সুরসাধক এম এন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে কজন সুরসাধকের হাত ধরে চট্টগ্রামের আঞ্চলিক গান আজ দেশ ছাড়িয়ে সারা বিশ্বে সমাদৃত, এম এন আখতার তাঁদের অন্যতম। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, ছড়াকার, নাট্যকার, বংশীবাদক, কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও লেখক। আজ ১৮ এপ্রিল এই মহান সুরসাধকের প্রথম মৃত্যুবার্ষিকী।শিল্পী এম এন আখতার চট্টগ্রাম জেলার রাউজান থানার মোহাম্মদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৩১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন।একজন শুল্ক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও সংগীত, নাটক ও লেখালেখির চর্চা থেকে তিনি কখনো নিজেকে বিরত রাখেননি। পরবর্তী সময়ে ১৯৮৭ সালে চাকরি থেকে অবসর নিয়ে তিনি নিজেকে পুরোপুরি সংগীতসাধনায় নিয়োজিত করেন। তাঁর লেখা ও সুরে গান গেয়ে খ্যাতিমান হয়েছেন চট্টগ্রামসহ দেশের অনেক গুণী শিল্পী। তাঁর লেখা ও সুরে গান গেয়েছেন আপেল মাহমুদ, সুবির নন্দী, সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব প্রমুখ জনপ্রিয় শিল্পী।এম এন আখতারের লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম/ বকশির হাইট্টা পানর খিলি তারে বানাই খাওয়াইতাম’, ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোঁয়ারে, ‘বাছুরে...জি, আঁই যাইয়্যুম চাডিয়া শরত/ তোঁয়ার লাই আইন্নম কি’ ইত্যাদি গান চট্টগ্রাম ছাড়িয়ে সারা দেশেই জনপ্রিয়। নাটকের মধ্যে চুড়িওয়ালা, নাতিন জামাই, কানের ফুল, বৈশাখী মেলা ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। তার মধ্যে ৩০ দিনে ৩০ ঘণ্টায় গান শিখুন, করুণার বাণী পাঠক সমাদৃত হয়েছে।সংগীতে অসামান্য অবদানের জন্য বেঁচে থাকতেই অনেক প্রতিষ্ঠান, সংস্থা ও সমিতি তাঁকে সম্মাননা দিয়েছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনি থেকেছেন অন্ধকারে। বর্তমানে তাঁর শত শত ভক্ত অনুরক্ত আশা করেন দেরিতে হলেও সরকার এম এন আখতারকে রাষ্ট্রীয় পদকে সম্মানিত করবে।