সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের।
সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।

* আমার বয়স ২০ বছর, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে পড়ছি। নবম শ্রেণিতে পড়ার সময় একজন ছেলের সঙ্গে সম্পর্ক হয়। সে আমার চেয়ে পাঁচ বছরের বড়। সম্পর্কের এক বছর পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে সে সেটা ভিডিও করে রাখে। বয়স অল্প হওয়ায় আমি তখন আবেগপ্রবণ ছিলাম। পরে ভুল বুঝতে পেরে আমি তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করি। সে বলে, ‘সে সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছে।’ যদিও আমি কিছুই বুঝিনি। এরপর থেকেই সে বিভিন্নভাবে আমাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। সম্পর্ক ভেঙে দিতে চাইলে সে ভিডিওর কথা বলে আমাকে ব্ল্যাকমেল করত। আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, গালাগালও দিত। আমাকে তার অবাধ্য হওয়ার জন্য শাস্তি দিত। যেমন আমার নগ্ন ছবি তাকে পাঠাতে হবে, কিংবা আরও টাকা দিতে হবে। এরপর আবার আমাকে সরিও বলত।
তাকে বিষয়গুলো বোঝানোর পর সে বুঝত। কিন্তু পরে একই কাজ বারবার করত। আমার মা-বাবা একদিনের জন্য বাইরে গেলেই সে আমাদের বাসায় চলে আসত। না করলেও শুনত না। উল্টো আমাকে ব্ল্যাকমেল করত। আমরা পাঁচ ভাই, তিন বোন। আমি সবার ছোট। দুই বোনের বিয়ে হয়েছে, বাকিরা দেশের বাইরে থাকেন। আমার বড় বোন যখন বিষয়টি জানতে পারলেন, ওকে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু সে বলত এ ধরনের ভিডিও তার ভালো লাগে। তাই এগুলো সে মুছে ফেলবে না। ফেসবুকে সে আমার বোনদের ইনবক্সে এসব পাঠাতে শুরু করে। দুলাভাইদের দেখিয়ে বলল, এগুলো নাকি আমি করতে বলেছি। আমি বোনদের কথা না শুনে ওর সঙ্গে যোগাযোগ করেছি বারবার। তাই পরিবারের সবাই আমাকে মিথ্যুক মনে করেন।
এখন সে আমাকে বলে, তার জন্য অপেক্ষা করতে হবে, সে ভালো হয়ে যাবে। কারণ, তাকেই আমার বিয়ে করতে হবে। আমার বোনদের কাছেও এসব কথা সে বলেছে। বর্তমানে ছেলেটির সঙ্গে আমার যোগাযোগ নেই। আমার পরিবার থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, আমাকে যেকোনো একটি পথ বেছে নিতে। হয় ছেলেটি, নয় পরিবার।
ছেলেটির একাধিক মেয়ের সঙ্গে ফোনে সম্পর্ক আছে। হাতেনাতে সে আমার কাছে ধরা পড়েছিল বলে আমাকে মারধরও করেছে। এখন আমার কী করা উচিত বুঝে উঠতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক

* এটা স্পষ্ট যে ছেলেটা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, যা পুরোপুরি অপরাধ। প্রথমত, তোমাকে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে। তোমার ভাইবোনেরা কী ভাবছেন? সাইবার অপরাধ প্রমাণ হলে, ছেলেটিকে শাস্তি পেতে হবে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের আইন আছে।
আশা করি, তুমি তোমার আত্মীয়স্বজনেরসঙ্গে কথা বলে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে।

