সুবন্ধু সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা যাকের
সারা যাকের

 আমার বয়স ৩৪, স্নাতক পর্যন্ত পড়েছি। আমার জন্মের তিন দিন পর বাড়িতে একজন দরবেশ ধরনের মানুষ এসে নাকি বলেছিলেন, আমার কখনো বিয়ে হবে না। সেই ভয়ে আমি বড় হয়ে কাউকে ভালো লাগার কথা বলতে পারিনি। অভিভাবকদের আনা প্রস্তাবগুলোও নানা কারণে ভেঙে গেছে কয়েকবার। আমার এসব নিয়ে কোনো দুঃখ নেই।
হঠাৎ কিছুদিন আগে একজনের সঙ্গে পরিচয় হয়। কথা বলতে বলতে একপর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে যায়। কিন্তু একসময় জানতে পারি, তিনি বিবাহিত। আমি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই। কিন্তু তাঁকে আমি ভুলতে পারছি না। ইদানীং ভীষণ কষ্ট হচ্ছে। সামনে আমার পরীক্ষা। কিন্তু পড়াশোনা করতে পারছি না।
অনন্যা, ঢাকা

 নিজের ভাগ্য তুমি নিজে গড়বে, নাকি তোমার ভবিতব্য তোমাকে পরিচালিত করবে, এটা তোমার সিদ্ধান্ত। সাহিত্যে আমরা পড়েছি ‘ফ্রি উইল’ ও ‘প্রি ডেস্টিনেশনের’ কথা।
কোনো দরবেশ ধরনের বা অন্য কোনো মানুষ আরেকটা মানুষের জীবন নির্ধারণ করতে পারে না। মানুষ তার জীবন নিজেই নির্ধারণ করবে। আমার বিশ্বাস, তোমার ছোটবেলার সেই স্মৃতিকথা তোমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। আর কাকতালীয়ভাবে বিয়ে ভেঙে যাওয়া বা না হওয়ার ঘটনাগুলো সেই দরবেশের কথাগুলোকে সত্য বলে আখ্যায়িত করে চলেছে।
তোমার জীবনে নিশ্চয়ই এমন কেউ আসবে যে তোমার সঙ্গী হবে। ধৈর্য ধরো, ইতিবাচক চিন্তা করো। সব ঠিক হয়ে যাবে।

 ছেলেটি আমার সহকর্মী, আমরা একই সঙ্গে চাকরিতে যোগ দিয়েছিলাম। প্রথম দেখাতেই আমাকে নাকি তাঁর ভালো লেগেছিল। সে বিবাহিত, দুটি সন্তানের বাবা। আমি তার সঙ্গে বন্ধুর মতোই মিশতাম। কিন্তু একদিন তার স্ত্রী আমাকে খুব অপমান করে, তার স্বামীর সঙ্গে কথা বলি, তাই। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমরা শুধুই বন্ধু। কিন্তু তার স্ত্রী বলে, ছেলে আর মেয়ে কোনো দিন বন্ধু হতে পারে না। এর কিছুদিন পরে তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়। আর সংসার করবে না বলে জানিয়ে দেয়। আমার জন্য কারও সংসার ভেঙে যাবে, বিষয়টি আমি মেনে নিতে পারছি না। আমি ছেলেটির সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। সে এতে খুব পাচ্ছে। আমি এখন কী করতে পারি।

ইতি
রংপুর
 আসলে তোমার সহকর্মীর স্ত্রী ঠিকই বুঝেছে যে তোমার সঙ্গে তার স্বামীর বন্ধুত্বের বাইরেও একটা সম্পর্ক হয়েছে। তোমার চিঠিতেও তা স্পষ্ট হয়ে উঠেছে।
তোমার সঙ্গে কথা বলতে না পেরে সে খুব কষ্টে আছে, তার চেয়েও বড় কথা হলো, তুমি চাইছ না তোমার কারণে তার সংসার ভেঙে যাক।
সত্যিই তুমি যদি তা-ই চাও, তাহলে এই সহকর্মী থেকে তোমাকে দূরে সরে যেতে হবে।
দুই নৌকায় পা দিয়ে চলা দুষ্কর ও অসম্ভব।


এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।