সুপারিতে আয় ৬৩০ কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু সদরের চারদিকে হলুদের ছড়াছড়ি। সবখানে সুপারি আর সুপারি। সকাল থেকেই রিকশা-ভ্যানে বোঝাই করে সুপারি আসছে বাজারে। চাষিদের দম ফেলার ফুরসত নেই। সকালে আনা সুপারি বিক্রি শেষ হলে আবার ছুটছেন বাগানে। বিকেলে ফিরছেন নতুন সুপারি নিয়ে। বিক্রিও জমজমাট। এটি গত বৃহস্পতিবারের চিত্র।জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কক্সবাজার জেলায় এবারও সুপারির বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে খুশি চাষিরা। এই মৌসুমে সুপারি বিক্রি করে আয় হবে অন্তত ৬৩০ কোটি টাকা। রামু সদর থানার সামনে (সড়কে) সুপারি বিক্রি করতে আসা ফতেখাঁরকূল গ্রামের চাষি মমতাজুল ইসলাম (৫৫) বলেন, ‘সকালে প্রায় আট হাজার সুপারি বিক্রি করে পেয়েছি সাত হাজার ৩০০ টাকা। এখন আরও সাত হাজার সুপারি বাজারে নিয়ে যাচ্ছি। বাড়ির পাঁচ শতাধিক গাছের সুপারি বিক্রি করে এই মৌসুমে তিন লাখ টাকা আয় হবে বলে ধারণা করছি।’ মমতাজুল ইসলামের মতো ওই গ্রামের শত শত বাড়িতে সুপারি বাগান। এসব বাগানের গাছে ঝুলছে থোকায় থোকায় সুপারি। এই গ্রামের বাসিন্দা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, পরিবেশ অনুকূলে থাকায় এবার উপজেলার ১১ ইউনিয়নের প্রায় ২০০ গ্রামে সুপারির বাম্পার ফলন হয়েছে। গত বছর ৮০টি সুপারি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এবার সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে অন্তত ১০ হাজার চাষি লাভবান হচ্ছেন।একই অবস্থা দেখা যায় টেকনাফ ও উখিয়া উপজেলার প্রায় তিন শতাধিক গ্রামে। এই উপজেলার ডেইলপাড়া, আছারবনিয়া, সাবরাং, মুন্ডারডেইল ও নিলা গ্রাম ঘুরে দেখা গেছে, বাগানে সুুপারি কাটার ধুম পড়েছে। আছারবনিয়া গ্রামের চাষি নুরুল ইসলাম (৪৬) জানান, গত ১৮ দিনে তিনি বাগানের সুপারি বিক্রি করে পেয়েছেন প্রায় ৯০ হাজার টাকা। একইভাবে সুপারি বিক্রি করে বাহারছড়ার চাষি সিরাজ মিয়া পেয়েছেন ৭৬ হাজার টাকা, কাদের হোসেন ৪৫ হাজার ও শিলখালী গ্রামের রমজান আলী পেয়েছেন ৩৪ হাজার টাকা। সরেজমিনে দেখা গেছে, উখিয়ার কোটবাজার, ইনানী, সোনারপাড়া বাজার, টেকনাফ থানার সামনে খোলা মাঠে, পানবাজার সড়ক, নিলা বাসস্টেশন, সাবরাং বাজার, রামুর চৌমুহনী ও মহেশখালীর গোরকঘাটায় সুপারি বিক্রির বিশাল হাট বসে। এসব বাজার থেকে প্রতিদিন সুপারি কিনে ব্যবসায়ীরা চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার আট উপজেলায় প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। এবার প্রতি হেক্টর বাগানে ৩০ থেকে ৪০ মেট্রিক টন করে সুপারি উৎপাদন হচ্ছে। গড়ে ৩৫ মেট্রিক টন করে ধরলে ১২ হাজার হেক্টরে সুপারি উৎপাদন হবে চার লাখ ২০ হাজার মেট্রিক টন। প্রতি মেট্রিক টন সুপারি গড়ে ১৫ হাজার টাকায় বিক্রি ধরলে পাওয়া যাবে ৬৩০ কোটি টাকা।