাক্ষাতের জন্য ডাক পেলাম। ভেতরে অল্প লম্বা করিডর। আমি এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছি আর বেড়ার উল্টো দিকে বাবাকে খুঁজছি। সফেদ পাঞ্জাবি পরা বাবা ভীষণ চমকে গেলেন আমাকে দেখে। প্রথমে একটি গ্রিল, মাঝখানে গরাদ, তারপর আবার গ্রিল। এ পাশে ছেলে, ও পাশে বাবা। কিন্তু মুখোমুখি দাঁড়ানোর কোনো জায়গা নেই। দুজনই হাঁটছি। এক জায়গায় আমি দাঁড়ালাম। কিন্তু বাবা দাঁড়াতে পারলেন না। একজন কয়েদি বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। অবশেষে যখন মুখোমুখি দাঁড়ালাম, বাবা আমার আগের মতোই—আমার সুপার হিরো, যিনি কখনো কোনো অবস্থায়ই দুর্বল হতে জানেন না। শত বিপদেও রসিকতা করতে জানেন এবং অট্টহাসিতে যিনি পটু। চরম বিপদের মধ্যেও যিনি অটল পাহাড়ের মতো আমাদের আড়াল করে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সেই বাবার চোখে কোথাও লজ্জাবোধ খেলা করছিল কি? তাঁর আত্মবিশ্বাসের আড়ালে একটা অসহায়ত্বও কি ছিল না? সারা জীবন নিয়মের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল আমার বাবাকে যখন আমি কিছু একটা উপহার দিতে চাইলাম, বাবা তখন শুধু নিয়মের কথাই স্মরণ করিয়ে দিয়ে বললেন, ‘এখানে নিয়ম নেই যে।’ আমার এমন বাবা কি কোনো অন্যায় করতে পারেন?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা বিশ্ববিদ্যালয়।