সুবন্ধু সমীপেষু

. আমার বয়স ১৯ বছর। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছি। আমি কখনই কোনো প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি। কলেজে কোনো মেয়ের সঙ্গে কথাও বলতাম না। কিন্তু অনেক মেয়ে আমার সঙ্গে কথাবার্তা বলতে আসত। কলেজের এক মেয়ে আমাকে প্রতিদিন তিন-চারবার ফোন করে খোঁজখবর নিত। প্রথম প্রথম বিষয়টি আমার কাছে বিরক্তিকর লাগলেও পরে ভাবলাম, মেয়েটার মনে আমার জন্য হয়তো কিছু আছে। তাই স্বাভাবিকভাবেই ওর সঙ্গে কথাবার্তা বলতাম। আমরা দুজন দুই ধর্মের। তা সত্ত্বেও মেয়েটি আমাকে প্রেমের প্রস্তাব দেয় আর আমিও রাজি হয়ে যাই।
আমি ভেবেছিলাম, একজন মেয়ে আমার ওপর ভরসা করে কাছে আসতে চায়, আমি তো আর মেয়েটার বিশ্বাস ভাঙতে পারি না। আমার ধারণা ছিল, মেয়েটি কলেজজীবন শেষে বিশ্ববিদ্যালয়ে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যাবে। কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে অনেকবার বাস্তবতা বোঝালেও সে বুঝতে নারাজ। আমাদের আট মাসের সম্পর্কে ভাঙতে দুবার চেষ্টা করেছিলাম। তার পরও সে আমার সঙ্গে থাকতে চায় এবং আমাকে বিয়ে করতে চায়। আমি এখন দোটানার মধ্যে আছি। একদিকে ধর্ম, আরেক দিকে আমার ওপর একটি মেয়ের বিশ্বাস। আমাদের বিয়ে করা কি উচিত হবে? আমিও মেয়েটাকে ভালোবাসি। তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি কোনো দিন ভালোবাসতে পারব না।
অপু দাশ
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
. তোমার বয়স মাত্র ১৯, কলেজে পড়ছ। মেয়েটির সঙ্গে তোমার যে সম্পর্ক, তা হয়তো সময়ের সঙ্গে এমনিতেই থাকবে না।
কিন্তু আমার মনে হয় তোমার সমস্যা অন্য জায়গায়। তুমি হয়তো ধর্মের ব্যাপারটা নিয়ে একটু বেশি ভাবছ। একসঙ্গে পড়াশোনা করলে এ রকম সম্পর্ক হতেই পারে। নিজেকে মানুষ হিসেবে ভাবো। সব ভেদাভেদ দূর হয়ে যাবে।
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ।
চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু
নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।