সুপারহিরোদের বাংলাদেশপ্রীতি এবং একটি মশার কয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লস অ্যাঞ্জেলেসে এসে হলিউড দেখব না? এ তো আগ্রায় গিয়ে তাজমহল না দেখার মতো ব্যাপার। হ্যানকক পার্ক থেকে হলিউড হাঁটার দূরত্ব। রাস্তা ধরে শুরু করলাম হাঁটা। কিছু দূর গিয়ে পড়লাম গোলাগুলির মধ্যে। একপাশে পুলিশ, অন্য পাশে ব্যাংক ডাকাত, মাঝখানে আমি। পুরোটাই স্যান্ডউইচ। জান বাঁচাতে লুকালাম গাছের আড়ালে। দেখি, এক ডাকাত গুলি করতে করতে এদিকেই আসছে। হাত দুটো ওপরে তুলে রেখে যা বললাম, তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমারে মাইরেন না ভাই। এই দেশে ভুলেও আর আসব না। একবার বাংলাদেশে যাইতে পারলেই হয়।’ যেই মাত্র ‘বাংলাদেশ’ বললাম, সঙ্গে সঙ্গে কোত্থেকে ‘ক্যাপ্টেন আমেরিকা’ এসে হাজির। ক্যাপ্টেনের বর্মের কারিকুরিতে পিতৃপ্রদত্ত প্রাণটা সেবারের মতো রক্ষা। ডাকাতগুলোকে পাকড়াও করে ক্যাপ্টেন এগিয়ে এল। জিজ্ঞেস করল, ‘হেই ব্রো, আর ইউ ওকে?’‘ইয়েস, আই অ্যাম ওকে। থ্যাংকস।’‘আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি আমার দেশি লোক, তোমাকে বাঁচানো দায়িত্বের চেয়ে বেশি কিছু!’ পরিষ্কার বাংলায় বলল ক্যাপ্টেন।আমি তো পুরাই থ, দ, ধ, ন, ‘বলেন কী?’‘ইয়াপ। বাংলাদেশের দাঙ্গা পুলিশ ছিলাম একসময়। এক হাতে লাঠি, এক হাতে বর্ম আর পায়ে উইকেটকিপারের প্যাড পরে পল্টন মোড়ে হরতালে ডিউটি দিতাম। পিকেটারদের ইট-পাটকেল বর্ম দিয়ে ভালোই ঠেকাতাম। ভিডিও ছড়াল চারদিকে। নাম হলো। এরপর ডাক শুনে সাড়া দিলাম। প্রকৃতির ডাক না। হলিউডের। তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বলে লাঠি আর প্যাড আনতে পারিনি। পাশে হলিউডেই ছিলাম, হঠাৎ “বাংলাদেশ” শুনে ছুটে এসেছি।’এই বিদেশবিভুঁইয়ে বাঙালির ভ্রাতৃপ্রেম দেখে আমার বাকবাকুম অবস্থা, ‘চলেন, কফি খাই।’কফি শেষ করে ক্যাপ্টেনকে বিদায় দিলাম। কিছুক্ষণ আগে ডাকাতের কাছে করা শপথকে বুড়ো, জোয়ান আর শিশু আঙুল দেখিয়ে আবার হাঁটা শুরু করলাম হলিউডের উদ্দেশে। কিছু দূর গিয়ে আবার বিপদ। পাইলিং মিসটেকে বিরাট এক বিল্ডিং দেখি হেলে পড়ছে আমার দিকে। যে গতিতে দেয়ালগুলো ছুটে আসছে, এর মধ্যে দৌড়ে বিল্ডিংয়ের আওতার বাইরে যাওয়া বেসম্ভব। হঠাৎ মাথায় বুদ্ধি এল। দেয়ালে নাকি অনেকের পিঠ ঠেকে যায়। আমি পিঠে দেয়াল ঠেকানোর উদ্দেশ্যে উপুড় হয়ে রাস্তার ওপর শুয়ে পড়লাম। হঠাৎ দেশের কথা মনে পড়ে বুকটা হু হু করে উঠলে উচ্চ স্বরে কবিতা পড়া শুরু করলাম, ‘আবার যাইব ফিরে, ওই বাংলার তীরে; হয়তো মানুষ নয়, জীবাশ্ম জ্বালানি হয়ে’।এক মিনিট, দুই মিনিট। বিল্ডিং আর পড়ে না। ব্যাপার কী? ঘাড় ফিরিয়ে দেখি বিল্ডিংটা ধরে আছে স্বয়ং ‘হাল্ক’। বিল্ডিংটাকে বালিশের মতো একপাশে সরিয়ে দিয়ে হাল্ক এসে আমাকে জড়িয়ে ধরল, ‘ওহ নো!’শ্বাস বন্ধ অবস্থায় মনে হলো, এর চেয়ে বিল্ডিং পড়লেই ভালো হতো।