সুভাষিণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুভাষিণী, নামটার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। এই নামের ভেতরেই তো লুকিয়ে আছে তার অপরূপ গুণ। কী তার কণ্ঠ! কী তার চোখের ভাষা; যেন ভোরের শিশিরে ধুয়ে যাওয়া শুভ্র কাঠ গোলাপের মায়ায় ভেজা একটা মুখ। সৌন্দর্য ও ভালো লাগার মাঝে এমন কোনো শব্দ নেই, যা কিনা সুভাষিণীর পাশে একটুও বেমানান বলে মনে হয়।মা ছাড়া আমার আর তেমন কেউ নেই। খুব ছোটবেলায় মায়ের কাছে শুনেছিলাম, আমার বয়স যখন দুই বছর, তখন বাবা মারা যান। কিন্তু পরে জানতে পারলাম যে আসলে তিনি মারা যাননি, তিনি হয়ে গিয়েছিলেন অন্য কারও, যা হয়তো আজ আর আমার বা আমাদের বলা যায় না।যদিও বাবা হয়ে গিয়েছিলেন অন্য কারও, কিন্তু আমার মায়ের কাছে তো থাকতেন একান্তই আপন একজন হয়ে। আর তাই তো মাঝেমধ্যে মা বাবার ছবি হাতে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতেন। দেখতাম, তখন মায়ের চোখ ধুয়ে যেত অশ্রুধারা। এই বৃষ্টিতে বাবার মন ভিজত কি না জানি না! কিন্তু মায়ের হাতে বাবার ছবিটা যে ভিজে যেত, এটা বুঝতে আমার বাকি থাকত না।অপরদিকে বাবা আর দাদি ছাড়া সুভাষিণীর কেউ ছিল না। সুভাষিণী যখন ‘মা’ শব্দের অর্থ ঠিকমতো জানে না, ঠিক তখনই তার মা সুভাষিণীকে একা করে চলে যায় কোনো অন্তহীন পথে, এক নাম না-জানা রোগের কারণে।এত মিল-অমিলের মাঝেও আমাদের এ দুই হূদয়ের মিল হতে খুব একটা দেরি হলো না।কোনো এক আগুন লাগা দুপুরে প্রথম দেখায় ভালো লাগল তাকে, এরপর হলো পরিচয়, তারপর আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম।এরপর অনেকটা পথ একসঙ্গে চলা, হাতে হাত রেখে একই পথের পথিক হয়ে ঠিক, যেন দুই হূদয় মিলে এক।কত রাত, কত সময় কথায় কথায় হতো পার ওই চাঁদকে সাক্ষী রেখে, জোছনার আলোয় জাগন দিয়ে করেছি রাতভর গল্প। শরতের আকাশটাকে সঙ্গে নিয়ে হারিয়ে যেতাম সাদা কাশফুলের বনে, দূর থেকে দূরে, মেঘ থেকে মেঘের খুব কাছে।বকুল আর শিউলি ফুল সুভাষিণীর কাছে ছিল অসম্ভব প্রিয়। জানার পর যতবার তাকে শিউলি আর বকুল ফুলের মালা দিয়েছি, ঠিক ততবারই দেখেছি, তার চোখেমুখে অপূর্ব এক খুশির রোশনাই। আমার ভালো লাগত তার মুখের এই দীপ্ত আভা। তাই তো আমি মাঝেমধ্যে খুব ভোরের শিউলি অথবা বকুল ফুলের মালা নিয়ে যেতাম সুভাষিণীর জানালার ধারে, আস্তে করে টোকা দিতাম জানালায়। কোঁকড়ানো এলোমেলো চুল, আর ঘুম ঘুম চোখ নিয়ে যদি জানালাটা খুলে দেখত, আমি দাঁড়িয়ে আছি বকুল ফুলের মালা হাতে, সে যে কী খুশি হতো আর তার ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসত বাঁকা চাঁদের মতো করে মিষ্টি একটা হাসি। তার এই হাসিই ছিল আমার জন্য সব। এই হাসির জন্যই তো আমি আসতাম বারে বারে ফুল নিয়ে, তার জানালার ধারে।খুব বেশি অভিমানী ছিল সুভাষিণী। যদি কখনো কোনো কারণে অভিমান করত, তবে সেই অভিমান ভাঙাতে আমার রাত-দিন এক করা লাগত। তখন আর কোনো শিউলি ফুল বা বকুল ফুলের মালায় কাজ হতো না, না কাজ হতো কোনো মিষ্টি কথায়। তবে একটা জিনিসই তার অভিমান ভাঙতে পারত, সে হলো আমার ভাঙা গলার গান আর কিছু ছন্দহারা কবিতা। আমি সৌভাগ্যবান ছিলাম। কারণ, আমার এই গান-কবিতা সুভাষিণীর কাছে ভালো লাগত। তার চেয়েও বেশি আমার ভালো লাগত, যখন সুভাষিণী অভিমান ভেঙে আমাকে এসে জড়িয়ে ধরত। এই স্পর্শে, অনুভবে যে কী অপরূপ অনুভূতি, যা হয়তো বলে বোঝানো যাবে না, কিন্তু অনুমান করা যাবে।কোনো এক চাঁদ পোড়ানো সন্ধ্যায় সুভাষিণী আমার হাতটা ধরে চোখে চোখ রেখে বলেছিল, আমিই তার সব। আমাকে ছাড়া সে থাকতে পারবে না। আমাকে একা করে রেখে চলে যাবে না কোনো দিন। আস্থা হয়ে আগলে রাখবে আমাকে তার শূন্য বুকে।এ কথা শোনার পর আমি তার চোখে দেখতে শুরু করলাম আমার ভবিষ্যৎ, রাঙাতে শুরু করলাম আমার পৃথিবী তার রঙে। স্বপ্নগুলো কেবল হাতের ছোঁয়ায় বুনতে শুরু করেছে বাসা, অন্ধকার বুকের খালি জায়গায়। কে জানত, স্বপ্ন দেখার অপরাধ হবে এত ভয়াবহ! এতটা নিষ্ঠুর!হঠাৎ করে আমার চেনা পৃথিবী অচেনা হতে শুরু করল, ঘোলাটে হতে শুরু করল আমার চোখের রং। চোখের ভেতরেই স্বপ্নগুলো হতে শুরু করল ফ্যাকাসে। সাগরে ঢেউয়ের মতো করে বুকের পাঁজরে লাগতে শুরু করল আঘাত। আমার স্মৃতির পাতাগুলো যেন ছিঁড়তে শুরু করল। আমি যেন আস্তে আস্তে হারালাম আমাকে।রাতটাকে কতবার করেছি ভোর, কবিতায় কবিতায়। বুকের ভেতর মাতাল করা সুরে গেয়েছি কতবার গান। ওই গিটারের তারে তারে।কই! এবার তো তুমি অভিমান ভেঙে ফিরে আসোনি, কাছে এসে আমার হাতটা ধরোনি। জানি, তুমি এখন বুকের ভেতর অভিমানের পাহাড় জমিয়ে আকাশ থেকে অন্য আকাশে।তবে কেন চোখে চোখ রেখে বলেছিলে, সেই কথা।নির্ঝর, ঢাকা