সুর তরঙ্গে বান ডেকেছিল বর্ষার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার গানে সুর তরঙ্গে বান ডেকেছিল চট্টগ্রাম প্রেসক্লাবে। মধ্য আষাঢ়ের বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রিয় শিল্পী শ্রেয়সী রায়, আলাউদ্দিন তাহের ও মুনমুন চৌধুরীর কণ্ঠে বর্ষার গানে হূদয় ভিজে গিয়েছিল সাংবাদিক এবং অন্য অতিথিদের। প্রেসক্লাবের আয়োজনে বর্ষার গানের এক মনে রাখার মতো অনুষ্ঠান হয় ২ জুলাই ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’। সন্ধ্যা সাতটা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত তিনজন শিল্পী একের পর এক গেয়ে গেলেন রবিঠাকুর, নজরুল আর মেঘজলের আবহমাখা বর্ষার শাশ্বত কিছু গান। আর সেই গানের সুরের নেশায় শ্রোতারাও দুই ঘণ্টা বুঁদ ছিলেন। গানে মজে যাওয়ার আগে অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আবু সুফিয়ান। তিনি কথা দিলেন এমন আয়োজন শুধু বর্ষায় নয়, সামনে সব ঋতুতেই হবে। আয়েশা হকের আবৃত্তি আর অসাধারণ উপস্থাপনা গানের আসরটিকে দিয়েছিল অন্য রকম এক মাত্রা। বর্ষার সন্ধ্যায় বাংলা গানের অশেষ ভান্ডার থেকে সেরা কিছু বর্ষার গান বেছে নিয়েছিলেন তিন শিল্পী। শ্রেয়সী রায়ের ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘এ কি গভীর বাণী’, ‘তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি’, ‘আমি কী গান গাব যে’, মুমুন চৌধুরীর ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’, ‘আষাঢ় শ্রাবণ মানে না যে মন’, এবং আলাউদ্দিন তাহেরের ‘বাদল হাওয়া যেন ঝড়’, ‘আজ এই বৃষ্টির কান্না’ দর্শকের মনে সুরের আবেশ ছড়িয়ে দেয়। বাইরে প্রকৃতই বৃষ্টি আর সুরে সুরে তারই প্রতিফলন ঘটলো দর্শক-শ্রোতার হূদয়ে। সন্ধ্যা পেরিয়ে রাত নামে। চলে যেতে গিয়েও শ্রেয়সী রায়ের গান শুনে আবার বসে পড়লেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত। তিনি বললেন তাঁর মুগ্ধতার কথা, ‘বাইরের প্রকৃতি, ঝিরিঝিরি বৃষ্টি প্রেসক্লাবের ইটের দালানের এ চার দেয়ালের ভেতরও অনুভব করতে পেরেছি শিল্পীদের গানের মধ্য দিয়ে।’ এমন অনুষ্ঠানে গান করতে পেরে শিল্পীরাও সন্তুষ্ট। আলাউদ্দিন তাহের তো বলেই ফেললেন, ‘এতগুলো মিডিয়ার মানুষের সামনে গান করতে পেরে আমার খুব ভাল লাগছে।’ তবে প্রেসক্লাবের ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’-এর এই আয়োজনের সবখানে কিন্তু বৃষ্টির আবহ ছিল না। ফাঁকে কয়েকজন বর্ষার অনুষঙ্গ ছাড়া অন্য গানও গেয়ে দিলেন। সব মিলিয়ে গান শেষে অপেক্ষা করছিল মজার একটি ঘোষণা। সাধারণ সম্পাদক রাশেদ রউফ বললেন, ‘আপনাদের জন্য সামান্য নৈশভোজের আয়োজন রয়েছে।’