সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের খোঁজ নেয় না কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জন্ম থেকে প্রতিবন্ধী আমি। ভিক্ষা করে জীবন চালাই। সারা দিন ভিক্ষা করে যা পাই, তা দিয়ে কোনো রকমে চলে সংসার। যেদিন ভিক্ষা করতে পারি না, সেদিন অনাহারে-অর্ধাহারে থাকতে হয়।’ এভাবে জীবন সংগ্রামের কথা শোনালেন তিন সন্তানের বাবা জলপা সাঁওতাল। জলপা সাঁওতালের মতো প্রায় দেড় হাজার প্রতিবন্ধী সব রকম নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে অভাব-অনটনে দিন কাটাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়। এর মধ্যে রয়েছেন নারীও। পরিবারের অভাব মোচনের জন্য এসব নারী প্রতিবন্ধীকে কঠিন পরিশ্রমের কাজে লাগাচ্ছেন অভিভাবকেরা।পানছড়ি ইউনিয়নের নির্বাচিত সদস্য রোজি আকতার একজন প্রতিবন্ধী গৃহিণী। তিনি বলেন, ‘এখানকার প্রতিবন্ধীরা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও নিরাপদ মাতৃত্বসহ প্রায় সব রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানকার সরকারি-বেসরকারি কর্মকর্তারা প্রতিবন্ধীদের কল্যাণে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’ তিনি জানান, উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের দুই শতাধিক শিশু বিদ্যালয়ে যায় না। এসব শিশু বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে রয়েছে অনেক দূরে। এসব প্রতিবন্ধী শিশুর ভবিষ্যৎ চিন্তা করে কল্যাণমূলক প্রকল্প নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কলাবাগান নিবাসী হামিদা বেগমের চার সন্তানের তিনজনই শারীরিক প্রতিবন্ধী। তিনি বলেন, ‘আমি অসহায় গরিব মানুষ। সন্তানদের একটু শিক্ষিত করার জন্য সহযোগিতা চেয়ে উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়সহ এলাকার অনেক নেতার কাছে ধরনা দিয়েছি। সবাই আমাকে ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিয়েছেন।’ পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের সাবেক সভাপতি হাসানুজ্জামান জানান, উপজেলায় দেড় হাজার প্রতিবন্ধী রয়েছে। তিনি প্রতিবন্ধী ও তাঁদের সন্তানদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা নির্ধারণ, বিনা বেতনে লেখাপড়ার সুযোগ দান, খাদ্য-সহায়তা এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় সাহায্য দেওয়ার বিধান করার আহ্বান জানান। এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘প্রতিবন্ধীদের স্থায়ী উন্নয়নের লক্ষ্যে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলা রিভলবিং ফান্ড থেকে সহজ শর্তে ১২-১৪ লাখ টাকা ঋণ নিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়া হবে। এ তিনটি অটোরিকশা থেকে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা আয় হবে। এ টাকা দিয়ে প্রতিবন্ধীদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা কার্যালয় থেকে ১৫৪ জনকে ৩০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। জানতে চাইলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসনা দেবী চাকমা বলেন, ‘আমাদের দপ্তরের আওতায় যতটুকু সুযোগ-সুবিধা দেওয়ার বিধান রয়েছে, তা পুরোপুরি দেওয়া হচ্ছে।’