টেকনাফে এবারও সুপারির ফলন ভালো হয়েছে। কিন্তু গতবারের তুলনায় দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। গত বছর এক পণ সুপারির দাম ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। এখন সেই সুপারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। ৮০টি সুপারিতে এক পণ হিসাব করা হয়।
বাগান মালিক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফলন বেশি হওয়ায় মৌসুমের শুরুতেই বাজার সয়লাব হয়ে গেছে সুপারিতে। বাজারে সুপারির অনুপাতে ক্রেতা কম। এ ছাড়া ভারত থেকে চোরাইপথেও কিছু সুপারি দেশের বাজারে ঢুকছে। ফলে দাম পড়ে যাচ্ছে।
টেকনাফে সুপারি ব্যবসায়ী নুরু সওদাগর, আবদুল গফুর, সিরাজুল ইসলাম ও আবদুল আমিন জানান, ভারত থেকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও কুমিল্লা সীমান্ত দিয়ে চোরাইপথে সুপারি আসায় স্থানীয় বাগান মালিকেরা ন্যায্যমূল্যে পাচ্ছেন না। ব্যবসায়ীদেরও লোকসান গুনতে হচ্ছে। তাঁরা চোরাইপথে সুপারি আসা বন্ধ করতে সরকারের সহযোগিতা কামনা করেন।
টেকনাফের সুপারির কদর রয়েছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। রোব ও বৃহস্পতিবার সপ্তাহের হাটবারে ট্রাকভর্তি সুপারি সরবরাহ করা হচ্ছে ওই সব অঞ্চলে।
গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌর এলাকার থানার সামনে ও টেকনাফ-কক্সবাজার সড়কের বাসস্টেশন–সংলগ্ন হোটেল দ্বীপ প্লাজার সামনে ফুটপাত দখল করে সুপারির হাট বসেছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারীরা সুপারি কিনছেন।
সাবরাং আছারবনিয়া গ্রামের চাষি ফজলুল হক বলেন, টেকনাফ সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের শতকরা ৯০ ভাগ পরিবার সুপারি উৎপাদনের আয়ের ওপর নির্ভরশীল। প্রতি হাটবারে এলাকার চাহিদা মিটিয়ে দৈনিক ১৫ থেকে ২০ ট্রাক (পাঁচ টন) সুপারি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। চলতি বছর ভালো ফলন হলেও আশানুরূপ দাম পাওয়া যাচ্ছে না।
কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার ছয়টি ইউনিয়নে ছোট-বড় প্রায় চার হাজারের মতো সুপারির বাগানে চলতি মৌসুমে ১ হাজার ২৫০ হেক্টর (৩ হাজার ৮৮ একর ) জমিতে সুপারির আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ২২ মেট্রিক টন হিসেবে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫০০ মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয় বাগান মালিকদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছি। যেকোনো সময় কৃষি কারিগরি, সহায়তা ও পরামর্শের জন্য মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।