সুমিত্রা মহাজন : লোকসভার দ্বিতীয় নারী স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমিত্রা মহাজন
সুমিত্রা মহাজন

ভারতের পার্লামেন্ট লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য সুমিত্রা মহাজন। গত ৮ জুন তিনি ১৬তম লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব বুঝে নেন। মীরা কুমারের পর সুমিত্রা মহাজন হলেন ভারতের দ্বিতীয় নারী স্পিকার।
লোকসভার মধ্যপ্রদেশের ইন্দোর আসন থেকে আটবার সাংসদ নির্বাচিত হয়েছেন সুমিত্রা। ১৯৮৯ সাল থেকে ধারাবাহিকভাবে সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। এখন পর্যন্ত তিনিই একমাত্র নারী রাজনীতিক, যিনি কোনো লোকসভা নির্বাচনে পরাজিত হননি।
সুমিত্রা ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের পেট্রোলিয়াম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯, ৯১, ৯৬, ৯৮, ৯৯, ২০০৪, ২০০৯ ও ২০১৪ নির্বাচনে বিজয়ী সুমিত্রার জন্ম ১৯৪৩ সালে মহারাষ্ট্রের চিপলুন শহরে। তিনি ইন্দোর বিশ্ববিদ্যালয় (বর্তমানে দেবী অহিল্যা বিশ্ববিদ্যালয়) থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ব্যক্তিগত জীবনে বই পড়া, গান শোনা, সিনেমা দেখা ইত্যাদি পছন্দ করেন সুমিত্রা। তাঁর স্বামী জয়ন্ত মহাজনও ছিলেন ইন্দোর থেকে নির্বাচিত সংসদ সদস্য।
রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনগণের সেবা করতে কাজ করে যাচ্ছেন সুমিত্রা মহাজন। এখন সংসদে স্পিকারের আসনে বসে এ কাজকে আরও এগিয়ে নিতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: উইকিপিডিয়া, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইম