সুপারনোভা শিকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সল পার্লমুটার, অ্যাডাম রিয়েস ও ব্রায়ান স্মিড ১৯৯৮ সালে প্রমাণ করেন যে মহাবিশ্বের প্রসারণ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই আবিষ্কার বিশ্বজগৎ সম্পর্কে আমাদের ধারণায় সাংঘাতিক দোলা দেয়। এ আবিষ্কার এবং এর পরবর্তী নানাবিধ ফলোআপের কারণে আজ আমরা জেনেছি, আমাদের এই বিশ্বের একটা বড় অংশ অজানা প্রকৃতির ডার্ক এনার্জিতে ভরপুর। আমি-আপনি যে বস্তু দিয়ে তৈরি, সেই চেনাজানা বস্তুর সমাহার এই বিশ্বে ৫ শতাংশেরও কম। এই তথ্যটি খুবই বিপ্লবাত্মক এবং স্বভাবতই ২০১১ সালের পদার্থবিদ্যা বিভাগে নোবেল পুরস্কারটি তাই ওই তথ্যের আবিষ্কারকদের ঝুলিতে গিয়েছে। এই ত্রয়ীর একজন—ব্রায়ান স্মিডের সঙ্গেই আজ আমরা পরিচিত হব।ব্রায়ানের জন্ম ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের মনটানায়। তাঁর বাবাও একজন জীববিদ্যার ডক্টরেট। স্বভাবতই শিশু বয়স থেকেই বিজ্ঞানের প্রতি ঝোঁক ছিল ব্রায়ানের। এমনকি সিক্সথ গ্রেডে পড়ার সময় তাঁর নিজের ক্লাসে অ্যাস্ট্রনমি পড়ানোর দায়িত্ব ব্রায়ানের ওপরই চাপিয়ে দেন তাঁর শ্রেণীশিক্ষক। স্কুল-কলেজে খুব ভালো কিছু শিক্ষক ব্রায়ান পেয়েছিলেন। কিন্তু তাঁর আফসোস ছিল, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক স্কুলের শিক্ষকদের মতো অনুপ্রেরণাদায়ক ছিলেন না। ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে তিনি ফিজিকস ও অ্যাস্ট্রনমিতে বিএসসি ডিগ্রি নিয়ে বের হয়ে হার্ভার্ডে প্রফেসর রবার্ট কার্শনারের গ্রুপে যোগ দেন ডক্টরেট করার জন্য। কেন অ্যাস্ট্রনমি বেছে নিলেন, এই প্রশ্নের জবাবে ব্রায়ান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তিনি ক্যারিয়ার কাউন্সেলিংয়ের শরণাপন্ন হয়েছিলেন। সেখানে কেউ একজন তাঁকে বলেছিলেন, ‘তোমার তা-ই করা উচিত, যা তুমি বিনা পয়সায় করে থাকো।’ অর্থাৎ, নেশাকেই পেশা হিসেবে বেছে নেওয়া উচিত। সেই থেকে তিনি জ্যোতির্বিদ্যার একনিষ্ঠ শিক্ষার্থী। রবার্ট কার্শনারের গ্রুপে তিনি টাইপ টু সুপারনোভা ব্যবহার করে কী করে দূরত্ব নির্ণয় করা যায়, সেটা নিয়ে গবেষণা শুরু করলেন। সূর্যের ১০-২০ গুণ ভারী নক্ষত্র অন্তিম পর্যায়ে সব জ্বালানি পুড়িয়ে সুপারনোভা বিস্ফোরণের সৃষ্টি করে। তবে এমন অনেক যুগ্ম তারা-ব্যবস্থা দেখা যায়, যেখানে একটি তারা শ্বেতবামন, কিন্তু সঙ্গী তারাটি একটি দানবাকৃতির তারা। প্রায়ই দেখা যায়, সঙ্গী দানব তারার বহিরাংশের পদার্থ গিয়ে শ্বেতবামনে পড়ে। এভাবে শ্বেতবামন তারার ভর বাড়তে থাকে এবং একপর্যায়ে সেটি আবার বিস্ফোরিত হয়। এরা টাইপ ওয়ান সুপারনোভা।