সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

** আট বছর প্রেমের সম্পর্ক থাকার পর বিয়ে করেছিলাম আমরা, পরিবারের অনুমতি ছাড়াই। বেশ সুখেই ছিলাম।

আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ওদের চেয়ে ভালো। আমার অন্য ভাইবোনদের খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে। কিন্তু আমার স্বামী বেকার। আমি ওকে অনেক সমর্থন দিয়েছি, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারেনি। একসময় বলে বসল, আমার জন্যই নাকি ওর এই অবস্থা। আমাদের খুব ঝগড়া হতো। একসময় ভাবলাম, অনেক হয়েছে। ওকে ওর মতোই থাকতে দিই।
তখন শুরু হলো আমার জীবনের আরেক অধ্যায়। আমার এক দূরসম্পর্কের ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। ওর আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু আমরা কেউই নিজ নিজ সম্পর্ক নিয়ে সুখী ছিলাম না। আমি অনেক সময় কাটাতাম কথা বলে।
একসময় আমাদের প্রেমের সম্পর্ক হয়। ও আমাকে বিয়েও করতে চায়। কিন্তু আমার বিয়ের কথাটা ও জানত না। ওকে বলেছিলাম, আমার প্রেমের সম্পর্ক আছে। ও অনুরোধ করল সব ছেড়ে ওর কাছে চলে আসতে। তখন বিয়ের কথা খুলে বললাম। কিন্তু সব শুনেও সে আমাকে বিয়ে
করতে চায়।
তখন আমি আমার স্বামীকে সবকিছু খুলে বলে তার কাছে ক্ষমাও চাইলাম। তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। সেই ছেলের সঙ্গে আর যোগাযোগ রাখিনি।
কিন্তু কিছুদিন পরে সে আবার যোগাযোগ করে। আমার পরিবার বিয়ে নিয়ে অনেক যন্ত্রণা দিত আমাকে। স্বামীও নির্যাতন শুরু করল। আমি সেই ছেলেটির সঙ্গে রোজই যোগাযোগ করতাম। একপর্যায়ে স্বামী আমাকে মৌখিকভাবে তালাক দেয়। তখন আমি সেই ছেলেটিকে বিয়ে করি। এই বিয়ের কথা ওর মা ছাড়া আর কেউ জানত না।
এখন আবার আমার স্বামী আমার সঙ্গে সংসার করতে চায়। আমি কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছি না। কী করা উচিত আমার?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

*** আমরা জীবনে অনেক ভুল করি, সেটার প্রমাণ আপনার এই সমস্যা, যার বিস্তারিত বিবরণ আপনি দিয়েছেন।
বিয়ে, জন্ম, মৃত্যু—সবকিছুরই একটি আইনি নিবন্ধন প্রয়োজন। আপনার স্বামীর সঙ্গে আপনার যতই কলহ থাকুক, তার সঙ্গে আইনিভাবে তালাক নেওয়া না অবধি আপনি আরেকটা বিয়ে করতে পারেন না।
আপনি ধরে নিতে পারেন, আপনার অন্য ছেলেটির সঙ্গে বিয়ে হয়নি। এই অবস্থান থেকে স্বামীর কাছে তালাক চাইতে পারেন। তবে এই পদক্ষেপে যাওয়ার আগে আপনি অবশ্যই একজন আইন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
** পড়ালেখা শেষ করার পর এখন আমার বয়স ২৮। প্রেম করার পর পারিবারিকভাবে বিবাহিত জীবন তিন বছরের। বিয়ের পরও আমার শ্বশুরবাড়িতে আমাকে মেনে নেওয়া হয়নি। শারীরিকভাবে নির্যাতিত না হলেও তারা আমাকে মানসিক ও আচরণগতভাবে নির্যাতন করে। এগুলো আমার স্বামীকে বলার পর তিনি আমার কথা বিশ্বাস করেন না, উল্টো আমাকে বলেন আমারই ব্যবহার খারাপ। আমি স্পষ্টভাষী, ন্যাকামি করতে পারি না, অপমান হজম করতে কষ্ট হয়। আর আমার এই দুর্বলতাগুলো তারা ব্যবহার করে। আমার স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক তারা সহ্য করতে পারে না। তারা অন্যায় করলেও তাদের সমর্থন করে আমাকে হেয় করা হয়। আমাদের সংসারে তিন বউয়ের মধ্যে আমি পড়াশোনা জানি এবং আমার বয়স বেশি। এসব নিয়ে নিত্য অশান্তি। এখন আমার করণীয় কী। আমার এখনো সন্তান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক
খিলগাঁও, ঢাকা

*** এই ধরনের অত্যাচার থেকে মুক্তি পেতে তোমার একটু বাইরে দৃষ্টি ফেরাতে হবে। চিঠি থেকে বোঝা যাচ্ছে না, তুমি কোনো চাকরি করো কি না। অবশ্যই নিত্যনৈমিত্তিক মানসিক নির্যাতন থেকে মুক্তি পেতে তোমার একটা চাকরি নেওয়া উচিত।
আরও ভালো হয় যদি আলাদা সংসার করো। সেটা অনেক সময় বাস্তবিক সম্ভব হয় না। আর ২৮ বছর এমন কোনো বয়স না যে এখনই বুঝে নিতে হবে, সন্তান হওয়ার দিন শেষ হয়ে গেছে। সন্তান হওয়ার জন্য অনেক রকম পরীক্ষা-নিরীক্ষা আছে, যেটা করালে তুমি এবং তোমার স্বামী বুঝতে পারবে, কেন তোমাদের সন্তান হচ্ছে না।
অনেক সময় দুশ্চিন্তায় থাকলে সন্তান হওয়ার ক্ষেত্রে তা অন্তরায় হয়ে দাঁড়ায়।
তবে তোমাকে একটা উপদেশ দিই। যৌথ পরিবারে বসবাস করলে একটু বুদ্ধি করে চলতে হবে। খুব স্পষ্টভাষী হলে এই রকম পরিস্থিতিতে আরও বিপর্যয় হয়।