সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভবন করে দিল জেসিআই

সুবিধাবঞ্চিত শিশুদের থাকার জন্য নতুন একটি ভবন নির্মাণ করে দিয়েছে জুনিয়র চেম্বার চট্টগ্রাম (জেসিআই) কসমোপলিটন। ২৪ জুন চট্টগ্রামের আকবরশাহ এলাকায় অবস্থিত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার শিশুদের থাকার জন্য নির্মিত এই নতুন ভবন উদ্বোধন করা হয়।
এই প্রতিষ্ঠানে ১৮ জন আবাসিক ও ২২ জন অনাবাসিক শিশুর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটনের প্রকল্প হোপ-এর আওতায় শিশুদের আবাসনের এই ব্যবস্থা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি জসিম আহমেদ।
উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক কমিটির সহসভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি আহমেদ আশফাকুর রহমান, জেসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ, সাবেক সভাপতি শিহাব মালেক, নির্বাহী সহসভাপতি মো. গিয়াস উদ্দিন, মো. শফিউল আলম প্রমুখ।