যা হোক, হার্ভার্ডের পরিবেশ ব্রায়ানের বেশ ভালো লেগে যায় এবং এখানেই তিনি তাঁর ভবিষ্যৎ স্ত্রীকে (জেনিফার গর্ডন) খুঁজে পান। পিএইচডি শেষে তিনি হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রফিজিকসে পোস্ট ডক্টরাল গবেষণার সময় আরেক জ্যোতির্বিদের পরামর্শে টাইপ ওয়ান সুপারনোভা নিয়ে আগ্রহী হয়ে পড়েন। এভাবে ১৯৯৪ সালে হাই-জেড সুপারনোভা সার্চ টিম তৈরি হয়। এই গবেষণারই ফল ১৯৯৮ সালে যুগান্তকারী আবিষ্কার এবং ২০১১ সালে নোবেল প্রাপ্তি। ব্রায়ান মনে করেন, আধুনিক বিজ্ঞানচর্চায় জিনিয়াসের প্রয়োজন নেই। একসময় যখন কম্পিউটার ছিল না, তখন হয়তো জিনিয়াসদের দরকার ছিল, কিন্তু আধুনিক গবেষণার জন্য চাই একটু কাণ্ডজ্ঞান ও সৃষ্টিশীলতা। ক্রিয়েটিভিটি ও কমনসেন্সের মেলবন্ধনে তৈরি হতে পারে মানুষের জন্য কল্যাণকর সব আবিষ্কার। আর চাই কিছু দক্ষতা, যেমন—গণিত, ফিজিকস বা বায়োলজিতে চমৎকার দক্ষতা।ব্রায়ান মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। অনেকেই প্রশ্ন করেন, আকাশের দিকে তাকিয়ে লাভ কী, এটা কি আমার পেট ভরাবে? এর উত্তর হলো, বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার আজকের জন্য নয়, এটি ভবিষ্যতের জন্য। যেমন—১৯২০-এর দশকে যখন বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিকস নিয়ে তুলকালাম ঘটাচ্ছেন, তখন অধিকাংশের কাছেই মনে হয়েছে এটা খ্যাপাটে বিজ্ঞানীদের পাগলামি। এর ৫০ বছর পর যখন ইলেক্ট্রনিকসের সামগ্রীতে সারা বাজার ছেয়ে ফেলল, তখন বোঝা গেল কোয়ান্টাম মেকানিকসের অবদানটি ঠিক কোথায়। এই মুহূর্তে ব্রায়ান অনেক বিষয় নিয়ে গবেষণায় ব্যস্ত। এগুলোর মধ্যে গামা রশ্মির বিদারণ, পৃথিবীর নিকটস্থ গ্রহাণুদের সালতামামি, দক্ষিণ গোলার্ধের আকাশের ডিজিটাল ম্যাপ তৈরি অন্যতম।ব্রায়ানের মতে, ‘এই বিশ্বজগৎ এক উদ্ভট জায়গা, একে সত্যিকারভাবে বুঝতে হলে আপনার কিছুটা ফিজিকস, কিছুটা ম্যাথ ও কিছুটা বিজ্ঞান জানা থাকা চাই।’টুকরো জীবনজন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৬৭, মনটানা, যুক্তরাষ্ট্রকর্মস্থল: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি মাউন্ট স্ট্রমলো অবজারভেটরিযে কারণে নোবেল: মহাবিশ্ব সম্প্রসারণের গতি বৃদ্ধি পাচ্ছে, তার প্রমাণ উপস্থাপনের জন্যউল্লেখযোগ্য পুরস্কার: ম্যালকম ম্যাকিন্টশ পুরস্কার।শ প্রাইজ ইন অ্যাস্ট্রোনমি (২০০৬)লেখক: সহকারী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়