সুপ্রিয় বাবা-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা, আমি আপনাকে এখন বিদায় দিতে তৈরি। সকাল থেকে আপনার খুবই কাছে বসে আছি। গভীর ঘুমে আপনি। থেমে থেমে আর্টিফিশিয়াল ভেন্টিলেটরের শব্দ। আমি বুঝতে পারি আজ আপনার চলে যাওয়ার দিন। অনন্তলোকে।আমি ১০ হাজার মাইল দূরে আপনার ছোট দুই দাদাকে (পৌত্র) রেখে ছুটে এলাম অন্তত একবার আপনাকে ছুঁয়ে দেখব বলে। কত কী বলার ছিল। কিন্তু ফ্লাইট দেরি হলো। এয়ারপোর্টে অনাবশ্যক আরও দুই ঘণ্টা লাগেজের জন্য দেরি। ঢাকার যানজট ঠেলে আপনার কাছে পৌঁছে দেখি আপনি কেবলই প্রলাপ বকছেন। সেই থেকে তিন রাত তিন দিন আমি ঢাকার ইব্রাহিম কার্ডিয়াকে।কত কথা বলার লোভ ছিল। আপনি জানছেনও না, এই কদিনের যমে-মানুষের টানাটানি আমাকে কতটা ক্ষত-বিক্ষত করেছে। আপনি বলতেন ইচ্ছাটা বড় হলে, প্রচেষ্টা থাকলে আকাশ ছোঁয়া যায়। আমার নিরন্তর আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছে। কিন্তু আপনাকে তো কখনো জিজ্ঞেস করা হয়নি, আপনি কী হতে চেয়েছিলেন? আপনার কি শখ ছিল? আপনার ৮২ বছরের জীবনকে আমরা বলি পরিপূর্ণ জীবন, তার অবসানের পূর্বক্ষণে এসব এলোমেলো চিন্তা আমার মস্তিষ্কে ঘুরপাক খায়। আমি ইব্রাহিম কার্ডিয়াকের জানালা দিয়ে আকাশ দেখতে থাকি, বাবা...বাবা মানে তো নিজের পরিচয়, ঠিকানা। এই শব্দের মধ্যে আমার যা কিছু অহঙ্কার। এখন ধীরস্থির হয়ে সেই বাবার ক্রমশ হূদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া দেখছি। আপনার কী আকুতিই না ছিল, সুস্থ হয়ে বাগেরহাটে যাওয়ার। ভিটেমাটিতে আপনার নিথর দেহ নিয়ে যাবার আয়োজনে আমি ব্যস্ত হয়ে পড়ি। ওয়ার্ড ইনচার্জ আমাকে ডাক দেন। সাদা চাদর দিয়ে আপনার মুখ ঢেকে দেওয়ার আগে আরেকবার আপনাকে দেখি। নীমিলিত চোখ প্রশান্তির মুখ। হঠাৎ এই বোধ আমাকে আচ্ছন্ন করে, আপনি আমার সবটা জুড়ে আছেন। আপনার প্রাণহীন নিথর দেহ। শব্দহীন ‘কেমন আছিস বাবা’ এই শব্দগুলো তখন দূরাগত বহুশ্রুত কোনো সংগীতের মতো কেবলই আমার কানে বাজতে থাকে...।আমার মনে পড়ে না, কখনো আপনার জন্মদিন করেছি কি না। কখনো আপনার জন্মদিনের কেক কেটেছি কিনা। আপনার জন্মদিন কবে জানি বা বললে আমার ছেলে তন্ময় ও অর্নি অবাক হয়। মনে পড়ে না আমরা কখনো একত্রে ছুটি কাটাতে গিয়েছি। আপনি কেবলই কাজ করেছেন, আমরা নানাবাড়ি বেড়াতে গিয়েছি। আপনি সন্ধ্যার আলোয় প্রেসের প্রুফ দেখেছেন। আমরা বুড়ির ছুঁ খেলেছি। বিকেলে বাগেরহাট শহরে লাইট হলে সিনেমায় গান বেজেছে। আপনি প্রেসের শেষ ফরমাটা ছাপা শেষ হলো কি-না তাই ভেবে ব্যাকুল হয়েছেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে কৃত্রিম শ্বাসযন্ত্রের ওপর আপনার নির্ভরতা বেড়েই যাচ্ছিল। বেশির ভাগ সময়ই আপনি ছিলেন সংজ্ঞাহারা। তখন আমি কেবল আপনাকে তাকিয়ে দেখি, আপনার মুখ কেঁপে কেঁপে ওঠা, হাত ওপরে উঠে যায়। মনে হয়, আমাকে কিছু বলতে চাইছেন। আমি কিছুই বুঝতে পারি না। নিজেকে জিজ্ঞাসা করেছি, আপনার জন্য আমার এখন কী প্রার্থনা করা উচিত?