সুবন্ধু সমীপেষু

আমার বয়স ২৮ বছর৷ বিবাহিত৷ একটা মেয়ে আছে৷ তার বয়স পঁাচ বছর৷ মেয়ে জন্মের ১২ দিন পর স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে৷ তার রোগের নাম সিজোফ্রেনিয়া৷ এটা তার বিয়ের আগেও নাকি হয়েছিল৷ কিন্তু আমি জানতাম না৷ এখন তার স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে যাচ্ছে৷ সে তার কাজে যেতে পারে না৷ আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই৷
বিয়ের আগে আমার একজনের সঙ্গে সম্পর্ক ছিল৷ কিন্তু মা-বাবার আপত্তি থাকায় আমি তাকে বিয়ে করিনি৷ ছেলেটি বিদেশে চলে যায়৷ কিছুদিন আগে দেশে ফিরে সব শুনে আমাকে বলেছিল মেয়ে নিয়ে ওর কাছে চলে যেতে৷ কিন্তু আমি তাতেও রাজি হলাম না; উল্টো তাকে অপমান করে ফিরিয়ে দিলাম৷ সে বিয়ে করে ফেলল অন্য একটি মেয়েকে৷কিন্তু সে আমাকে এখনো ভালোবাসে৷ বিয়ের পরও সে চায় আমাদের সম্পর্ক থাকুক৷ আমি আবার ওর প্রতি দুর্বল হয়ে পড়ি৷ এখন একদিকে আমার স্বামী, অন্যদিকে সে৷ আমি কী করব?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
আপনার অপূর্ণ জীবন৷ আপনার অজান্তে আপনাকে এক সিজোফ্রেনিক মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে৷ এই বিয়েটা যদি আপনি জেনেশুনে করতেন, তাহলে বলার কিছু ছিল না৷ সেদিক থেকে আপনার প্রতি অবিচার করা হয়েছে৷
এই অসম্পূর্ণ জীবন আপনি সাবেক (বিবাহিত) প্রেমিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পূর্ণ করতে পারবেন না, সেটা করাও ঠিক হবে না৷ তার চেয়ে বরং আপনি নিজেকে অনত্র ব্যস্ত রাখুন৷ অনেক রকম শখের কাজ আপনি করতে পারেন৷ যদি মানসিকভাবে অসুস্থ স্বামীর সঙ্গে বসবাস করতে বেশি কষ্ট হয়, তাহলে আপনি ডিভোর্স বা তালাকের জন্য এগোতে পারেন৷
আমি প্রকৌশল বিষয়ে চতুর্থ বর্ষে পড়ছি৷ যখন কলেজে পড়তাম, তখন এক বন্ধুর বোনের সঙ্গে পরিচয় ও প্রেম হয়৷ বিভিন্ন কারণে মেয়েটিকে এখন আমার ভালো লাগে না৷ আমার পরিবারের অনেকে মেয়েটিকে দেখেছে, কিন্তু পছন্দ করেনি৷ তার চেহারা খুব ভালো না হলেও খারাপ না৷ আমি যৌথ পরিবারের সদস্য এবং পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ও মুখাপেক্ষী৷ কিন্তু সে যৌথ পরিবারে অস্বস্তি বোধ করে৷ এসব কারণে মেয়েটির সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাইছি না৷ তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও সে না বোঝার ভান করে৷ এমনকি সরাসরি বললেও শোনে না৷ আবার আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে পছন্দ করি এবং মেয়েটিরও এতে সম্মতি আছে৷ কিন্তু কীভাবে আমি আগের মেয়েটিকে বোঝাব যে তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারব না৷
নাম প্রকাশে অনিচ্ছুক
সম্পর্কতে যদি ভালো লাগা এবং সম্মানবোধ না থাকে, তবে সেই সম্পর্ক জিইয়ে রাখা কঠিন হয়ে পড়ে৷
মেয়েটিকে বলতে হবে, আগের সম্পর্কটা আর নেই৷ তারপর নিজেকে তার কাছ থেকে সম্পূর্ণ সরিয়ে নিতে হবে৷
অনেকে সম্পর্কে ইতি টানতে পারে না৷ যদিও ইতি টানাটা জরুরি হয়ে পড়ে৷ ‘চেহারা’ বা অন্য বিষয়গুলোকে সামনে না এনে তুমি নিজেকে মেয়েটির সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলো৷ এতে মেয়েটিরও ভালো হবে, তোমারও৷
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।