ছেলেবেলায় কেউ একজন তাঁকে সুপারম্যানের পোশাক উপহার দিয়েছিল। সেই পোশাক গায়ে চাপানোর সঙ্গে সঙ্গেই সুপারম্যানের ভূত চাপল ঘাড়ে। সেই থেকে নিজেকে সুপার হিরোতে রূপান্তরের আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলেন হারবার্ট শ্যাভেজ। ফিলিপিনের ৩৫ বছর বয়সী এই তরুণ তাই কত কিছুই না করলেন। ১৯৯৮ সাল থেকে শুরু। আর এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ বার নিজেকে সঁপে দিয়েছেন ছুরি-কাঁচির নিচে। প্রথম অস্ত্রোপচার করিয়েছিলেন চিবুক বাড়ানোর জন্য। পরে দেখলেন সুপারম্যান ছবির নায়ক ক্রিস্টোফার রিভেসের নাকটা বেশ খাড়া, তাই তাকেও নাক বাড়াতে হবে। করলেনও তেমনটাই। এরপর ঠোঁট, পা, উদর থেকে শুরু করে পাকস্থলী—প্রায় সব জায়গাতেই ছুরি-কাঁচি চলল। তবে শ্যাভেজ আফসোসের সঙ্গে বললেন, ‘আমার উচ্চতা তো মোটে ৫ ফুট ৬ ইঞ্চি, আর সুপারম্যানের ৬ ফুট ২। অস্ত্রোপচার করে আর যা-ই হোক উচ্চতা তো বাড়ানো মুশকিল!’ অরেঞ্জ অনলাইন