সুরভিত সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতেজ থাকতে গোসল করুন প্রতিদিন। ছবি: নকশা
সতেজ থাকতে গোসল করুন প্রতিদিন। ছবি: নকশা
রোদে ঘেমে একাকার! সেই থেকে তৈরি হয় গায়ের দুর্গন্ধ। না চাইলেও সম্মুখীন হতে হয় বিব্রতকর পরিস্থিতির। বাজারে সুগন্ধির অভাব নেই। তবে সেগুলো রাসায়নিকযুক্ত। ঘ্রাণও দীর্ঘস্থায়ী হয় না। সারা দিন সুরভিত থাকতে প্রাকৃতিক টোটকা হতে পারে আদর্শ। হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা ও হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানালেন হাতের নাগালেই পাওয়া যায় এমন সব উপাদান দিয়েই প্রাকৃতিক উপায়ে কীভাবে সুরভিত থাকা যায়।


নিমপাতা

এই আবহাওয়ায় যেহেতু খুব ঘাম হচ্ছে সেহেতু এমন কিছু দরকার যাতে ঘাম হবে না এবং সতেজও থাকা যাবে। সে ক্ষেত্রে নিমপাতা এক অনন্য প্রাকৃতিক উপাদান। এক লিটার পানিতে ৩ মুঠ নিমপাতা ১০-২০ মিনিট জ্বাল দিন। নিমপাতার সবুজ নির্যাসটি বেরিয়ে এলে তা গোসলের পানির সঙ্গে মিশিয়ে গোসল করে নিন।

অডিকোলন

এক বালতি পানিতে ৭-৮ ফোঁটা অডিকোলন মিশিয়েও গোসল করতে পারেন। সুরভিত ও সতেজ থাকার জন্য এটা একধরনের প্রাকৃতিক টোনার। ওষুধের দোকানগুলোতে অডিকোলন পেতে পারেন।

গ্লিসারিন ও গন্ধরাজ লেবু

এই মিশ্রণটি গোসলের পর ব্যবহার করতে হবে। এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে ৩ টেবিল চামচ পানি ও ১ চা-চামচ গন্ধরাজ লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নিন। শরীরের যেসব জায়গায় ঘাম হয় সেসব জায়গায় লাগিয়ে রাখলে সারা দিন সুরভিত থাকা যায়।

মুলতানি মাটি ও চন্দন

বাইরে যাওয়ার সময় মুলতানি মাটির সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে পাফের সাহায্যে ত্বকে ব্যবহার করলে ত্বক সারা বেলা থাকবে স্নিগ্ধ ও সতেজ। সৌরভও হয় দীর্ঘস্থায়ী।

ল্যাভেন্ডার ও স্যান্ডেল অ্যাসেন্সিয়াল অয়েল

শ্যাম্পুর সঙ্গে ল্যাভেন্ডার ও স্যান্ডেল অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে চুল ধুয়ে নিলে সারা দিন চুলে বেশ ভালো একটা সুঘ্রাণ আসবে।

আমলকী, মেথি ও শিকাকাই

এই তিনটি উপকরণ এক টেবিল চামচ করে নিয়ে একসঙ্গে এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর সকালে এগুলোর পেস্ট তৈরি করে নিন। এরপর এই পেস্টটি চুলে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এতে করেও চুল প্রাকৃতিকভাবে সুরভিত থাকবে।

বেলি ও গাঁদা ফুল

এখন বেলি ফুলের সময়! বেলি ফুল খুব ভালোভাবে পেস্ট করে তাতে চালের গুঁড়া, স্যান্ডেল অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে শরীরে লাগিয়ে গোসল করার সময় ঘষে ধুয়ে ফেলুন। এতে করে শরীর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বইতে থাকবে। সপ্তাহে একদিন এই প্যাকটি লাগাতে পারেন। যখন গাঁদা ফুলের সময় হয়, তখন গাঁদা ফুল দিয়ে এই প্যাকটি বানিয়ে ব্যবহার করতে পারেন।

