সুবন্ধু সমীপেষু
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। ১৫ দিন অন্তর সুবন্ধু সমীপেষু কলামে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন। ২০১০ সাল থেকে একটি মেয়েকে পছন্দ করি। কিন্তু তার উচ্চমাধ্যমিক পরীক্ষা সামনে থাকায় তখন যোগাযোগ করার চেষ্টা করিনি। সে পরীক্ষায় ভালো ফল করেছে। এরপর আমি ফোনে তার সঙ্গে যোগাযোগ করি এবং তাকে সবকিছু খুলে বলি। সে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং আমার সঙ্গে নিয়মিত কথা বলে। আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে তাকে আমি আমার ভালোবাসার মানুষ হিসেবে চাই। কিন্তু সে আমাকে বারবার জানাচ্ছে সে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক গড়তে পারবে না আমার সঙ্গে। আমি তার সঙ্গে যতই কথা বলছি, ততই দুর্বল হয়ে পড়ছি। সামনে আমার পরীক্ষা এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময়। তার সঙ্গে কথা না বলেও থাকতে পারছি না আর তাকে সেভাবে পাওয়ার আশাও পাচ্ছি না। মো. সাইফুল ইসলামরংপুর। মেয়েটা যদি সম্পর্কটা এই পর্যায়ে রাখতে চায়, তবে এই মুহূর্তে তোমার তা মেনে নেওয়া উচিত। এদিকে তোমার পরীক্ষা, এর মধ্যে বিষয়টা নিয়ে বেশি নাড়াচাড়া করলে তোমার জন্য ভালো হবে না। পরিস্থিতিটা একধরনের স্থিতিশীল রাখলে মেয়েটাকে সময়ও দেওয়া হবে, আর তুমিও সুস্থ মস্তিষ্কে তোমার কাজটা শেষ করতে পারবে। আমার বয়স ২৭ বছর। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ২০০৫ সালে আমার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। আমরা দুজন দুজনাকে খুব বেশি ভালোবাসতাম। আমাদের এই সম্পর্ককে মেয়েটির পরিবার কোনোভাবে মেনে নিতে পারেনি। এভাবে তিন বছর যাওয়ার পর হঠাৎ মেয়েটি আমাকে ফোন করে বলে, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আমি আর কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এর কিছুদিন পরেই মেয়েটি আত্মহত্যা করে। এ খবরটা পাওয়ার পর আমি প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ি। আর ঠিক এই সময়ে আমার এক বন্ধুর পরিবার আমাকে খুব সময় দিত এবং সান্ত্বনা দিত। ওই পরিবারের একটি মেয়ে আমার দুঃখটা বিশেষভাবে অনুভব করত এবং আমাকে নানাভাবে বোঝাত। কিন্তু হঠাৎ করে সেও আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি কোনোভাবেই তার এই প্রস্তাবে রাজি হই না। তাই আমি এখন আর সে বাড়ি যাই না। আমার পরিবারও চায় না আমি ওই বাড়িতে যাই। কিন্তু আমি আবারও মানসিকভাবে ভেঙে পড়ছি। কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছি কিন্তু পারিনি। এভাবেই আমার দিন কাটছে। শাহীনখুলনা। একটা অঘটন ঘটে গেছে। সে ব্যাপারে তোমার কিছুই করার ছিল না। এখন তোমার মনেও এ ধরনের প্রবণতা দেখা দিচ্ছে। ইতিবাচকভাবে পৃথিবীটাকে দেখতে থাকো। সারাটা জীবন তো সামনে পড়ে আছে। যদি মৃত্যুচিন্তা সব সময় তোমাকে ঘিরে থাকে, তবে অবশ্যই একজন মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হও। ২০০৫ সালের শেষের দিকে আমাদের পরিচয় হয়। তারপর একে অন্যকে ভালোবেসে ফেলি। আমার মা সম্পর্কের বিষয়টা মেনে নিয়েছিলেন। একসময়ে মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়লে আমরা গোপনে বিয়ে করি। কিন্তু দুঃখজনকভাবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নিই। ২০১০ সালের শেষের দিকে তার সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হয়। আমি সরকারি ব্যাংকে চেষ্টা করলেও চাকরি হয়নি। তার পর থেকে সে বদলে যায়। একপর্যায়ে আমি ও আমার এক বন্ধু তাকে অনেক বোঝানোর চেষ্টা করি। কিন্তু সে বলে, তার বাবার নাকি এখন এ বিয়েতে মত নেই। অবশ্য কিছুদিন আগে সে আমার সঙ্গে দেখা করে বলেছে এক জ্যোতিষী নাকি তার হাত দেখে বলেছে সে প্রেম করে বিয়ে করলে তার স্বামী বিয়ের তিন মাসের মধ্যে মারা যাবে। আমি তার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। এদিকে মা বলেছে, স্বেচ্ছায় সে ফিরে এলে তবেই বিয়ে করতে। এই পরিস্থিতিতে আমার কী করা উচিত? তার কি কোনোভাবে দেনমোহরের টাকা দাবি করার সুযোগ আছে?নাম প্রকাশে অনিচ্ছুকখুলনা। তোমার দুটো সমস্যা। তুমি এই পরিস্থিতিতে কীভাবে মেয়েটিকে ফিরে পাবে? এ ব্যাপারে বলব, তোমার মা যে উপদেশ দিয়েছেন সেটি-ই ঠিক। মেয়েটি যদি নিজের ইচ্ছায় ফিরে আসে, তবেই শুধু বিয়ে করার প্রশ্ন ওঠে।আর বিয়ের সময় যে দেনমোহরের কথা বলা হয়েছে সে ব্যাপারে আমি তোমাকে একজন আইনজ্ঞের বা মানবাধিকার সংস্থার শরণাপন্ন হতে বলব—তারাই সঠিক পরামর্শ দিতে পারবে। আমি স্নাতক প্রথম বর্ষে পড়ি। তিন মাস আগে একটি ছেলের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় এবং সে বিসিএস ক্যাডার ও পুলিশের এএসপি বলে আমাকে প্রেমের প্রস্তাব করে। আমরা পার্কে দেখা করে পছন্দও করি দুজন দুজনকে। ওর মাকে দেখাবে বলে ওর সঙ্গে আমার ছবি তুলতে বললে আমি তুলি। পরবর্তী সময়ে আমি জানতে পারি ও উচ্চমাধ্যমিক পাস আর পুলিশের কনস্টেবল। আমার পরিবারের সবাই উচ্চশিক্ষিত ছেলে চায়। আমি যোগাযোগ বন্ধ করতে চাই। এখন ও আমাকে ওই ছবিগুলো নিয়ে ব্ল্যাকমেল করে। ছবিগুলো বিকৃত করে ইন্টারনেটে ছাড়তে চায়। ওকে বিয়ে না করলে সেটাই করবে। আমি ওকে মন থেকে মানতে পারছি না। এদিকে আমার পরিবার বিয়ের জন্য তাড়াহুড়ো করছে। আইনের সহায়তা নেব কিন্তু আমি তার পরিচয় বা ঠিকানা জানি না। শুধু নাম ও ফোন নম্বর জানি। আমি খুব মানসিক চাপে আছি। নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক ছেলেটি যদি সত্যি সত্যি পুলিশের কনস্টেবল হয়ে থাকে এবং এভাবে ছবি তুলে থাকে এবং পরবর্তী সময়ে এভাবে ব্ল্যাকমেল করে থাকে, তবে এক বাক্যে বলা যায় ছেলেটি ঘৃণ্য, অসৎ এবং ক্ষমতার অপব্যবহারকারী।তবে তোমাকেও আমার কিছু বলার আছে। একটা ছেলে বিসিএস দিচ্ছে বলে দাবি করল তাও আবার ফোনে, আর তার সঙ্গে পার্কে চলে গেলে? নিজের ঘাড়ে দোষটা নিতেই হবে তোমার। এতো সহজে কোনো ছেলেকে নিজের ব্যক্তিগত জীবনে ঢুকতে দেওয়া নির্বুদ্ধিতা ছাড়া কিছু না। একটা ছেলে শুধু তার বিসিএস ডিগ্রির কারণে এত উপযুক্ত হয়ে যেতে পারে না যে একটা ফোনের ডাকেই তার সঙ্গে দেখা করতে হবে আর ছবি তুলতে হবে। একটা মানুষকে ভালোভাবে জেনে-শুনে তবেই এই পর্যায়ে যাওয়া যায়।যা-ই হোক, তোমার কষ্টটা বুঝতে পারছি। কোনো মানবাধিকার সংস্থার সাহায্য নিলে কাজটা সবচেয়ে ভালো হয়।