সুযোগ চাই ইলিশ হব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আঁকা: রাজীব
আঁকা: রাজীব

খবর: গত বছরের অক্টোবরে জানা যায়, ইলিশ থেকে স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। ইলিশ সংরক্ষণের এই প্রযুক্তি বিশ্বে প্রথম বলে দাবি করেছেন তাঁরা। ইলিশের স্যুপ ও নুডলস তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পর এবার তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হলো। ৬ মার্চ বিকেলে রাজধানীর মৎস্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রযুক্তি হস্তান্তর করা হয়। (সূত্র: প্রথম আলো, ৬ মার্চ ২০১৮)

খবরটি পৌঁছে গেছে সারা দেশে। ইলিশের আবাসস্থল নদীগুলোতেও ভাসছে খবরটি। এরই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এক সমাবেশের আয়োজন করে অবিভক্ত ইলিশ-সমাজ। সেই সমাবেশ থেকে ফিরে প্রতিবেদন করলেন নূর সিদ্দিকী

ইলিশ মাছের স্যুপ ও নুডলস বাজারে আসছে, এমন খবরে ইলিশ-সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্যুপ ও নুডলসে সত্যিই ইলিশ ব্যবহার করা হবে, নাকি শুধু ফ্লেভার, তা নিয়েও তৈরি হয়েছে সন্দেহ। স্যুপ ও নুডলসের নামে ইলিশ-সমাজের ভাবমূর্তি নষ্টেরও আশঙ্কা করা হচ্ছে। তবে অনেকেই নতুন এই পণ্যের পক্ষেও কথা বলেছেন।

সমাবেশের শুরুতেই বক্তব্য দেন জাটকা দলের কয়েকজন নেতা। তাঁদের একজন বলেন, ‘আপনারা মুরব্বি, আপনাদের দিয়ে যদি সত্যিই স্যুপ ও নুডলস তৈরি করা হয়, সেটা সম্মানজনকও হতে পারে। কিন্তু মানুষের লোভের কোনো শেষ নেই। স্যুপ ও নুডলস একটু জনপ্রিয় হলেই ওরা যে আমাদের ব্যবহার করবে না, তার নিশ্চয়তা কী?’

আবেগঘন কণ্ঠে জাটকা দলের এই নেতা আরও বলেন, ‘মানব সমাজে দুধের স্বাদ ঘোলে মেটানোর চরিত্র বিদ্যমান। তা ছাড়া পরস্পরকে বোকা বানাতেও ওরা পটু। জাটকার স্যুপ-নুডলসকে ইলিশের বলে চালাতে পারে ওরা। আমি আমার বন্ধুদের ইলিশ না হওয়া পর্যন্ত আত্মগোপনে থাকার পরামর্শ দিচ্ছি।’

সমাবেশ চলাকালে ডিম ফুটে সদ্য বের হওয়া কিছু পোনা ইলিশ জাটকার কথার সমর্থনে বারবার স্লোগান দিচ্ছিল মিহি গলায়। তাদের স্লোগানের ভাষা ছিল, ‘যারা ধরবে জাটকা, ওই ব্যাটাদের আটকা’, ‘সুযোগ চাই ইলিশ হব’ ইত্যাদি।

জাটকা দলের আরেক নেতা বলেন, ‘আমাদের পোনা ভাইবোনদের স্লোগান শুনে বুকটা হু হু করে উঠছে। আমি তিনবার মানুষের জাল থেকে ফসকে বের হয়েছি বলেই আজ এখানে কথা বলতে পারছি। কিন্তু কয়টা ইলিশ পারে আমার মতো? যাক, আসল কথা হলো, এখন যারা নুডলস আর স্যুপ বানানোর কথা ভাবছে, তারা যে কদিন পর ইলিশের ডিমের স্যুপ-নুডলস বানানোর ফন্দি করবে না, তা কে বলবে? ডিমসহ মায়েদের ধরে নিতে যাদের বাধে না, তারা কতটা নিষ্ঠুর একবার ভাবুন!’

ইলিশ-সমাজের সমন্বয়ক বলেন, ‘বিষয়টা নিয়ে নিরুদ্বেগ থাকার কোনো কারণ নেই। আমি দিব্যচোখে দেখতে পাচ্ছি, মানুষের লোভী হাত আমাদের দিকে এগিয়ে আসছে।’

সমন্বয়ক আরও বলেন, ‘এই মানুষ কদিন পর পুঁটি মাছের স্যুপ-নুডলস বানিয়ে ইলিশের নামে বিক্রি করবে। ওরা ভেড়া আর মহিষের মাংস বিক্রি করে ছাগল আর গরুর কথা বলে।’

সমাবেশের সভাপতি বলেন, ‘ভাই-বোন-বন্ধুরা, তেলে ভাজি হওয়ার চেয়ে স্যুপ হওয়া ভালো, পানিতে তো থাকতে পারব। কিন্তু এখানেও ভয়, লোভী মানুষেরা পানির পরিমাণ বাড়িয়ে দিলে স্যুপের স্বাদ নষ্ট হবে, সম্মান যাবে আমাদের।’

তবে নুডলসের খবরে সভাপতির উদ্বেগ আরও বেশি। তিনি বলেন, ‘নুডলস একটা প্যাঁচযুক্ত জিনিস। আমাদের মনে মানুষের মতো কোনো প্যাঁচ নাই, রাজনীতি নাই, হিংসা-বিভেদ নাই, আমরা জলের মতোই সরল জীবন যাপন করছি। তবে কেন আমাদের দিয়ে প্যাঁচ তৈরি করা হবে?’

সমাবেশে আসা এক তরুণ ইলিশ বলেন, ‘মানুষ দরকার হলে মশা দিয়ে আচার বানানো নিয়ে গবেষণা করুক। দয়া করে আমাদের গিনিপিগ বানাবেন না।’

তবে পয়লা বৈশাখে ইলিশের স্যুপ ও নুডলস দিয়ে উদ্‌যাপন করা হলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে সভাপতি বলেন, ‘বাঙালি হুজুগে, সবই খায় সুযোগে।’