বরিক পাউডার ও মুলতানি মাটি

বিশেষ করে যাঁরা বন্ধ ধরনের জুতা পরেন তাঁদের জন্য এটি বেশ কার্যকর। প্রথমে পা ভালো করে ধুয়ে শুকনোভাবে মুছে নিতে হবে। এরপর বরিক পাউডার ও মুলতানি মাটির মিশ্রণ পায়ে লাগিয়ে জুতা বা মোজা পরে নিলে পায়ে আর দুর্গন্ধ হবে না।

দুধ ও মধু

গুঁড়ো দুধের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে তা গায়ে লাগিয়ে গোসল করার সময় প্যাকটি ঘষে তুলে ফেলুন। দুধের প্রাকৃতিক যে ঘ্রাণ রয়েছে তা আপনার শরীরকে সুরভিত রাখার সঙ্গে সঙ্গে সতেজতাও এনে দেবে। এ ছাড়াও এই প্যাকটি রোদে পোড়াভাব এবং যেকোনো ধরনের দাগও দূর করবে।

চায়ের লিকার

চায়ের লিকার জ্বাল দিয়ে এক কাপ পরিমাণ করে নিন। দুই মগ পানিতে মিশিয়ে সেই পানিটা একেবারে শেষে চুলে দিতে হবে। এতে করে চুল যে শুধু সুরভিতই থাকবে তা নয়, বরং চুলের উজ্জ্বলতা বাড়াবে ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এখন আবহাওয়ার কারণে মাথার ত্বক ঘেমে যায়। চুল থেকে লবণ বের হয় এবং চুল রুক্ষ হয়ে যায়। ঝরঝরে ভাব আনতে তাই চায়ের লিকার ব্যবহার করা যেতে পারে।

মেথির পানি

মেথি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেললেও চুল বেশ সুবাসিত হয়। এ ছাড়া চুলকে ঝরঝরে ও উজ্জ্বল রাখে এই মেথির পানি।

সন্ধ্যা ও স্টার

আগের দিনে যখন সুগন্ধি ছিল না, তখন বিয়ের সময় কনেকে হলুদ ও সন্ধ্যা বেটে গায়ে দেওয়া হতো। এই ঔষধি বা গাছড়ার দারুণ একটি ঘ্রাণ রয়েছে। এ রকম আরেকটি সুগন্ধিযুক্ত গাছড়া হলো স্টার যা মসলা হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এগুলো পানিতে জ্বাল দিয়ে আধা ঘণ্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। নির্যাস বেরিয়ে এলে তা গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

লেবুপাতা ও লেমন গ্রাস

এই পাতাগুলোর নির্যাস তৈরি করে তা গোসলের পানিতে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে করে শরীরে সতেজতা ও সুঘ্রাণ আসে এবং ফুসকুড়ি, ব্রণ, ফাঙ্গাল ইনফেকশনও দূর করে। লেমন গ্রাসে এক ধরনের অ্যাসেনশিয়াল অয়েল রয়েছে যা সব ধরনের ত্বকের জন্য খুবই ভালো।


মনে রাখা ভালো

■ গরমের সময় সাধারণত দিনে দুবার গোসল করা উচিত।

■ সাবানের বদলে প্রাকৃতিক স্ক্রাবার ব্যবহার করাই ভালো। এর মধ্যে চালের গুঁড়া ও মধু দিয়ে তৈরি স্ক্রাবটি সব ধরনের ত্বকের সঙ্গে মানিয়ে যায়।

■ শরীরে প্রোটিনের পরিমাণ বেড়ে গেলে ঘামাচি, পুঁজ বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে সমপরিমাণ পুদিনাপাতা, নিমপাতা ও তুলসিপাতা পানিতে জ্বাল দিয়ে সেই পানি দিয়ে গোসল করলে এই সমস্যাটি এড়ানো সম্ভব।

■ সুঘ্রাণ মানসিক অস্থিরতা দূর করে মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সুরভিত থাকুন সব সময়।