সুবন্ধু সমীপেষু

আমি এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছি। ২০১২ সালে গৃহশিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। আমি তাঁকে অনেক ভালোবাসি। পরে জানতে পারি তিনি বিবাহিত। শুনে আমি খুব কষ্ট পাই। তাঁর জীবন থেকে দূরেও সরে যেতে চাই। কিন্তু তিনি বলেন যে তাঁর স্ত্রীকে তিনি ভালোবাসেন না। তিনি নাকি তাঁকে তালাক দিয়ে আমাকে বিয়ে করবেন। আমি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যাই। কারণ, তাঁকে ছাড়া আমিও থাকতে পারব না। তাঁর দুটি সন্তান আছে। তবে আমি কখনোই তাদের মেনে নিতে পারব না। তাই তিনি সন্তানদের দায়িত্ব স্ত্রীকে দিয়ে তাঁকে তালাক দেন। আমরা এখনো বিয়ে করিনি। কিন্তু আমার কাছে এসব ভুল মনে হচ্ছে। মনে হচ্ছে নিজে ভালো থাকার জন্য বাচ্চাদের ক্ষতি করছি কি না। আমার কী করা উচিত, বুঝতে পারছি না।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
সম্পর্কটা এই পর্যায়ে আসার আগে নিশ্চিত হওয়া উচিত ছিল কোনটা ভুল আর কোনটা সঠিক। বিয়ে ও শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যায় না। তোমার সঙ্গী কিন্তু তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত। যে কারণে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে। যদি বিয়ের পক্ষে সিদ্ধান্ত নাও, তোমাকে অনেক কিছু নিশ্চিত করতে হবে। তোমার সঙ্গী যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন, সন্তানেরা যাতে এই অধিকার থেকে বঞ্চিত না হয়। বাবা হিসেবে তাদের ভরণপোষণ দেওয়া নিশ্চিত করতে হবে। বড় হলে তাদের উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। আশা করি তুমি সঠিক কাজটি করবে।
আমি একটি মেয়েকে অনেক ভালোবাসি। কিন্তু তাকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি হয় না। কারণ, তার বড় বোন প্রেমে ব্যর্থ হয়েছেন। তিনি ছোট বোনকে এ নিয়ে শাসিয়েছেন। এ কারণেই সে রাজি হয় না। কিন্তু সে আমাকে বেশ পছন্দ করে, আমি সেটা বুঝতে পারি। আমার সম্পর্কে তার ধারণা বেশ ইতিবাচক। অনেক দিন হলো তার সঙ্গে আমার কথা হয় না। আমি কি তার সঙ্গে সম্পর্ক করার জন্য এগোতে পারি? মেয়েটির বয়স ১৬, আর আমার ২২। কী করলে আমি তার সঙ্গে সম্পর্ক করতে পারি।
জাকির হোসেন, রাজগঞ্জ, যশোর।
মেয়েটার বয়স এখন এমন না যে বুঝেশুনে সিদ্ধান্ত নেবে। সে হয়তো খুব আবেগপ্রবণ হয়ে পড়বে। অথবা অন্যদের কথায় আলোড়িত হবে। আপনি অপেক্ষা করুন। ক্রমেই বুঝতে পারবেন আপনি মেয়েটার সঙ্গে সম্পর্ক করতে পারবেন কি না।
আমার বয়স ১৭। মোটামুটি ভালো ছাত্র। আমার মা-বাবার স্বপ্ন আমাকে ডাক্তারি পড়ানোর। কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি। আমরা দুজন একই কলেজে, একসঙ্গে পড়ি। সে তার মা-বাবার একমাত্র মেয়ে। তার মা-বাবার স্বপ্ন তাকে সেনা কর্মকর্তার সঙ্গে বিয়ে দেবেন। তাই আমার ওপর একটা মানসিক চাপ কাজ করে। আমি কোনো দিকে মনোযোগ দিতে পারছি না। আবার একই বয়স আমাদের। ওর বিয়েও হয়ে যেতে পারে আমার চাকরি পাওয়ার আগে। এখন আমি কী করতে পারি?
আল সানি, যশোর
১৭ বছর বয়সে বিয়ে-থা নিয়ে ভাবা সম্ভব নয়। আর নিজের ক্যারিয়ারের ব্যাপারে তোমাকে একটু স্বার্থপরের মতোই ভাবতে হবে। তুমি যদি সে রকম ভালো ছাত্র হও, তাহলে ডাক্তারি পড়ার কথাটা মাথায় রাখতে পারো।
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা: সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।