সুপ্রিয়বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় বাবা,বহুকাল পর আপনাকে লিখছি। খানিক আগে আমার ফ্লাইট লস অ্যাঞ্জেলস থেকে শুরু হয়েছে। কিছুতেই বিমানের মধ্যে মন বসছে না, কিচ্ছুতেই না। বাংলাদেশে এখন ভোর ছয়টা। এখন বাগেরহাটে সাধারণত আপনার ঘুম থেকে উঠি-উঠি করার কথা। কিন্তু এ মুহূর্তে আপনি ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে গভীর ঘুমে আছেন। আমার ফোন কল সেখানে পৌঁছুবে না। নিশ্চিত কেউ জানেও না আপনি জেগে কি ঘুমে, চেতনে না অবচেতনে। ইব্রাহিম কার্ডিয়াকের প্রধান মাকসুম ভাই আমাকে বলছেন, এখনো আছে আপনার জীবনের স্পন্দন।আপনি কখনো জানবেনও না আমি যে হাসপাতালে কাজ করি, সেখানে এ রকম মুহূর্তে আমার শুধু উপস্থিতিটাই অন্য চিকিত্সক ও সেবিকাদের জন্য বিরাট স্বস্তি আনে। যদি হার্ট অ্যাটাক হয়, ওরা জানে, আমি কী রকম ক্ষিপ্রতার মধ্যে সেই অসুস্থ মানুষটাকে টেনে নিয়ে চলি। ভিড় করা আত্মীয়স্বজনকে সান্ত্বনা দিই। প্রাণান্ত চেষ্টার পাশাপাশি বিধাতার যা ইচ্ছা তা-ই ঘটে।আজ আপনার জন্য আমার সব প্রার্থনা অন্য এক অনুভূতি দিয়েছে। বহুদিনের শুয়ে থাকা, চলাফেরা না-করাটা আপনার জন্য হিপণ্ডে রক্ত জমাটের সম্ভাবনা বাড়িয়েছে।আমার বড় ছেলে তন্ময়কে বললাম, সারাটা জীবন আপনি ছিলেন আমার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে। খুব ছোটবেলায় অবশ্য ভয় পেতাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার চটির শব্দে ওপরতলায় আমাদের সব ভাইবোনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত। আপনার কথা আমার পরীক্ষার চেয়েও কঠিন মনে হতো। ক্রমশ তা বদলে কখন যে আমি নিজেই আপনার ওপর খবরদারি শুরু করেছি, জানি না।প্রচণ্ড জীবনবাদী, বাস্তববাদী আপনি। তবু একাত্তরে আপনার বিধ্বস্ত চেহারা চোখের সামনে ভেসে ওঠে। আমাদের বাড়ির পেছনে সাধনা ঔষধালয়ের মালিককে যখন মেরে ফেলা হলো, দাউদাউ করে আগুন জ্বলে উঠল শহরে। তখন আপনার আতঙ্কগ্রস্ত ছোটাছুটির কথা মনে পড়ে। শহর থেকে পালিয়ে যাচ্ছিলাম। ভরা জোছনায় মাঝির সঙ্গে আপনার কথোপকথন মনে পড়ে। মাঝি কেবলই প্রলাপ বকছিল। মুক্তিযোদ্ধার লাশ নদীতে ভাসছে। আপনি মাঝিকে প্রবোধ দিচ্ছিলেন।প্রথম আলোয় প্রকাশিত একাত্তরের চিঠিতে আপনার একটা চিঠি স্থান পেয়েছে। আপনার ছেলের বউ মানে আমার স্ত্রী শেলীর পরিকল্পনা ছিল চিঠিটি সে পড়ে তার শ্বশুরকে শোনাবে। ওর মধ্যে এ নিয়ে এক ধরনের অহংকার কাজ করে।