সুপ্রিয় বাবা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন এই ভয়ানক খারাপ খবর আপনাকে কেমন করে দিই, বাবা? সকাল থেকে মায়ের দুবার রক্তবমি হয়েছে। এখন অবচেতন, সংজ্ঞাহারা। এর বেশি নীলি আর কিছু বলতে পারেনি। ১০ হাজার মাইল দূরে বসে আমি ওকে কী বলব—স্যালাইন জোগাড় করতে? রক্ত দেওয়ার জন্য রক্তের গ্রুপের খোঁজ করতে?প্রায় এক বছর হয়ে গেল মা আছেন পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ওপর। বহুদিনের বহুমূত্র, উচ্চ রক্তচাপ, এরই মথ্যে দুবার স্ট্রোক হলো। মস্তিস্কের রক্ত পরিচলনে কমতির কারণে। এর ওপর আছে বারবার ইনফেকশনের মতো জটিলতা।আমি এখনই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশেষজ্ঞদের ফোন করলে পেয়েও যাব। এই বিশেষজ্ঞ বন্ধুরা আমার মায়ের কথা শুনলে অবলীলায় পরামর্শও দেবে। কিন্তু বাবা, আমি তো কিছুই করতে পারছি না। টেলিফোন রেখে নিশ্চল-নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে আছি। দীর্ঘদিন ধরেই মা ভুগছেন। তাঁকে আমরা আঁকড়ে ধরে আছি। বেশ কিছুদিন হলো, কখনো সাড়া পাই, কখনো পাই না। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ধীরে ধীরে তিনি কেবলই ঝাপসা হয়ে যাচ্ছেন। আমি মাকে খুঁজতে থাকি। অষ্টম শ্রেণী পাস একটি মেয়ে একদিন হুটহাট আপনার সংসারে এসে গিয়েছিল। কোনো এক বসন্তদিনে সেই মেয়েটি বেণি দুলিয়ে, বকলেস দেওয়া জুতো পায়ে স্কুলে যাচ্ছে, বেঞ্চিতে বসে বন্ধুদের সঙ্গে আমের আচার খাচ্ছে—এই দৃশ্যগুলো আমি ভেবে নিয়েছি। মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি তার। হয়তো আমাদের পেয়ে, সন্তানদের মধ্যে মা তাঁর সারাটা বিশ্ব খুঁজে ফিরেছেন।শিক্ষার প্রতি মায়ের খুব লোভ ছিল। সংসারের জটিল আবর্তে আমরা ঘুরপাক খেয়েছি আর আমাদের লেখাপড়া, পরীক্ষা—এসব নিয়ে মা কেবলই ব্যাকুল হয়েছেন। গভীর বিশ্বস্ততায়, জানি না, কোন মমতায়—অর্ধশতাব্দী ধরে আপনার বা আমাদের সংসারে রান্নাবান্না করেছেন।আমরা তখন ইংল্যান্ডে। আপনারা বেড়াতে এলেন। মা কেবলই প্রশ্ন করে চলেছেন। বাকিংহ্যাম প্যালেস, বিগবেন, পার্লামেন্ট হাউস—এসব সম্পর্কে। আমি অবাক হয়েছি অনেক অসুস্থ হয়েও এসব ব্যাপারে মায়ের আগ্রহ দেখে। অপরাহ্নবেলায় আমি মায়ের খোলা চুল, সেলাইয়ের হাত, মমতাময়ী মুখের দিকে তাকিয়ে আছি। শবেবরাতের রাতে সারা দিনের ক্লান্তিভরা মুখ আর আমাদেরই জন্য তাঁর প্রার্থনার হাত; হরতালে, বানভাসি জল আর দুর্যোগে অনেক হতভাগ্য মুখের জন্য আমারই দিকে তাঁর সংকোচভরা সাহায্য প্রার্থনা, ম-ম গন্ধে ভরা মায়ের ঘরে মনে হয় মাকে ধরে বসে আছি। আমি নিশ্চিত জানি, এসব ছবি এখন ধীরে ধীরে আকাশে জমা হতে চলেছে। এর খানিক পর আমি লাসভেগাস বিমানবন্দরের নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়ে যাই। তারপর ৩৫ হাজার ফুট ওপরে উঠে আমি সেই আকাশ ছুঁয়ে দেখার চেষ্টায় নিমগ্ন থাকি।চৌধুরী হাফিজুল আহসানঅধ্যাপক, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারলাসভেগাস, নেভাদা