পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) ড্রপ সেন্টারে ( এখানে সুবিধাবঞ্চিত শিশুদের রাখা হয়) ঢুকতেই একদল শিশু-কিশোরের প্রাণখোলা কিচিরমিচির কানে আসে। তাদের দেখে বোঝার উপায় নেই, এরা সবাই পথশিশু। তাদের প্রত্যেকের ঠোঁটের কোণেই চিকচিকে হাসি, চঞ্চলতা আর সরলতার এক অদ্ভুত মিশেলে গড়া চোখগুলো, তাতে দিগন্তছোঁয়া স্বপ্ন উঁকি মেরে যায় যখন-তখন। তাদেরই একজন সুমন মিয়া। সুমনের বয়স যখন আট বছর, তখন ওকে কমলাপুর রেলস্টেশন থেকে নিয়ে আসা হয় এখানে। গল্পটা এর পর থেকেই শুরু। এই সেন্টারে ছন্নছাড়া পথশিশুদের নানা রকম সুবিধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নাচ, গান, ছবি আঁকা—বাদ থাকে না কিছুই। এমনই এক ছবি আঁকার সেশন চলাকালীন প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের নজর পড়ে সুমনের আঁকা ছবির দিকে। রং আর রেখার অপূর্ব কারুকাজে ছেলেটার আগ্রহ ও দক্ষতা দেখে মুগ্ধ হন তিনি। ধীরে ধীরে সুমনের প্রতিভা ড্রপ সেন্টারের সবার কানেই পৌঁছে যায়। কেউ কেউ তো রীতিমতো বায়না ধরে সুমনের কাছে, ‘ভাইয়া, আমাকে একটু ছবি আঁকা শিখিয়ে দাও না!’সেই শিশু সুমন এখন ১৬ বছর বয়সী কিশোর। ২ থেকে ৪ জুন জাতীয় জাদুঘরে সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয়েছিল এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। প্রদর্শনীতে মোট ৮০টি ছবি স্থান পায়, যার ২৯টি ছবিই সুমনের আঁকা। তিন দিনের এই প্রদর্শনীতে এক এক করে সুমনের সব ছবিই বিক্রি হয়ে যায়। পিএসটিসির একজন কর্মকর্তা জানান, বিক্রি হওয়া ছবিগুলোর সব টাকাই পাবে ছবির আঁকিয়ে। এতগুলো টাকা হাতে পাবে, ভেবে রেখেছ কী করবে? এই প্রশ্নের উত্তরে সুমন বলে, ‘সব মিলিয়ে ৫০ হাজার হলে ৩০ হাজার রাখব ব্যাংকে, ১০ হাজার দেব মাকে আর বাকি টাকা দিয়ে একটা লাল বাইসাইকেল ও রং কিনব।’ সুমনের কাছেই জানতে পারি তার দেশের বাড়ি সিলেট, সেখানে তার মা আর চার ভাইবোন থাকে। বাবা অনেক আগে থেকেই আলাদা সংসার করে থাকেন।সকাল থেকে সন্ধ্যা—কী করে সময় কাটাও? চটপট উত্তর, ‘পত্রিকা বেচি। যে খবরগুলোতে শিশুদের কথা লেখা থাকে, সেগুলো পড়ি। কোন গ্যালারিতে প্রদর্শনী চলছে, জানতে পারলেই ছুটে যাই। ছবি আঁকতে আমার যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগে ছবি দেখতে।’ এক ফাঁকে সুমন মিয়া আমাদের জানিয়ে দেয়, সে স্বপ্ন দেখে বড় হয়ে চিত্রশিল্পী হওয়ার।সুমনের প্রশিক্ষক শাহ আলমের কাছে জানতে চাইলাম, তাঁর শিক্ষার্থী কেমন মনোযোগী? তিনি বলেন, ‘সুমন ভীষণ চটপটে, ওর শেখার আগ্রহটা অন্যদের তুলনায় বেশি। একদিন আমাকে বলল, “স্যার, পরের প্রদর্শনী মিলিয়ে যদি আমি এক লাখ টাকা জমাতে পারি, তাহলে সিলেটে একটা জায়গা কিনব, মায়ের জন্য বাড়ি বানাব।”’এবার ফেরার পালা। বের হতে গিয়ে চোখ পড়ে, দেয়ালে টাঙানো সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতির দিকে, পাশে তারই লেখা কবিতার দুটি চরণ: ‘মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের দিকে/ মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে...’