সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি দেবে বেঙ্গল

প্রতিশ্রুতিশীল ও উদীয়মান শিল্পীদের অনুপ্রেরণা দিতে প্রয়াত শিল্পী ও শিল্প-সংগঠক সুবীর চৌধুরীর সম্মানে একটি বৃত্তি চালু করতে যাচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। বাংলাদেশে বসবাসকারী ৩৫ বছরের চেয়ে কমবয়সী সক্রিয় শিল্পীরা আবেদন করতে পারবেন ২ থেকে ৪ লাখ টাকা মূল্যমানের এই বৃত্তির জন্য। শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’ নামে বার্ষিক এই বৃত্তির ঘোষণা দেওয়া হবে।
শিল্পী সুবীর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীকে ঘিরে বেঙ্গল ফাউন্ডেশন বার্ষিক এই বৃত্তি প্রদানের ঘোষণা দিতে যাচ্ছে। ৩ জুলাই, ২০১৫ শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ আয়োজনে বক্তব্য রাখবেন বরেণ্য চিত্রকর অধ্যাপক রফিকুন নবী। সুবীর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করবেন খ্যাতনামা শিল্পী ফরিদা পারভীন।
প্রায় চার দশকের কর্মজীবনে বাংলাদেশে চারুকলা চর্চার বিস্তারে নবীনদের সৃজন এবং চারুশিল্পীদের জন্য দেশে ও বিদেশে নানা সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুবীর চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের সাবেক এই পরিচালক ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক। ২০১৪ সালের ৩০ জুন মারা যান শিল্পী সুবীর চৌধুরী। এই শিল্প সংগঠকের প্রতি শ্রদ্ধা জানাতেই বেঙ্গল ফাউন্ডেশন ‘সুবীর চৌধুরী প্র্যাকটিস গ্রান্ট’ বা ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’ নামে বার্ষিক এই বৃত্তির চালু করতে যাচ্ছে।
বৃত্তির জন্য আবেদন
বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে বসবাসকারী ৩৫ বছরের কম বয়সী প্রতিশ্রুতিশীল, সক্রিয় ও উদীয়মান শিল্পীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মূল্যমান ২ থেকে ৪ লাখ টাকা এবং তা ২০১৫/১৬ সময়কালের জন্য প্রদান করা হবে। যাচাই বাছাইয়ের পর এ বছর অক্টোবরে বৃত্তিপ্রাপ্ত শিল্পীর নাম ঘোষণা করা হবে। বৃত্তি লাভ করে শিল্পী যে শিল্পকর্ম তৈরি করবেন তা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রদর্শন করা হবে। বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র আর্টস প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরী জানিয়েছেন, শুক্রবার বিকেলের অনুষ্ঠানে এই বৃত্তির জন্য আবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ছাড়া আনুষ্ঠানিক ঘোষণার পর বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইটেও (http://www.bengalfoundation.org) এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।