সুপারির রাজ্যে চাষির আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফে চলতি মৌসুমেও সুপারির বাম্পার ফলন হয়েছে। এবার দাম বেশি হওয়ায় খুশি চাষিরা। গত মৌসুমে দাম কম পাওয়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তাঁরা। কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার তিন হাজার ১৩৪টি বাগানে গত বছরের তুলনায় এবার দ্বিগুণ সুপারি উৎপাদিত হবে। গতবার প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় চাষি ও বাগানমালিকেরা প্রতিদিন যানবাহনে করে টনে টনে সুপারি বিক্রির জন্য নিয়ে আসছেন উপজেলা সদরের বাজারে। বিক্রিও হচ্ছে ভালো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসছেন সুপারি কিনতে। এখান থেকে সুপারি কিনে ট্রাক বোঝাই করে কক্সবাজার, লোহাগাড়া, দোহাজারী, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, চট্টগ্রাম শহর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রংপুরসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের অনেকে বর্ষা মৌসুমের জন্যও মজুদ করছেন।টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া ও হাতিয়ারঘোনা গ্রামের বাগানমালিক আবু বক্কর ছিদ্দিক ও জাফর আহমদ বলেন, গত বছর এ সময়ে এক পণ (৮০টি) বড় কাঁচা সুপারি বিক্রি করেছিলাম ৮০-১১০ টাকায় ও ছোট সুপারি ৩০-৬০ টাকায়। কিন্তু চলতি মৌসুমের শুরুতে বড় এক পণ ১২০-১৬০ টাকায় ও ছোট সুপারি ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। সুপারি ব্যবসায়ী আব্দুল গফুর ও নুরু মিয়া সওদাগর বলেন, ‘স্থানীয় বাজারে সুপারির দাম খুবই চড়া। বিভিন্ন গ্রাম থেকে সুপারি কিনে এনে বাজারে বিক্রি করলে দিন শেষে পাঁচ-ছয় হাজার টাকা আয় করা সম্ভব। ’কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ জামাল উদ্দিন বলেন, টেকনাফে উৎপাদিত সুপারি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ সুপারি দেশের চাহিদা মেটানোর পাশাপাশি সৌদি আরব ও দুবাই রপ্তানি করে সরকার প্রতি বছর কোটি টাকার বেশি আয় করছে। তিনি বলেন, এবার টেকনাফে সুপারির উৎপাদন পাঁচ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে।এদিকে, সুপারি বিক্রেতারা অভিযোগ করেন, প্রতিবছর পৌর কর্তৃপক্ষ হাটবাজার ইজারা দিয়ে লাখ লাখ টাকা নিলেও নির্দিষ্ট স্থান বা ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুপারি বিক্রি করতে হচ্ছে। প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার সড়কের ওপর সুপারির হাট বসায় যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ ও দেশি-বিদেশি পর্যটকদের।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ বলেন, ‘সুপারি বাজারের নির্দিষ্ট ছাউনি না থাকায় পথচারী ও পর্যটকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী অর্থবছর থেকে নির্দিষ্ট ছাউনি করার পরিকল্পনা রয়েছে।’