কত দিন গাড়ি চালাতে চালাতে মনে করেছি, আপনাকে জিজ্ঞেস করব এ চিঠির প্রেক্ষাপট। কত দিন ভেবেছি, শুনব, কীভাবে মোয়াজ্জেম স্যারের ছেলের সঙ্গে যোগাযোগ করা যায়। কত দিন ভেবেছি এই চিঠি এত কাল সংরক্ষণের জন্য স্যারের ছেলেকে ফোন করব ধন্যবাদ দিতে। এসব প্রেক্ষাপট না জানলে কেমন করে বুঝব, ১৬ ডিসেম্বর আপনি এত কেঁদেছিলেন কেন। আনন্দ-বেদনায় সে ছিল আমাদের জন্য এক অবিস্মরণীয় দিন।ঢাকায় এখন সকাল নয়টা। আপনি কি চোখ মেলছেন? হার্টের রোগীরা দুম করে কখন যে উঠে বসে, আমিও বুঝতে পারি না, তাজ্জব বনে যাই মাঝেমধ্যে। কিন্তু আপনার তো সেই সম্ভাবনা নেই। আপনি কৃত্রিম শ্বাসযন্ত্রের ওপর নির্ভর করে টিকে আছেন। হয়তো এতগুলো উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে আবার ধড়ফড় করে বিছানায় উঠে বসবেন।ঠিক আপনার মতো এক রোগী, বুড়িমা বেশ কিছুদিন পর ভালো হলো। যাওয়ার দিন আমাকে আশীর্বাদ করল। জড়িয়ে ধরে চুমু খেল কপালে। আমিও ফিরতি চুমু দিই তাকে। হুইলচেয়ারে বসে তার চলে যাওয়ার দৃশ্য দেখেছিলাম মুগ্ধ হয়ে। মনে পড়ছিল দাদি, অর্থাত্ আপনার মায়ের কথা।ছোটবেলায় আপনি ঢাকা এলেই আমার জ্বর হতো। আমার চিকেন পক্স হলে মা সারা রাত গায়ে নিমপাতার ডাল বুলিয়ে দিলেন। জ্বর নামল না। আপনি বাড়ি ফিরলেই জ্বর নেমে গেল। সেই থেকে নিমপাতার প্রতি আমার ভক্তি-শ্রদ্ধা উঠে গেছে। একবার টনসিল ফুলল। চিকিত্সক ওষুধ দিলেন। আপনি বাসায় ফিরলে টনসিলের ব্যথা উধাও হয়ে গেল।ঢাকায় এখন সকাল ১০টা। আমার প্লেন কানাডার ওপর দিয়ে আটলান্টিকের দিকে এগোচ্ছে। দুবাই যেতে আরও ১১ ঘণ্টা। আপনার চিকিত্সক মাকসুম ভাইয়ের সঙ্গে কথা বলতে দারুণ ছটফট করছি। ফোন করার উপায় নেই। যদি এটা পারতাম, কোনো প্র্রশ্নই আমার করতে হতো না।দেশে গিয়ে কাজ করলে আপনি কখনো ‘না’ করেননি। সারাক্ষণ ক্যাথল্যাবের কাজ আমাকে মোহাচ্ছন্ন রাখে। এর মধ্যে আমি মানুষের সঙ্গে একরকম আত্মিক সংযোগ অনুভব করি। আপনি নির্দ্বিধায় আমাকে অন্যের জন্য সময় দিতে দিয়েছেন।তন্ময় বড় হচ্ছে অন্যভাবে। খুব সহজে আমার সঙ্গে ইয়ারকি করতে পারে। তাতে হূদয়ের টান আছে ষোলো আনা। কিন্তু চিরায়ত প্রথা বিলীন হয়েছে। আমরা কষ্ট করে আমেরিকান ফুটবল খেলা দেখতে দেখতে এখন ওদের সঙ্গে এনজয় করতে শিখছি। আপনার লেখা ইংরেজি চিঠি পড়ে তন্ময় খুশি হয়, একটু অবাকও হয়। আর মায়ের বাংলায় লেখা চিঠি অনুবাদ না করে দিলে ওরা বুঝতে পারে না।