সারা দিন ঢাকঢোলের বাদন, নাচ-গান, হইহুল্লোড়, আড্ডা—এ এক মহা আয়োজন। শুধু কি তা-ই; নাগরদোলা, বায়োস্কোপ, সাপের খেলা, টিয়াপাখির ভাগ্যগণনা আর দিন শেষে ব্যান্ড লালন ও মাইলসের উন্মাতাল সুরে অবগাহন। নতুন-পুরোনো শিক্ষার্থী মিলেমিশে তৈরি করল বন্ধুতার সেতুবন্ধ।গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মেতেছিল পুনর্মিলনী আর সুবর্ণজয়ন্তীর আনন্দে। নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে দিনটি। আয়োজক ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ (সিপিএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকালে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ। এরপর ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল শাহরিয়ার আহমেদ চৌধুরী। বক্তব্য দেন সিপিএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আজম ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক মনজুরুল হক।আলোচনা সভা শেষ হতেই পুরো কলেজ ক্যাম্পাস যেন উৎসবপুরীতে পরিণত হয়। একজন ফটোবুথে ছবি তুলছেন তো আরেকজন নাগরদোলার লাইনে দাঁড়িয়ে। বেশি ভিড় দেখা গেল টিয়াপাখির কাছে ভাগ্যগণনায়। নিজের ভাগ্যটাকে পরখ করে নেওয়ার এমন সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। ওদিকে বায়োস্কোপওয়ালারও ফুরসত নেই। চুড়ির স্টলে মেয়েদের উপচে পড়া ভিড় আর ছেলেদের গন্তব্য বন্দুক দিয়ে বেলুন ফুটানোর স্টলের দিকে। আবার কেউ কেউ ভিড় করলেন বিভিন্ন খাবারের স্টলে।গলায় সাপ পেঁচিয়ে বেদেনি যখন সাপের খেলা দেখাচ্ছিল, তখন ভয়ে তটস্থ ২০০৭ ব্যাচের মার্জিয়া শাফিন। সাপটা যদি ছোবল দেয়! কিন্তু খেলার আসর থেকে সরে যেতেও ইচ্ছা করছে না তাঁর। অবশেষে বুকে ধুকপুকানি আর মুখে আনন্দ নিয়ে সাপের খেলা উপভোগ করলেন মার্জিয়া।বেলা যতই গড়াতে লাগল, ততই ‘আরে ইশতিয়াক! আরে মঈন! কত দিন পর...’ এমন আবেগময় কথা ভেসে আসছিল চারপাশ থেকে। পুরোনো বন্ধুকে কাছে পেয়ে কথার খেই হারিয়ে ফেললেন কেউ কেউ। কেবলই স্মৃতিকাতরতা পেয়ে বসে তাঁদের। আর এর মধ্যেই বিকেল চারটায় মঞ্চে ওঠে ‘লালন’। ‘ভবে কেউ কারও নয়’ গানটি দিয়ে শুরু হয় পরিবেশনা। এ ছাড়া ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, ‘চল যাই আনন্দের বাজারে’সহ বেশ কয়েকটি গান করেন। লালনের বিদায়ের পর প্রাক্তন শিক্ষার্থীদের নানা পরিবেশনা সবার হূদয় ছুঁয়ে যায়। অবশেষে রাত নয়টায় মঞ্চে ওঠে ব্যান্ড ‘মাইলস’। ‘শেষ ঠিকানা’ গানটি গেয়ে শুরু করে তাদের পরিবেশনা। গানে গানে মাতিয়ে শেষ করে ‘ফিরিয়ে দাও’ গানটি দিয়ে।এদিকে সময় যায় রাত গভীর হয়ে আসে। একসময় সবকিছুকে থামতে হয়। তবু রেশ থেকে যায় নানা বর্ণিল স্মৃতি, হাজারো কথা, আনন্দ কোলাহল আর সহস্র প্রাণের মিলন উৎসবের।