আমেরিকায় অর্থবহ কোনো জীবনে ফিরে আসার সম্ভাবনা যখন আর না থাকে, তখন আমরা এন্ড অব লাইফের সংলাপ শুরু করি। কতবার আমি এ রকম করেছি। আমরা বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি রোগীর পরিবারকে। বলি, তার বিভিন্ন দেহতন্ত্র ক্রমশ আর ভালো না হওয়ার মতো ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। অতএব কৃত্রিম উপায়ে আর বাঁচিয়ে রাখা অর্থহীন। ক্যানসার বা দুরারোগ্য ব্যাধির শেষ পর্যায়ে আমরা Do not Resuscitate (জীবন উদ্ধার প্রচেষ্টা) অর্ডার লিখি। এই সংলাপ তো আপনার সঙ্গে সহজভাবে করা যেত। জীবনবাদী আর ভয়ানক রকম বাস্তববাদী ছিলেন আপনি। আপনি হয়তো বলতেন, কী লাভ শুধু শুধু এই কষ্ট প্রলম্বিত করে, তার সঙ্গে অনাবশ্যক অর্থব্যয়। টার্মিনাল ইলনেস দূরারোগ্য ব্যাধির রোগীকে মৃত্যু মেনে নিতে তৈরি করা কষ্টকর। তবু বাংলাদেশে এটা আরও মর্মান্তিক রকম প্রশ্নের সম্মুখীন। কতখানি চিকিৎ সার পরে খুলে বলব, আর হবে না। কারণ এই চিকিৎ সার, এই ব্যর্থ প্রতিকারের চেষ্টায় যা অর্থব্যয় হয়, তাতে একটা পরিবার যদি পথে বসে, তবে তার দায় কার ওপর?ইংল্যান্ডে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, খরচ তার থেকে আসে। তবে ওরাও প্রশ্ন তোলে অর্থহীন এসব প্রচেষ্টায় ওদের হেলথ কেয়ারের অর্থসংস্থান ওরা সংকুচিত করবে না কেন? আমেরিকায় হেলথ ইনস্যুরেন্স এসব খরচ দেয়। ইনস্যুরেন্স না থাকলে স্টেট তার ব্যয় বহন করে, বিনা চিকিৎ সায় কেউ মরে না। তবে টার্মিনাল কেয়ারের চিকিৎ সায় প্রচুর ব্যয়-সংস্থান করা কোনো কাজের কথা নয়। কিন্তু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আইসি ইউর রোগীর যেকোনো পরিবারের জন্য প্রিয়জনের বেলায় এই সিদ্ধান্ত দেওয়া কঠিন। আমেরিকাতে আমরা চিকিৎ সকেরা পরিবারের সঙ্গে বসি। পরিবারের শুধু একজনের থেকে সিদ্ধান্ত আশা করি না। আমরা কাউকে চাপ দিই না। এন্ড অব লাইফের জীবনাবসানের সিদ্ধান্তগুলো অনেক রকম হতে পারে। শ্বাসযন্ত্র রোগীর থেকে সরিয়ে নেব কি...না, খাবার দেওয়ার টিউব খুলব কি না, নতুন কোনো ওষুধ দেওয়া থেকে বিরত থাকব কি না, হূদযন্ত্রক্রিয়া বন্ধ হলে তা চালুর আর কোনো চেষ্টা চলবে কি না, এসব। এর সঙ্গে অবধারিত মৃত্যুর দিনক্ষণ এমনভাবে জড়িয়ে থাকে যে, যেই সিদ্ধান্ত দিক, তার মধ্যে একটা দায় স্বীকারের দোষী বোধ কখনো যেন না হয় তার দিকে খেয়াল রাখি আমরা। বাংলাদেশে এখন আইসিইউ সার্ভিসের প্রসার ঘটেছে। কিন্তু এসব বিবেচনা মাথায় রেখে উন্মুক্ত সংলাপের কালচার গড়ে উঠেনি।কয়েকদিন আগে আপনার থেকে আধা বয়সী এক রোগী এল হার্ট অ্যাটাক নিয়ে। মৃত্যুর ভেতর থেকে তাকে বলতে পারেন এখানকার ডাক্তার/নার্স, ছিনিয়ে নিয়ে এল জীবনের মধ্যে। একটা ধমনিতে বন্ধ রক্ত সঞ্চালন ঠিক করার পরে উনি অনেকটা সুস্থ। আরেকজন বৃদ্ধ ফুসফুসের পানি জমার জন্য খুব সংকটময় অবস্থায় এলেন। কিন্তু তাঁর জন্য আমি খুবই আশাবাদী ছিলাম। সেই পরিবারের লোকদের বলি উনি হয়তো উঠে বসবেন ২৪ ঘণ্টার মধ্যে। আমরা মুহুর্মুহু শক দিয়ে ক্যাথল্যাবে আর্টারি ওপেন করি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে রোগীকে ফিরিয়ে আনি। সেসবই এক অদ্ভুত টিমওয়ার্ক। গোটা টিম রোগীর ওপর ঝাঁপিয়ে পড়ে মৃত্যু থেকে তাকে জীবনে ফিরিয়ে আনতে। শুধু এটুকুর জন্য ডাক্তার হওয়াটা আমার কাছে বড় পাওয়া মনে হয়। কিন্তু বাবা, আপনার জন্য আর কোনো প্রচেষ্টার এখন বাকি নেই। এখন আমি স্থির প্রতিজ্ঞ হয়ে আপনাকে বিদায় দিতে তৈরি। খানিক বাদে আপনাকে ওরা হিম ঘরে নিয়ে যাবে। ভোরে আপনাকে নিয়ে বাগেরহাট রওনা হয়ে যাব।চৌধুরী হাফিজুল আহসানবিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাসভেগাস, যুক্তরাষ্ট্র।[email protected]