সুবিধাবঞ্চিতরাই শিশুশ্রমিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউল হকের গায়ের রং শ্যামলা। পরনে পুরোনো সবুজ হাফশার্ট। চকচকে দাঁতের হাসিখুশি চেহারা সবার আগে নজর কাড়ে। বয়স হবে বড়জোর ১০-১১। সারাক্ষণ চায়ের কাপ-পিরিচ ধোয়া ও ফরমাশ খাটাই তার কাজ। অন্য কর্মীরা না থাকলে তাকে চা তৈরি করতে হয়। ক্রেতাদের কারও পছন্দ ঘন দুধের চা, কারও রং চা, কারও ‘মিডিয়াম রং কড়া’, কারও আবার ‘চিনি কম’! সব ধরনের চা তৈরির কৌশল ইতিমধ্যে রপ্ত করে ফেলেছে জিয়াউল। কথা বলার দুদণ্ড ফুরসত মেলে না তার। ক্রেতারা তার ‘মামা’ ডাকে আপ্লুত হন। নগরের চেরাগি মোড়ের একটি দোকানে গতকাল সকালে কথা হলো তার সঙ্গে। সে জানায়, বাড়ি ফটিকছড়ি। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তাকে কাজ করতে হয়। বেতন এক হাজার ২০০ টাকা। কাজ পেয়ে সে খুব খুশি। মাসে মাসে টাকা পেয়ে খুশি তার পরিবারও। জিয়াউল হকেরা সংখ্যায় অনেক। তাদের আলাদা পরিচিতি ‘শিশুশ্রমিক’। যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা সেই বয়সেই তাদের কাজ করতে হয়, উপার্জন করতে হয়। ঘরে-বাইরে তাদের দেখা মেলে। কেউ বেঁচে থাকার জন্য, কেউ পরিবারকে সহযোগিতা করার জন্যই মূলত কাজ করে। কাগজ, ভাঙা কাচ, শিশি-বোতল, প্লাস্টিক কুড়ানো, বাসাবাড়ি বা দোকানের সাধারণ কাজের পাশাপাশি অনেক শিশু বিভিন্ন টেম্পোচালকের সহযোগী, রাসায়নিক-দাহ্য পদার্থ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, ঝালাই কারখানায় ঝুঁকিপূর্ণ কাজ করছে। গত কয়েকদিন সরেজমিনে নগরের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) চিলড্রেন অ্যাকশন ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট (কেইস) প্রকল্পের আওতায় ২০০৯ সালে (জুলাই-আগস্ট) ৩০০ কর্মজীবী শিশুর ওপর জরিপ চালায়। তাদের কর্ম এলাকা ছিল নগরের পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া ও বকশিরহাট ওয়ার্ডের ৫৩টি কলোনি। বয়স ছিল আট থেকে ১৬ বছর। জরিপের ফলাফলে দেখা যায়, শিশুরা ১৭ ধরনের আয়মূলক কাজ করে। এর মধ্যে আছে—কাগজ ও অন্যান্য জিনিসপত্র কুড়ানো, মাছ বিক্রি ও আনা-নেওয়া, কাগজের ঠোঙা তৈরি, দোকান ও বাসাবাড়ির শ্রমিক, দিনমজুরি, কারিগরি কাজ, গ্যারেজের সহযোগী, ঝালাইয়ের কাজ, পোশাককারখানা, বেকারি, মোমবাতির কারখানার শ্রমিক ইত্যাদি। যেখানে ৩০ শতাংশ টোকাই এবং ১৮ শতাংশ মৎস্য শ্রমিক। এদের বেশির ভাগেরই কোনো নিয়োগকর্তা বা মালিক নেই। এর মধ্যে স্বাধীন পেশার (টোকাই ও ঠোঙা তৈরি) শিশুরা সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করে। পোশাককারখানার মেয়েরা ১১-১৪ ঘণ্টা, দোকান-বাসা-গ্যারেজের শিশুরা ১৫-১৮ ঘণ্টা কাজ করে। মাত্র ২৩ শতাংশ শিশু কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারে। এসব শিশুর মধ্যে যারা ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের আয়ও তুলনামূলক বেশি। একজন টোকাই ৫০-১০০ টাকা আয় করলেও ফিশারিঘাটে কাজ করে একজন শিশুশ্রমিক দৈনিক সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত আয় করতে পারে। কর্মজীবী কন্যাশিশুরা পোশাককারখানায় অতিরিক্ত কাজসহ মাসে তিন হাজার টাকা আয় করছে। এ ক্ষেত্রে বেশির ভাগ কন্যাশিশুর বয়স বাড়িয়ে দেখানো হয়। জরিপে দেখা যায়, কর্মজীবী শিশুর মধ্যে ৩৭ ভাগ বিদ্যালয় থেকে ঝরে পড়ে। ভর্তি হলেও বিদ্যালয়ে যায় না ১৯ ভাগ এবং অনিয়মিত যায় ২৬ ভাগ। মাত্র ১৯ ভাগ শিশু নিয়মিত বিদ্যালয়ে যায়, এদের বেশির ভাগই উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে থাকে—মূল শ্রোতধারার শিক্ষা থেকে বঞ্চিত। জরিপের ফলাফল প্রসঙ্গে বিবিএফের কর্মসূচি পরিচালক নাসরিন সুলতানা খানম বলেন, ‘ওই জরিপ পরিচালনা করাটা আমাদের জন্য বিরাট অভিজ্ঞতা। আমরা সরেজমিনে দেখেছি শিশুশ্রমিকদের দুরবস্থা। সুবিধাবঞ্চিত কন্যাশিশুরা পোশাককারখানায় চাকরির স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে। অবশ্য তারা নিজেদের উপার্জন স্বাধীনভাবে খরচ করতে পারে না, মা-বাবাকে দিয়ে দেয়। গরিব অভিভাবকেরা সংসারে সচ্ছলতার জন্য সন্তানদের বিদ্যালয়ের পরিবর্তে কাজে পাঠান। অবাক ব্যাপার হলো, ৮০ ভাগ শিশুই কর্মস্থল এবং আসা-যাওয়ার পথে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। সম্প্রতি আমাদের কর্ম এলাকায় দুইজন পোশাকশ্রমিক পাশবিক নির্যাতনে মারাও গেছে। কিশোরীরা বাড়িতেই নিরাপদ নয়, যখন তাদের মা-বাবা কর্মক্ষেত্রে থাকেন।’