আমার ছেলেরা ইউএসএর ৫০ তারকা পতাকাকে নিজস্ব মনে করে। ওটা ওদের দেশ। বাংলাদেশ তাদের মা-বাবার। তাদের সুখ-দুঃখ, কষ্টময় দিন, ভবিষ্যতের স্বপ্ন—এসব তাদের কাছে আকর্ষণীয় কিছু নয়। যেমনটি আমার কাছে ধোপাখালী গ্রাম; এখনো ধোপাখালীর পুকুর, ভিটেমাটি আপনাকে টানে খুব; মোহাবিষ্ট করে। কিন্তু আমার কাছে তা পূর্বপুরুষের দেহাবশেষ—স্মৃতিফলক মাত্র।প্লেনের মধ্যে অনেকেই এখন ঘুমে। আমি বরাবর ঘুম দিই। ছবি দেখি। আজ কিছুতেই মন বসাতে পারি না। আপনার কোনো পছন্দের গান মনে করার চেষ্টা করি; খুঁজে পাই না। আশ্চর্য! আমি দীর্ঘশ্বাস ফেলি।আপনার কথায়, আমার দাদার আর্থিক অবস্থা ভালো ছিল না। আপনি যখন কলেজে গেছেন, খুব কম মুসলমান ছেলে তা করতে পেরেছে। ধীরে ধীরে এই শহরে আপনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হিন্দুদের প্রতি আপনার সহানুভূতির কথা মনে পড়ছে। কালীপ্রসাদ স্যার আপনার নাম শুদ্ধ করে বলতেন না বলে আপনি আক্ষেপ করতেন। অথচ স্যার আমাকে ছাত্র হিসেবে অনেক আদর করতেন। তিনি দেশ ছাড়লে আপনি কষ্ট পেয়েছিলেন। আমেরিকায় আমরা এখন সংখ্যালঘু। আমাদের ঈদের ছুটি নেই। আমাদের সম্পর্কে জানতে তাদের আগ্রহ নেই। সংখ্যালঘুর দুঃখ এখন বুঝি। মাত্র দুই মাস আগে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাত পাখির গান’ পড়ি দেশ পত্রিকায়। বরাবরের মতো নিতুর কিনে দেওয়া। এ এক ভয়ানক সুন্দর কবিতা। কেমন করে দেশ ভাগ হলো। এখন দ্রুতই আন্তর্জাতিকতাবাদ আমাদের দিব্য চোখ কি খুলে দেবে? নাকি, আমাদের অন্তর্মুখী সংস্কারবাদ আমাদের সন্ত্রাসের নৈরাজ্যে টেনে নিয়ে যাবে?‘রাত পাখির গান’ আমি কয়েকবার পড়েছি। অন্তত একবার আপনাকে পড়ে শোনাতে চাই। আপনার প্রশান্ত মুখ, জীবনের সব সংজ্ঞা মেনে হেসে উঠুক আর আমি আপনাকে একবার জড়িয়ে ধরি। এই অপেক্ষায় কাল ক্রমাগত দীর্ঘ হয়। আশা-নিরাশার দ্বন্দ্বে দুলতে দুলতে আমার প্লেন দুবাই বিমানবন্দর স্পর্শ করল এইমাত্র। এরপর ঢাকা।সুপ্রিয় বাবা, আবদুল হাছিব চৌধুরী, আপনার সঙ্গে বোঝাপড়া ও তর্কাতর্কির একটা ফুল সেশন পর্যন্ত দেওয়া হলো না। এসব স্মৃতিকথা ভেবে একবার কি আপনি চোখ মেলবেন?চৌধুরী হাফিজুল আহসান, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, যুক্তরাষ্ট্র।