‘আরে ব্রো! বাংলা শব্দটা শুনেই দেশি ভাই ব্রাদার বাঁচাতে ছুটে এসেছি।’‘তোমার কাহিনি কী? তুমি কী ছিলা? পুলিশের ওসি?’‘না। বাংলাদেশের যোগাযোগমন্ত্রী ছিলাম। এমনিতে আঙুল ফুলে কলাগাছ হয়। আমি এমন খাওয়া খাইছি পুরো শরীর ফুলে গেছে। ফুলে কলাগাছের মতো সবুজ হয়ে গেছে।’‘ভালো, এমনিতে জানতাম রেগে গেলেন তো হেরে গেলেন। একমাত্র তোমার ক্ষেত্রে “রেগে গেলেন তো জিতে গেলেন”। অ্যানিওয়ে, থ্যাংকস। ক্যাপ্টেন আমেরিকাকে কফি খাইয়েছি। তোমার তো কফিতে পোষাবে না, হাতি লাগবে। পকেট ফাঁকা, দেশে এলে হাতি খাওয়াব। বিদায়।’না, আর হাঁটাহাঁটি না। ছাদ খোলা দ্বিতল বাসে চড়ে বসলাম। কিছু দূর গিয়েই পড়লাম ভয়াবহ জ্যামে। রাস্তার ওপর এলোপাতাড়ি গাড়ি। আমার ছটফটানি দেখে সাদা চামড়ার একজন নাম জিজ্ঞেস করে দেশ জানতে চাইল। আমি ‘বাংলাদেশ’ বলার সঙ্গে সঙ্গে সাঁই করে স্পাইডারম্যান হাজির। সঙ্গে লাস্যময়ী কার্স্টেন ডান্সট।‘ইউ বাংলাদেশি? আমি বাংলাদেশ খুউব ভালো পাই। আমার স্পাইডারম্যানগিরি তো ওইখান থেকে শুরু।’‘তোমার কাহিনি কী?’ আড়চোখে ডান্সটের দিকে তাকিয়ে স্পাইডারম্যানকে জিজ্ঞেস করলাম।‘চাকরির ইন্টারভিউ দিতে বাংলাদেশে গিয়েছিলাম। ইন্টারভিউর দিন খোশ মেজাজে চুইংগাম চিবোতে চিবোতে বাস স্টপেজে দাঁড়ালাম। বাস এল। হলি কাউ! একটা বাসে এত মানুষ উঠতে পারে, আমি স্বপ্নেও ভাবিনি। কোনোমতে দরজার রড ধরে গাছের কাঁঠালের মতো ঝুলে রইলাম। এভাবে ঝোলাঝুলি শিখলাম। কিছু দূর গিয়ে আরেক কাণ্ড। বাস আর চলে না। পূর্ণদৈর্ঘ্য অচল-চিত্র। ফুটপাতে নেমে এলাম। বাংলাদেশের ফুটপাত যে হকার আর মোটরসাইকেলওয়ালাদের জন্য বানানো, এটা জানতাম না। এক কদমও হাঁটতে পারিনি। হাতে সময় কম। বাধ্য হয়ে মুখের চুইংগাম হাতে মাখালাম। তারপর ফুটপাতের পাশের খাড়া দেয়াল বেয়ে, রাস্তার পাশের বিল্ডিংয়ের কার্নিশ ধরে, ইলেকট্রিসিটির খাম্বা আর তার ধরে ঝুলে ঝুলে এগোলাম। এভাবে দুই মাসে খালি হাতে দালান বেয়ে ওঠা শিখে গেলাম।’স্পাইডারম্যান বকে চলল, আমি ডান্সটের দিকে তাকিয়ে থাকলাম।‘চুইংগামে চড়বা?’ স্পাইডারম্যানের প্রশ্নের জবাবে চোখ না ফিরিয়েই বললাম, ‘না। তুমি দুই মাস যা করে স্পাইডারম্যান হয়েছ, তা আমরা সারা জীবন করি। আমি নিজের পায়ে হলিউডে যাব। তুমি বরং আমাকে ডান্সটের সঙ্গে পরিচয় করিয়ে দাও।’‘ও শিওর। ও তো তোমার ভাবি। হেই ডান্সট, মিট উইথ ইউর ব্রাদার ইন ল।’ লাস্যময়ী মিষ্টি হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। ব্রিটেনের রয়াল নিয়ম অনুসারে রানির হাতের পিঠে চুমু দেওয়া ভদ্রতা। ব্রিটেনের নিয়ম কি আমেরিকায় চলে? যা হবে হোক। ভাবি মানুষ; ডান্সটের হাতটা ধরার জন্য হাত বাড়ালাম, সঙ্গে সঙ্গে বিছানার পাশে রাখা মশার কয়েলের আগুনে আঙুল পুড়ে ঘুমটা ভেঙে গেল। দূররর। মেজাজটাই বিলা হয়ে গেল। পরে মনে হলো, হালকার ওপর দিয়ে গেছে। হাত ধরতে গিয়ে এই অবস্থা, তারপর তো হাতে চুমু দেওয়া বাকি ছিল!