সুবর্ণগোলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন কেবল সন্ধ্যা ঘনিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব-১। ল্যাবে আলো-আঁধারি পরিবেশের ভেতর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফিসফাস আর প্রতীক্ষা। একটু পরেই শুরু হবে নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নাট্য প্রযোজনা। সম্প্রতি পরীক্ষা প্রযোজনার অংশ হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘লোকরহস্য: সুবর্ণগোলক’ অবলম্বনে সুবর্ণগোলক নামে এই নাটকটি মঞ্চস্থ করে তারা। ইস্রাফিল আহমেদ নির্দেশিত এই নাটকে পৌরাণিক কাহিনির ছদ্মাবরণে স্বর্গ ও মর্ত্যের মিলনের প্রেক্ষাপটে চিত্রিত হয়েছে সমকালীন বাস্তবতাও।নাটক শুরু হলো। চারদিকে পিনপতন নীরবতা। এর মধ্যে অনেক চরিত্রের উপস্থিতিতে ঝলমলিয়ে উঠল মঞ্চ। বর্ণনাত্মক ও চরিত্রাভিনয়রীতির মিশেলে এ নাটকে শিক্ষার্থীরা কখনো তৈরি করছিলেন কৈলাশ পাহাড়, কখনো আবার পৃথিবীর ছায়া সুনিবিড় পরিবেশ। এক-একটি দৃশ্য শেষ হয় আর তুমুল হাসিতে ফেটে পড়েন সবাই।এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিক্ষার্থীরাই—সজীব, আতিক, আদনান, দিনার, উত্তম, সৌরভ, রিয়েল, মিছিল, সোহাগ, নির্ঝর, পপি, মৃন্ময়ী, অন্তরা, চামেলী, স্বপ্না, সাবরীনা, মুনিরা, রুপা, সুকন্যা, তুবা ও দৃষ্টি।প্রযোজনা প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, ‘নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা ও নাট্য প্রযোজনাগুলোয় কাজ করে নাটক বিষয়ে আমরা হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছি।’ অন্যদিকে, সুবর্ণগোলক প্রসঙ্গে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ও নির্দেশক ইস্রাফিল আহমেদ জানান, নাটকটি শিক্ষার্থীদের পরীক্ষার অংশ। সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা আছে নাটকের মধ্যে। মূল সুর ব্যঙ্গাত্মক হলেও প্রযোজনাটি গড়ে তোলা হয়েছে হাস্যরসের আদলে।