সুরমূর্ছনায় মাতাল দরিয়ানগর
দরিয়ানগর উন্মাতাল হলো সংগীতের সুরে। যেমন তেমন সুর নয় একেবারে শাস্ত্রীয়সংগীত। কখনো পটদীপ রাগ, কখনো বন্দেশ সহযোগে ইমন রাগে বিলম্বিত একতাল, ত্রিতাল আবার কখনো ভূপালি রাগে খেয়াল। তবলা, হারমোনিয়াম, তানপুরার সুর ছাপিয়ে ওঠা ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর ভরাট কণ্ঠের জাদুকরী গান শুনতে শ্রোতা-দর্শকেরা জড়ো হয়েছিলেন। শুধু গান আর সুরের খেলা নয়, ছিল সুন্দর কথামালাও। কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে এ উপলক্ষে বসেছিল সুরপ্রেমীদের মিলনমেলা। ৮ এপ্রিল সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ, কক্সবাজার শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রথমেই ছিল মানস দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদা খানম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুফিদুল আলম।প্রধান অতিথি বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে দরকার সুন্দর মনের মানুষ। আর আমাদের উচ্চাঙ্গসংগীত তথা শুদ্ধ সংগীতই পারে মননশীল মানুষ গড়তে। এ জন্যই উচ্চাঙ্গসংগীতের ব্যাপক প্রচার ও প্রসার বর্তমানে খুবই প্রয়োজন।’ স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক কল্যাণ পাল।অনুষ্ঠানে কক্সবাজারের তিন সংগীতগুণী—ওস্তাদ স ম আবু বকর ছিদ্দিকী, প্রসাদ ভট্টাচার্য্য ও অনিল বরণ দেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। তাঁদের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন শিল্পী আব্দুস শুক্কুর, পংকজ বৈদ্য ও কবি কামরুল হাসান।কথামালা ও শ্রদ্ধানিবেদন শেষে শুরু হয় সুরের জলসা। শুরুতে পটদীপ রাগে সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সদারঙ্গের কেন্দ্রীয় ও কক্সবাজার শাখার শিল্পীরা। তবলায় ছিলেন রাজিব চক্রবর্তী। সুরের মায়াজাল শেষ হতে না হতেই একক পরিবেশনা নিয়ে আসেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। তিনি প্রথমে ‘সজন মোরা আইয়ে, ফুলনসে অঙ্গন সাজাও’ বন্দেশ সহযোগে ইমন রাগে বিলম্বিত একতাল ও পরে ‘এরি আলি পিয়া বিনা সখি’ বন্দেশ সহযোগে ত্রিতাল মধ্যলয়ে খেয়াল পরিবেশন করেন। ইমনের বিস্তার অংশে সুরবিহার ও তান সারগামে ততক্ষণে শ্রোতারা মগ্ন। এরপর তিনি মধ্যলয় ত্রিতালে ‘যবসে তুমসন লাগলি’ বন্দেশটিতে শুরু করেন ভূপালি রাগে খেয়াল। হূদয়স্পর্শী অপূর্ব সুরমাধুর্য ও লয়কারী হয়েছিল ভীষণ উপভোগ্য। রাত বেশি হওয়ায় শিল্পী মঞ্চ থেকে বিদায় নিতে গেলে শ্রোতাদের অনুরোধে আবারও শুরু করেন ঠুমরী ‘নিশি জেগে ঘুমায় সে’। এরপর পাহাড়ি ঠুমরী ‘পিয়া বিন্ জিয়াবিতে যায় সজনিয়া’ গেয়ে অনুষ্ঠান শেষ করেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন ঢাকা বেতারের শিল্পী সবুজ আহমেদ। হারমোনিয়ামে লিটন দাশ, তানপুরায় কনকচাঁপা কায়স্থগীর ও পূর্ণতা ভট্টাচার্য ছিলেন স্বচ্ছন্দ। উপস্থাপনায় ছিলেন প্রতিভা দাশ।