সুবন্ধু সমীপেষু

আমি ও আমার স্বামী দুজনই ভালো চাকরি করি। পরিবারের অমতে বিয়ে করেছি। আমাদের একমাত্র সন্তান অটিস্টিক। সংসারে শাশুড়ি ও ননদ আছে। পরিবারের বেশির ভাগ খরচ আমিই বহন করি। আমার স্বামীকে এ নিয়ে কোনো চাপ দিই না। কিন্তু এসবের কোনো স্বীকৃতি পাই না। বিশেষ করে ননদের সঙ্গে সম্পর্ক তিক্ত। এসবের জের ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। তিন বছর ধরে আমাদের শারীরিক সম্পর্ক নেই। আমি সম্পর্ক স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। দিন দিন নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। স্বামী ও সন্তানকে আমি খুব ভালোবাসি। ইদানীং মনে হচ্ছে, কোনো পিছুটান না রেখে একা জীবন কাটাই। ওর সঙ্গে সম্পর্কের এই ফাটল আর মেনে নিতে পারছি না। একা থাকার সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
তুমি যে সমস্যার কথা লিখেছ, তা বেশ জটিল মনে হচ্ছে। বিশেষ করে তোমার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই লিখেছ। দাম্পত্য জীবনে শারীরিক আর মানসিক মিলন, দুটিই সমান গুরুত্বপূর্ণ।
তোমার সন্তান অটিস্টিক। তুমি ভালো চাকরি করছ। স্বামীর সঙ্গে সম্পর্ক সুন্দর করতে চাও। আবার একা জীবনযাপনের কথাও ভাবছ।
তুমি একটি শেষ চেষ্টা করে দেখতে পারো। ভালো হয়, যদি পেশাদার ম্যারেজ কাউন্সেলরের কাছে যাও। তাঁদের সহায়তা নিলে উপকার পাবে। এ ছাড়া মনোবিদ বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারো।
আমি গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কলেজে ভর্তি হওয়ার পরই বিয়ে হয়ে যায়। পড়াশোনার কারণে এত দিন স্বামীর বাড়িতে স্থায়ীভাবে থাকা হয়নি। পরে জানতে পারি, বিয়ের আগে স্বামীর আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু এখনো সে মেয়েটির স্মৃতি হিসেবে তার ছবি, উপহার রেখে দিয়েছে। সে লেখালেখি করে, মেয়েটিকে নিয়ে কয়েকটি বইও লিখেছে। সে উচ্চশিক্ষিত, ভালো উপার্জন করে। কিন্তু আমার কোনো ভরণপোষণ দেয় না। এমনকি বিয়েতেও কিছু দেয়নি। আমি জানতে পেরেছি, আগের মেয়েটি তো বটেই, আরও কয়েকটি মেয়ের সঙ্গে তার এখনো সম্পর্ক আছে। সে আমার সঙ্গে খুব অদ্ভুত আচরণ করে। কখনো ভালোবেসে মাথায় তুলছে, তো কখনো পায়ে পিষছে। মাঝে মাঝে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসব নিয়ে পারিবারিকভাবে তার সঙ্গে আলোচনা করা হয়েছে। সে কারও কথাই শোনে না। আমার পরিবার চায় বিয়েটা ভেঙে দিতে। আমার বাবা নেই, মায়ের অন্যত্র বিয়ে হয়েছে। নানা-নানির কাছে বড় হয়েছি। তাঁরা আমার ভার থেকে মুক্ত হতেই তড়িঘড়ি বিয়ে দিয়েছেন। আমার স্বামী এখন চায়, আমি তার কাছে ফিরে যাই। কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছি না। ওর সব অত্যাচার, অসম্মান সহ্য করে কীভাবে সংসার করব। আর তা না হলে পরনির্ভরশীল হয়েই বা কীভাবে জীবন কাটাব।
নদী
বরিশাল
বিয়ে রক্ষা করতে পরিবারের লোকেরা বসলে সেখানে পক্ষপাতিত্ব এসে পড়ে। তুমি তোমার স্বামীর সম্পর্কে যা লিখেছ, তাতে পক্ষপাতিত্বের ব্যাপারটি ঘটতেই পারে। তুমি নিশ্চিত হতে চাইছ, ডিভোর্সটাই সঠিক সিদ্ধান্ত হবে কি না। সে ক্ষেত্রে তুমি একজন পেশাদার কাউন্সেলরের কাছে যেতে পারো। প্রথমে তুমি একাই যাও, পরে প্রয়োজন হলে স্বামীকে সঙ্গে নিতে পারো। আসলে সবচেয়ে জটিল প্রসঙ্গ হলো, তোমার স্বামী আগের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছে, তোমার একজন পেশাদার কাউন্সেলরের কাছে যাওয়াই ভালো। তাহলে তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ।
চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।