সুবর্ণজয়ন্তীর মিলনমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। তার পরও বিরূপ প্রকৃতির আঁচ নেই তাঁদের চোখে-মুখে। বিদ্যালয়ের মাঠে পৌঁছতে একটুও দেরি হয়নি কারও। কারণ, ভোর থেকেই মুঠোফোনে চলছিল খুদে বার্তা চালাচালি। মাঠে সবাই জড়ো হতেই প্রধান শিক্ষক এসে দাঁড়ালেন মঞ্চে। বেজে ওঠে জাতীয় সংগীত। গলা মেলালেন সবাই। শুরু হলো দিনব্যাপী আনন্দ আয়োজন।গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে নবীন-প্রবীণের মেলা বসেছিল বিদ্যালয় প্রাঙ্গণে। শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের কার্যকরী কমিটির আহ্বায়ক মশিউর রহমান বেগ। উৎসবের স্টিয়ারিং কমিটির সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বলেন, ‘বৃষ্টি দেখে ভয় নেই। আমাদের আয়োজন তপ্ত প্রকৃতিতে শান্তির পরশ নিয়ে এসেছে।’ এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার হোসেন বলেন, ‘এত বড় উৎসব আয়োজনে আমি গর্বিত ও উৎফুল্ল। আজ নবীন-প্রবীণের সেতুবন্ধের দিন। প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য নতুনদের অনুপ্রাণিত করবে।’ প্রধান শিক্ষক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার সময়ই বৃষ্টি থেমে যায়। একটু পরই ঝলমলে রোদ হেসে ওঠে। শিক্ষার্থীরা উল্লাসধ্বনি আর ভুভুজেলা বাজিয়ে উৎসবে শামিল হয়।এরপর শুরু হয় আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়ি, ব্যান্ড দলের বাজনা, শান্তির প্রতীক পায়রা আর ফুল-পাখি-মাছের মুখোশ সবার হাতে হাতে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা যখন নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নিচ্ছিলেন, তখন বন্দর আবাসিক এলাকার বাসিন্দাদের অনেকেই পথে এসে দাঁড়িয়েছে। শোভাযাত্রার ফাঁকে ফাঁকে চলছিল কুশলবিনিময়। শোভাযাত্রা শেষ হতেই আবার এক পশলা বৃষ্টি। আড্ডা, স্মৃতিচারণ আর বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে প্রিয় চেনা মুখ খুঁজে বেড়িয়েছেন সবাই। বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থী মো. আবদুর রাজ্জাক বলেন, ‘সেই পুরোনো দিনগুলো আবার ফিরে পেতেই শত ব্যস্ততার মধ্যেও আবার সবাই এক হয়েছি। যেখানেই যাই, স্মৃতিতে এখনো স্কুলের দিনগুলো অম্লান।’উৎসবে যোগ দিতে ঢাকা থেকে এসেছিলেন ৮২ ব্যাচের শিক্ষার্থী সুনীল কুমার দে। তিনি বলেন, ‘এখন তো আর সবাইকে একসঙ্গে পাওয়ার সুযোগ হয় না। চট্টগ্রামে থাকি না, তাই যোগাযোগও অনিয়মিত। আজ প্রাণের টানে সবাই মিলেছে।’ এভাবেই প্রাণের প্রিয়জনের সঙ্গে মিলেই পুরনো স্মৃতি হাতড়ে বর্ণিল হয়ে ওঠে উৎসবের দিন।