অতিথিদের সঙ্গে বিজয়ীদের ছবি তোলার পালা। একে একে মঞ্চে উঠছেন কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা, সারিবদ্ধভাবে দাঁড়ালেন অতিথিদের পেছনে। কিন্তু একজনকে তো দেখাই যাচ্ছে না! খুদে বিজয়ীকে পেছন থেকে সামনে নিয়ে এসে কোলে তুলে নিলেন নুসরাত ইকবাল, আদর করলেন। সেই বিজয়ী আপন দাশ জামাল খান সড়কের এজি চার্চ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। কুইজের পুরস্কার জিতে তার চোখে বিশ্বকাপ জেতার আনন্দ। ক্যামেরার লেজার রশ্মির আলো যেন ম্লান হয়ে গেল শিশুটির বিশ্বজয়ের হাসিতে। আর যাঁরা পুরস্কার জেতেননি? হ্যাঁ, তাঁরাও শামিল হয়েছেন বিশ্বকাপের আনন্দে সুর ছন্দে। গত মঙ্গলবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হয়ে গেল আলোকিত-আরামিট প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন আরামিট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, প্রয়াত ফুটবলার ইকবাল খানের স্ত্রী ও জাতীয় ক্রিকেট তারকা তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খান। বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও আরামিটের নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল। অনুষ্ঠান উপস্থাপনা করেন কামরুল হাসান। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে এবার কুইজ প্রতিযোগিতার স্পনসর ছিল আরামিট গ্রুপ। এতে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলছে, ভালো করেছে বিশ্বকাপে। ফুটবলেও এমন সাফল্য অর্জনে সচেষ্ট হতে হবে সবাইকে।’ অনুষ্ঠানের শুরুতে দর্শকদের সঙ্গে বিশ্বকাপের গল্প জুড়ে দেন বিশ্বজিৎ চৌধুরী। ক্রিকেটের ক্যাচ, ফুটবলের গোল আর প্রেম নিয়ে তাঁর সরস কথায় যখন দর্শকেরা মুগ্ধ তখন সুরে সুরে মুগ্ধতার আবেশ ছড়াতে মঞ্চে আসেন লুবনা। ‘আমার মাঝে এখন নেই আমি’ দিয়ে শুরু। ‘মধু মালতী ডাকে’ ও ‘ওরে সাম্পানওয়ালা’ গেয়ে শুরুতেই আসর জমিয়ে দেন তিনি। এরপর নৃত্যের ছন্দ। ‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’, ‘চাই না মেয়ে’ গানের সঙ্গে নেচে দর্শকদের মনে দোলা দিয়ে যান অনন্য বড়ুয়া ও তাঁর দল। শেষে শাকিরার বিশ্বমাতানো গান, ‘সামিনা... ওয়াকা’র তালে তালে নেচে তাঁরা নাচালেন দর্শকদেরও। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রথম পর্বের বিজয়ীরা হলেন আমজাদ হোসেন, রাহুল সেন ও সালমান খান। দ্বিতীয় পর্বের সেরা তিন বিজয়ী গিয়াস উদ্দিন, আপন দাশ ও আবদুল মান্নান। শেষ পর্বের সেরা তিনজন সমীর ভট্টাচার্য, তাজুল ইসলাম ও হোসনে আরা বেগম। তাঁরা জিতেছেন প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় ফ্রিজ ও তৃতীয় রঙিন টেলিভিশন। উপস্থাপক কাঠুরিয়া ও আলাদিনের চেরাগের গল্প বললেন। কিন্তু যাঁকে মঞ্চে ডাকলেন তিনি কাঠুরিয়া নন। নন আলাদিনও। তিনি ক্লোজআপ-ওয়ান তারকা কিশোর। কিশোরের উদ্দেশে উপস্থাপকের প্রশ্ন— ‘আপনি যখন বৃদ্ধ হবেন তখনো কি আপনাকে কিশোর নামে ডাকতে হবে?’ কিশোরের পাল্টা প্রশ্ন, ‘কুমার বিশ্বজিৎ যদি বিয়ে করেও কুমার থাকতে পারেন, আমি কেন কিশোর থাকব না?’ ‘রূপসাগরে ঝলক মারিয়া’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ও ‘দিন যায় কথা থাকে’ গেয়ে কিশোর বুঝিয়ে দিলেন দিনে দিনে গানের রাজকুমার হয়ে উঠছেন। ফাঁকে একটি তথ্য জানিয়ে দিলেন—‘ আমি কিন্তু ঢাকা থেকে আলোকিত-আরামিট বিশ্বকাপ কুইজে অংশ নিয়েছি। আপনারা দোয়া করেন আমিও যেন পুরস্কার পাই।’ এবার সেই চেনা হাসিতে মঞ্চে এলেন প্রেমসুন্দর বৈষ্ণব, সঙ্গে সুস্মিতা। আঞ্চলিক গানের জনপ্রিয় এই জুটি প্রথমেই গাইলেন, ‘বানুরে...।’ দর্শকসারি থেকে একের পর এক অনুরোধ এল ‘বাইক্যা টেঁয়া’ গাওয়ার জন্য। নিরাশ করলেন না তাঁরা। ‘টেউক্কার মা, বাইক্যা টেয়া দে’ গেয়ে কথায় কথায় সবাইকে মাতিয়ে বিদায় নিচ্ছিলেন তাঁরা। কিন্তু দর্শকেরা তাঁকে ছাড়লেন না। অনুরোধে গাইলেন, ‘আঁর বউরে আঁই কিলাইয়ম।’ শেষ হলো মনোমুগ্ধকর এক আয়োজন—সুর-ছন্দে বিশ্বকাপের আনন্দে মাতা দর্শকেরা বাড়ির পথ ধরলেন।