সুযোগ থাকলে নারী সব করতে পারে: আয়শা খানম

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমাগত নারীকে পিছিয়ে থাকতে বাধ্য করে। তবে সব জায়গায় নারীর পদচারণা আজ প্রমাণ করে সুযোগ থাকলে নারী সব করতে পারে।
আয়শা খানম বলেন, নারী-পুরুষে সমতার লড়াই যুগের পর যুগ ধরে চলছে। যত দিন পর্যন্ত নারী-পুরুষে সমতা অর্জন না হবে তত দিন নারী আন্দোলন এই লড়াই চালিয়ে যাবে।
আন্তর্জাতিক নারী দিবস গতকাল মঙ্গলবার থাকলেও দিবসটি উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার কাছে বটতলায় ছবি ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের উদ্বোধনীতে আয়শা খানম এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মোহাম্মদ শাইখ ইমতিয়াজ অনুষ্ঠানে জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের পোস্টার, বিভিন্ন কর্মসূচির ছবি, জাতীয় ও আন্তর্জাতিক নারী নেত্রীদের ছবি প্রদর্শনী করা হয়। বিজ্ঞপ্তি