সুবন্ধু সমীপেষু

আমরা দুই ভাইবোন। বাবা অনেকভাবে আমার মাকে কষ্ট দিয়েছেন। কিন্তু মা আমাদের সেসব বুঝতে দেননি। বাবা কয়েক মাস হলো ফেসবুকে একটা আইডি খুলে বিভিন্ন মেয়ের সঙ্গে চ্যাট করেন। সেসব চ্যাটিঙের ভাষা নোংরা। মা সেসব জানতেন না। হঠাৎ মোবাইলে সেসব চ্যাট দেখে মা খুব কষ্ট পেয়েছেন। আমরা সবাই এর প্রতিবাদ করাতে বাবা আমাদের মেরেছেন। বলেছেন, কথা বললে আমাদের সঙ্গে থাকবেন না, এমনকি খরচও দেবেন না। তিনি এসব নিয়মিত করবেন। কারও কথা শুনবেন না। আমরা চেয়েছিলাম পারিবারিকভাবে এসব মিটমাট করে ফেলতে। কিন্তু বাবা রাজি না। আত্মীয়দের কথাও শুনছেন না। আমরা কি তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারব? আমি মা-বাবার এই ৬০ বছর বয়সে এসে তালাক চাই না। শুধু তাঁকে সঠিক পথে ফেরাতে চাই। কিন্তু সেটা কীভাবে, বুঝতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক।
তুমি যে ঘটনার কথা বললে, সেই ঘটনা হরদমই ঘটছে আমাদের আশপাশে। আর সেটা এমন বয়সের মানুষের মধ্যেই ঘটছে। সবচেয়ে ভালো হয় যদি তোমাদের মা তোমাদের বাবার সঙ্গে আলাদা কথা বলেন।
ছেলেমেয়েরা না জড়ালেই ভালো হয়। অনেক সময় স্বামী-স্ত্রী নিজেদের মতো করে বোঝাপড়া করে নেয়। ছেলেমেয়েরা জড়ালে একটা পক্ষপাতিত্য এসে যায়। তখন যে অন্যায় করছে, সে আরও মারমুখো হয়ে ওঠে। সে ভাবে আমার ছেলেমেয়েরা তো সব সময়ই আমার বিরুদ্ধে। আমি তাহলে যা খুশি করতে পারি। তোমার মা যদি ভাবেন উনি এসব সহ্য করবেন না, তাহলে উনি নিজেই হয়তো কোনো পথ খুঁজে বের করবেন।
আমার বয়স ২০ বছর। পড়ছি স্নাতক প্রথম বর্ষে। একটি মেয়েকে ভালোবাসি। এর আগে অবশ্য আমার আরেকটি সম্পর্ক ছিল। সেটি টেকেনি। বিশ্ববিদ্যালয়ের শুরুতে আমি মানসিক কষ্টে ছিলাম। আবেগের তাড়নায় একটি মেয়েকে ভালো লাগার কথা জানাই। সে রাজি হয়নি। তারপর হঠাৎ বর্তমান প্রেমিকার সঙ্গে দেখা। মনে থাকা কষ্ট আর আবেগের তাড়নায় মেয়েটিকে ভালোবেসে ফেলি। আমাকে সব সময় সে সমর্থন করত। মাঝেমধ্যে একটু-আধটু ঝগড়া হয়। লোকে বলে, আমরা হয়তো প্রেমিক-প্রেমিকা। এটা সে সহ্য করতে পারে না। আমার অজান্তে আমাকে নিয়ে সে অন্যদের সামনে এমন কিছু কথা বলে, যা মেনে নিতে কষ্ট হয়। তারপরও ভালোবাসি বলে মেনে নিই। আমি ওকে আমার ভালো লাগার কথা জানিয়েছি। কিন্তু সে রাজি নয়। অথচ এখন আমি ওকে ছাড়া কিছু ভাবতেও পারছি না। আমি ঠিকমতো খেতে পারছি না, পড়াশোনাতেও মন বসাতে পারছি না। ওর অন্য কোথাও প্রেমের সম্পর্কও নেই। তা-ও নাকি আমাদের দুজনের একসঙ্গে থাকা সম্ভব নয়। কিন্তু আমি যে ওকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। বারবার বুঝিয়ে বলছি কিন্তু ওর একটাই উত্তর, ‘আই ডোন্ট কেয়ার।’ ভাবছি, ওকে ভুলে থাকার জন্য ড্রাগস নেওয়া শুরু করব। এত কষ্ট আমি নিতে পারছি না। আমি কাউকে বলতেও পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
তোমার এই প্রেমের ব্যাপার বুঝতে পারছ, একেবারেই একপেশে ছিল। তুমি বলেছ, অন্যরা বলত তোমাদের প্রেমিক-প্রেমিকা মনে হয়। একপেশে প্রেম হতেই পারে। একসময় ছিল, যখন একপেশে প্রেমই শুধু হতো। এখন তোমরা কলেজে একসঙ্গে পড়ো। তোমাদের দেখা-সাক্ষাতের সুযোগও অনেক।
আগের দিনে কি ছেলেমেয়েদের কষ্ট হতো না? আমার উদাহরণ যদি দিই বা আমার মতো কারও। কাউকে দূর থেকে ভালো লেগেছে। তারপর হঠাৎ শুনলাম, সে বিদেশে চলে গেছে। কী যে কষ্ট হয়েছিল। মনে হয়েছিল, এই কষ্ট সইবার মতো নয়। তখন মাদকও (ড্রাগস) ছিল, তবে সেটা নেওয়ার প্রশ্নই ওঠেনি। তুমি অবশ্যই ড্রাগস নেবে না। এই কষ্ট তোমাকে আরও দৃঢ় করবে। আর একদিন এই কষ্ট মিলিয়েও যাবে। তবে মাদক নিলে ফেরার পথ থাকবে না।