*আমি প্রকৌশল বিদ্যায় পড়ছি। আমার প্রেমিকা ইতালি থাকে। তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। গত বছর সে দেশে আসে। তারপর আমার পরিবারও তাকে পছন্দ করে এরপর সে আবার চলে যায়। আগামী বছর সে আবার দেশে আসবে। তার সঙ্গে আমার বিয়ে পাকা হয়ে আছে দুই পরিবারের সিদ্ধান্তেই। কিন্তু প্রায় সাত-আট বছর আগে বেড়াতে গিয়ে আমার সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়। সম্পর্কে সে আমার আত্মীয়। মেয়েটিকে আমার ভীষণ ভালো লেগেছিল। কিন্তু প্রেমেট্রেম কিছু হয়নি ।
তারপর সাত-আট বছর আর দেখা হয়নি। এখন আমি যে শহরে পড়াশোনা করি, ওই শহরের পাশেই সে থাকে। মেয়েটিও সেই শহরে ভর্তি হয় এবং আমার সঙ্গে আবার দেখা হয়। যেহেতু আমরা আত্মীয়, তাই না চেনার কোনো কারণ নেই। সে আমার বন্ধু হতে চায়। কিন্তু আমি এখনো কিছু বলিনি। এদিকে এ সবের সবকিছুই আমার প্রেমিকা জানে। সে আমাকে প্রতিদিন রাতে এসএমএস দিত মুঠোফোনে। এরপর আমরা স্কাইপে কথা বলতাম। আর মেয়েটিও জানত যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু একদিন মেয়েটি আমাকে প্রস্তাব দিয়ে ফেলে, যা আমার প্রেমিকাও জানে। আমার প্রেমিকা মেয়েটিকে বোঝাতে বলে, আমিও মেয়েটার সঙ্গে দেখা করে তাকে বোঝাই। তখন সে জানায়, সে শুধু বন্ধু হিসেবেই থাকতে চায়। এতে আমার প্রেমিকারও কোনো আপত্তি থাকে না। কিন্তু কয়েক দিন যেতেই দেখা দেয় ঝামেলা। যখন আমি আমার প্রেমিকার সঙ্গে রাতে স্কাইপে কথা বলি শুধু তখনই মেয়েটা এসএমএস করত। যেটা আমার প্রেমিকা মেনে নিতে পারছিল না। মেয়েটির সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করে। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। এরপর আমি আমাদের সম্পর্কের ভালোর জন্য সিদ্ধান্ত নিই যে মেয়েটির সঙ্গে আর যোগাযোগ করব না। তারপর একদিন মেয়েটির সঙ্গে দেখা করে তাকে বোঝাই। বলি যে আমার প্রেমিকা বিষয়টা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে। আমি ওকে কষ্ট দিতে পারব না। কিন্তু মেয়েটি মেনে নিতে চায় না। সে শুধু বন্ধু হিসেবেই থাকতে চায়। আমি বুঝতে পারি, সে আমাকে ভীষণ ভালোবাসে। এদিকে আমার প্রেমিকাও অনেক রাগারাগি করে। এসএমএস এলেই রাগ করে। আমাকে রীতিমতো সন্দেহ করা শুরু করে। এখন আমি কী করব?
অনিক
ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

* আপনার হবু স্ত্রী সংগত কারণেই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলছেন। আপনি হয়তো নিজেই বুঝতে পারছেন, বর্তমানে মেয়েটি আপনাকে স্কাইপে কথা বলার সময়ে যে এসএমএস পাঠাচ্ছেন সোট কেন? আর আপনি কারণে-অকারণে তাকে নানা কিছু বোঝাতে যাচ্ছেন, এটা কিন্তু আপনার হবু বউয়ের প্রতি অন্যায় করা হচ্ছে।
আপনি নিজেকেই প্রশ্ন করুন—আপনি আসলে কী চান? যদি আপনার আত্মীয়া মেয়েটির সঙ্গে সম্পর্ক করতে চান, তাহলে আপনার হবু স্ত্রীকে সেটা জানিয়ে দিন। মোট কথা, আপনার নিজের প্রতি সৎ থাকা খুবই জরুরি। শেক্সপিয়ারের লেখা হ্যামলেট থেকে কোট করতে অনুপ্রাণিত হচ্ছি ‘টু দাইন ওন সেলফ বি ট্রু...।’